বিদায় গার্সিয়া মার্কেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ শতকের দ্বিতীয়ার্ধের মহত্তম কথাশিল্পীদের অন্যতম গাব্রিয়েল গার্সিয়া মার্কেস চিরবিদায় নিলেন ৮৭ বছর বয়সে। জন্মসূত্রে তিনি ছিলেন দক্ষিণ আমেরিকার ছোট্ট দেশ কলম্বিয়ার নাগরিক, কিন্তু তাঁর রচিত সাহিত্যে বিম্বিত হয়েছে ওই পুরো মহাদেশের জীবন। আরও বৃহত্তর অর্থে, সারা জীবন ধরে তিনি তাঁর গল্প-উপন্যাসে রচনা করে গেছেন মানবিক দলিল, যা দেশকাল ছাপিয়ে অর্জন করেছে চিরায়ত মাত্রা। তাঁর প্রয়াণে যে ক্ষতি হলো, তা শুধু স্প্যানিশ সাহিত্যের নয়, সমগ্র বিশ্বসাহিত্যের।
গত শতকের দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ইউরোপ-আমেরিকান উপন্যাস যখন ক্ষয়িষ্ণু, তখন লাতিন আমেরিকায় অন্তত আধা ডজন কথাসাহিত্যিকের হাতে রচিত হচ্ছিল বিষয়বস্তু ও প্রকরণশৈলীর দিক থেকে ইউরোপীয় উপন্যাসের থেকে আলাদা ও নতুন উপন্যাস। ‘লাতিন আমেরিকান উপন্যাস’ বিশ্বসাহিত্যে বিশেষ আগ্রহ ও আলোচনার বিষয় হয়ে ওঠে যেসব কথাসাহিত্যিকের কল্যাণে, গাব্রিয়েল গার্সিয়া মার্কেস তাঁদের মধ্যে অগ্রগণ্য। তাঁর লেখা উপন্যাস হানড্রেড ইয়ার্স অব সলিচিউড (১৯৬৭) লাতিন আমেরিকান সাহিত্যে নতুন জোয়ার সৃষ্টি করে; মূল স্প্যানিশ ও অনূদিত অন্যান্য ভাষায় প্রকাশিত উপন্যাসটি এ পর্যন্ত বিক্রি হয়েছে আড়াই কোটির বেশি। এ উপন্যাস তাঁকে এনে দেয় নোবেল পুরস্কার। একই সঙ্গে ধ্রুপদি মান ও বিপুল জনপ্রিয়তা অর্জনের এমন দৃষ্টান্ত বিশ্বসাহিত্যে বিরল। রাজনীতি-সচেতন ও সামাজিকভাবে সংবেদনশীল এই কথাশিল্পী লেখকজীবনের শুরুর দিকে কিছু সময় সাংবাদিকতা করেছেন, পরের দিকে সাময়িকপত্রের মালিকও হয়েছিলেন। তাঁর আগ্রহ ছিল চলচ্চিত্র ও টিভিমাধ্যমের প্রতিও।
‘ম্যাজিক রিয়ালিজম’ বা জাদু বাস্তবতা নামে একধরনের সাহিত্যিক কথনশৈলীর সঙ্গে মার্কেসের নাম উচ্চারিত হয়, যদিও পুরো লাতিন আমেরিকান কথাসাহিত্যের ক্ষেত্রেই এটা প্রয়োগ করা যায়। ঔপনিবেশিক অতীত ও নয়া ঔপনিবেশিক সমকালীন বাস্তবতায় দক্ষিণ আমেরিকার মানুষের জীবনের যে ছবি মার্কেস এঁকেছেন, তা সরল বাস্তবের সীমা ছাড়িয়ে হয়ে উঠেছে অতিবাস্তব, জাদুময় বাস্তব, যার উপাদান তিনি খুঁজে পেয়েছেন লাতিন আমেরিকার লোকায়ত সংস্কৃতির মধ্যে।
কথাশিল্পী মার্কেস বাংলাদেশেও বেশ শ্রদ্ধেয়। তাঁর হানড্রেড ইয়ার্স অব সলিচিউডসহ একাধিক উপন্যাস ও অনেক গল্প বাংলায় অনূদিত হয়েছে। এ দেশের কথাসাহিত্যিকদের ওপর তাঁর কিছু প্রভাবও লক্ষণীয়। লাতিন আমেরিকান মানুষের জীবনের রূপকার হিসেবে তাঁকে আমাদেরও অত্যন্ত আপন বলে মনে হয়। তাঁর সৃষ্টি আমাদের প্রেরণা জোগাবে, তাঁর স্মৃতি চিরঞ্জীব হোক।