বিদেশি অনুদান গ্রহণে অধিকতর নিয়ন্ত্রণ আরোপে সরকারি উদ্যোগকে আমরা নীতিগতভাবে সমর্থন করি৷ তবে গত সোমবার মন্ত্রিসভায় প্রস্তাবিত আইনের যে খসড়াটি অনুমোদিত হয়েছে, তাতে কিছু বিধান সম্পর্কে স্বেচ্ছাসেবী সংস্থা ও এনজিওগুলোর তরফে যুক্তিসংগত কারণে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলে প্রতীয়মান হয়৷ অবশ্য আরও অনেক আইনের মতো নয়, এই আইনের খসড়া প্রণয়নে সরকার অংশীজনদের সঙ্গে আলোচনায় বসেছিল৷ তাদের মতামতকে গুরুত্বও দিয়েছে৷ কিন্তু চূড়ান্ত খসড়াটি, যেটি অনুমোদিত হলো, সেটি নিয়ে তাদের সঙ্গে বসার কাজটি বাকি থাকে৷ তাই আইনটি পাস করার আগে এটা যে নেওয়া হবে, তা পরিষ্কার করা উচিত৷ এই আইনের অংশীজন হিসেবে বিদেশি রাষ্ট্র, বিশেষ করে বাংলাদেশের অনেক উন্নয়ন অংশীদার এবং দাতাগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্টতা থাকতে পারে৷ তাদের কোনো উদ্বেগ থাকলে তা বিবেচনায় নিতে হবে৷
রাজনৈতিক দল, সাংসদ, স্থানীয় সরকারের জনপ্রতিনিধি, সুপ্রিম কোর্টের বিচারপতিসহ সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের কেন এই আইনভুক্ত করতে হলো, তা স্পষ্ট নয়৷ এর ফলে যেন প্রজাতন্ত্রের কর্মরতদের সঙ্গে স্বেচ্ছাসেবী সংস্থা ও এনজিওকে এক করে দেখার চেষ্টা করা হয়েছে৷ অথচ সেটা হওয়ার নয়৷ বহু ক্ষেত্রে সরকার ও এনজিও একই ধরনের বিদেশি অনুদাননির্ভর প্রকল্প বাস্তবায়ন করতে পারে৷ কিন্তু তা সত্ত্বেও মানবাধিকার পরিস্থিতির মতো এমন অনেক ক্ষেত্র রয়েছে, যেখানে সরকারের সঙ্গে বিদেশি অনুদাননির্ভর এনজিওর বৈধ স্বার্থের সংঘাত থাকতে পারে৷ সে ক্ষেত্রে সরকারকে তার আইন প্রণয়নের প্রক্রিয়ায় এটা পরিষ্কার করতে হবে, তারা বিদেশি অনুদান গ্রহণে যে ধরনের কড়াকড়ি আরোপের চেষ্টা করছে, তার উদ্দেশ্য তাদের স্বাধীন কার্যক্রমের বিঘ্ন ঘটানো বা অহেতুক জটিলতা বাড়ানো নয়৷
বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা ইতিমধ্যেই খসড়া আইনটির কিছু বিধান নিয়ে প্রশ্ন তুলেছেন৷ ব্যাখ্যা দাবি করেছেন৷ তাঁদের উদ্বেগ অগ্রাহ্য করার মতো নয়৷ এটা পাসে তাড়াহুড়ো কাম্য নয়৷ অনেক সময় একটি উত্তম আইন প্রণয়নের উদ্দেশ্য অদক্ষ ও অনভিজ্ঞ খসড়া প্রণয়নকারীদের কারণেও ব্যাহত হতে পারে৷ আমরা আশা করব, প্রস্তাবিত আইনটি সংসদে তোলার আগেই যথেষ্ট সময় নিয়ে অংশীজনদের সঙ্গে পর্যাপ্ত আলাপ-আলোচনার উদ্যোগ গ্রহণে সরকার কার্পণ্য করবে না৷