বিদেশে অর্থ ও সম্পদ পাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত শনিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সঙ্গে প্রাক্-বাজেট আলোচনায় ৫ জানুয়ারির পর বিদেশি বিনিয়োগকারীরা ফিরে আসছেন বলে যে তথ্য দিয়েছেন, তা দেশবাসীকে খুব একটা অাশ্বস্ত করবে বলে মনে হয় না৷ প্রথমত, বিনিয়োগের আবশ্যকীয় পূর্বশর্ত আমলাতান্ত্রিক জটিলতা নিরসন, অবকাঠামোগত উন্নয়ন, তথা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ সম্পর্কে তিনি নিশ্চয়তা দিতে পারেননি৷ সে ক্ষেত্রে প্রত্যািশত বিদেশি বিনিয়োগ অাসার লক্ষণ দেখছি না৷ দ্বিতীয়ত, বর্তমানে যে রাজনৈতিক স্থিতি আছে বলে মন্ত্রী দাবি করেছেন, তার স্থায়িত্ব নিয়ে জনমনে যথেষ্ট প্রশ্ন আছে৷
আলোচনায় অর্থমন্ত্রী বলেছেন, এটা পরিষ্কার নয় যে কেন দেশীয় বিনিয়োগকারীরা দেশে বিনিয়োগ না করে মালয়েশিয়া, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাতে বাড়ি কেনার পাশাপাশি অন্য খাতে বিনিয়োগ করছেন৷ তাঁর কণ্ঠে বিস্ময় ও হতাশা লক্ষ করা গেছে৷ তবে এ ক্ষেত্রে অর্থমন্ত্রীর প্রথম ও প্রধান কর্তব্য হলো কারণ অনুসন্ধানের পাশাপাশি দেশের সম্পদ পাচার হওয়ার ফাঁকফোকরগুলো বন্ধ করা৷ অতীতের কথা বাদ দিলেও তাঁর মেয়াদকালে কী পরিমাণ অর্থ ও সম্পদ বিদেশে পাচার হয়েছে, সেই হিসাব জানার অধিকার নিশ্চয়ই জনগণের আছে৷

গত সরকারের পুরো আমলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমানের পাচার করা অর্থ দেশে ফেরত আনার বিষয়ে সরকার রাজনৈতিক প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহারে যতটা উৎসাহী ছিল, অর্থ পাচার রোধে ততটাই নিষ্ক্রিয়তা লক্ষ করা গেছে৷ অর্থমন্ত্রী নিজেই যখন স্বীকার করছেন, দেশের ধনবানেরা বিদেশে বাড়ি করার পাশাপাশি অন্য খাতেও বিনিয়োগ করছেন, তখন তিনি তা রোধ করার কার্যকর উদ্যোগ নিচ্ছেন না কেন? দেশীয় বিনিয়োগকারীরা দেশে বিনিয়োগ করতে আগ্রহী না হলে বিদেশিরা ভরসা পাবেন কেন?
আমাদের অর্থমন্ত্রী যখন দেশীয় বিনিয়োগকারীদের বিনিয়োগ না পেয়ে অসহায়ত্ব প্রকাশ করছেন, তখন পাকিস্তানের লাহোর হাইকোর্ট সেই দেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রেসিডেন্টসহ ৬৪ জন রাজনীতিকের নামে কারণ দর্শাও নোটিশ জারি করেছেন বিদেশে গচ্ছিত সম্পদ দেশে ফিরিয়ে আনাসংক্রান্ত একটি রিটের জবাবে৷ বাংলাদেশে এ রকম একটি রিট হলে জানা যেত, কতজন রাজনীতিক-ব্যবসায়ীর বিদেশে কী পরিমাণ সম্পদ আছে৷
বাংলাদেশ থেকে যেসব ব্যক্তি অবৈধ পথে অর্থ ও সম্পদ পাচার করেছেন, তা ফেরত আনা সময়সাপেক্ষ, স্বীকার করি৷ কিন্তু তাঁদের নাম-ধাম ও পাচার করা অর্থের পরিমাণ প্রকাশ করতে বাধা কোথায়? দেশে অর্থ ও সম্পদ পাচারবিরোধী কঠোর আইন থাকলেও তার কার্যকারিতা নেই৷ এসব আইন কার্যকর থাকলে রাজনৈতিক তস্কর, অসাধু ব্যবসায়ী ও সুযোগসন্ধানী আমলারা দেশকে ছোবড়া বানিয়ে বিদেশে অর্থ পাচারে লিপ্ত হতে পারতেন না৷

অতএব, বিদেশে পাচার করা সমুদয় অর্থ ফেরত আনার উদ্দেশ্যে আইনের যথাযথ প্রয়োগ যেমন জরুরি, তেমিন দেশে বিনিয়োগের অনুকূল ও অভয় পরিবেশ নিশ্চিত করাও সরকারের দায়িত্ব বলে মনে করি৷