শনিবার দিবাগত রাতে যিনি আমাদের ছেড়ে চিরতরে চলে গেলেন, তিনি ছিলেন এ দেশের সেরা সন্তানদের একজন। যদিও তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর এবং বেশ কিছু সময় ধরে তিনি আর কর্মক্ষম ছিলেন না, তবুও অধ্যাপক সরদার ফজলুল করিমের জীবনাবসান অত্যন্ত বেদনার, তাঁর শূন্যতা অপূরণীয়। আমরা আন্তরিকভাবে কামনা করি, তাঁর আত্মা শান্তি লাভ করুক।
এ দেশের রাজনৈতিক সংগ্রাম ও মননশীলতার অঙ্গনে তাঁর অবদান অনেক। রাজনৈতিক সংগ্রামের প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে চলে গেছেন আন্ডারগ্রাউন্ডে, গ্রেপ্তার হয়েছেন বারবার; একাধিক মেয়াদে কারান্তরালে কেটে গেছে তাঁর জীবনের প্রায় ১১ বছর। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন কারারুদ্ধ অবস্থায়। সেই তিনিই গভীর মনোযোগে পাঠ করেছেন দর্শন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান; বাংলায় অনুবাদ করেছেন প্লেটো, অ্যারিস্টটল, রুশো, ফ্রেডরিখ অ্যাঙ্গেলস প্রমুখের ধ্রুপিদ গ্রন্থাবলি। তিনি রচনা করেছেন দর্শনের আকরগ্রন্থ দর্শনকোষ, লিখেছেন অনেক মননশীল নিবন্ধ-প্রবন্ধ। এভাবে, ব্যক্তিনাগরিকের রাজনৈতিক সচেতনতা ও সক্রিয়তার সঙ্গে জ্ঞানচর্চা ও মননশীলতার এক অপূর্ব মেলবন্ধন ছিল সরদার ফজলুল করিমের জীবন। এটি একটি বিরল-ব্যতিক্রমী বিষয়: বাংলাদেশে রাজনীতি ও জ্ঞানচর্চার অবস্থান যেন দুই বিপরীত মেরুতে। এই বিবেচনায় সরদার ফজলুল করিমের ব্যক্তিত্ব আমাদের আদর্শ।
বন্ধুবৎসল ও সদালাপী সরদার ফজলুল করিমের সততা ও চারিত্রিক দৃঢ়তা ছিল কিংবদিন্ততুল্য। বাংলা একাডেিমর অনুবাদক–গবেষক ও পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তাঁর জীবন ছিল অত্যন্ত সাদাসিধে ও অনাড়ম্বর। কিন্তু তাঁর অন্তর্জগৎ ছিল প্রাচুর্যময়; তাঁর জ্ঞানপিপাসা ছিল অগাধ এবং উত্তরপ্রজন্মের মধ্যে সেই জ্ঞান বিতরণেও তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান। তিনি শিক্ষক হিসেবে ছিলেন অত্যন্ত জনপ্রিয়, কিন্তু শুধু শ্রেণিকক্ষে পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ ছিল না তাঁর জ্ঞান বিতরণ। তিনি তরুণ-যুবকদের বিভিন্ন পাঠচক্রেও নিয়মিত অংশ নিতেন, তাঁদের উৎসাহিত করতেন বইপড়াসহ বিভিন্ন মননশীল ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রতি।
সরদার ফজলুল করিমের রচিত ও অনূদিত বইগুলো আমাদের অমূল্য জাতীয় সম্পদ। তবে তাঁর থেকেও অমূল্য ও প্রেরণাময় তাঁর যাপিত জীবন।