কানাডা বা অস্ট্রেলিয়ার তুলনায় বাংলাদেশে কাঠের তৈরি আসবাবের দাম কম৷ তাই বাংলাদেশি কোম্পানি হাতিল ওই দুই দেশে তাদের শোরুম খুলেছে৷ এগুলো বিদেশে দেশীয় কারখানার শাখা অফিস হিসেবে কাজ করছে৷ এ রকম আরও কিছু শিল্পোদ্যোক্তা বিদেশে শোরুম খুলে তাঁদের পণ্যের বাজার আন্তর্জাতিক পরিসরে বিস্তৃত করার উদ্যোগ নিয়েছেন৷ যেমন, এভেন্টিস শ্রীলঙ্কায় অফিস খুলেছে৷ কিছু শিল্পোদ্যোক্তা বিদেশে বিনিয়োগের অনুমতি চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদনও করেছে৷
নিয়ম অনুযায়ী, যেকোনো কোম্পানি তাদের রপ্তানি বাড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে বিদেশে তাদের শাখা অফিস খুলতে পারে৷ এ জন্য বছরে ৩০ হাজার ডলার পর্যন্ত তারা নিতে পারে৷ এর বাইরে রপ্তানি আয়ের নিজস্ব অংশ বা রিটেনশন থেকে কিছু ডলারও সেখানে ব্যয় করতে পারে৷ এর ফলে বিদেশে তাদের পণ্য রপ্তানি বাড়ার সম্ভাবনা থাকে৷ তাদের রপ্তানি আয় দেশের বৈদেশিক মুদ্রাভান্ডারে জমা হয়৷ এভাবে দেশের অর্থনীতির ভিত্তি শক্তিশালী হওয়ার সুযোগ বাড়ে৷
বাংলাদেশের রিজার্ভ এখন যথেষ্ট৷ তাই যদি যাচাই–বাছাই করে কিছু বৈদেশিক মুদ্রা বিনিয়োগ করে বহুমুখী পণ্যের রপ্তানি বৃদ্ধি করা যায়, তাহলে দেশের অর্থনীতির জন্য তা মঙ্গলজনক হবে৷
বিদেশে বাংলাদেশের বেত ও বঁাশের তৈরি কারুশিল্পের বিপুল চাহিদা রয়েছে৷ জাপান, ইউরোপ ও আমেরিকার ক্রেতারা এসব পণ্যের সন্ধান পেলে লুফে নেবেন৷ আমাদের দেশের শিল্পোদ্যোক্তারা উদ্যোগ নিলে রপ্তানির একটি বড় দিগন্ত উন্মোচিত হবে৷
আমাদের দেশে বিদেশি বিনিয়োগকারীরা এসে নানা হয়রানির শিকার হয়ে ফিরে যান বলে অভিযোগ রয়েছে৷ অবশ্য আমাদের গ্যাস-বিদ্যুৎ-যাতায়াতব্যবস্থাসহ অবকাঠামোগত সমস্যা রয়েছে৷ কিন্তু এর ওপর যখন জমি কেনা ও অন্যান্য অনুমতির জন্য আমলাদের টেবিলে টেবিলে ঘুরতে হয়, তখন তাঁদের বিনিয়োগের উৎসাহ আর থাকে না৷ এগুলো অবশ্যই দূর করতে হবে৷
পাশাপাশি বিদেশে আমাদের উদ্যোক্তারা যদি শাখা অফিস খুলে বাংলাদেশের পণ্যের বাজার সৃষ্টির উদ্যোগ বাড়ান, তাহলে দেশে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করাও সহজ হবে৷ কারণ, তারা দেখবে, বাংলাদেশের শিল্পপতিরা মানসম্পন্ন পণ্য উৎপাদন করছেন৷ দেশের ব্যক্তি খাত এ অনাস্বাদিতপূর্ব ক্ষেত্রে পা ফেলে এগিয়ে যাক৷ বিশ্ববাজারে বাংলাদেশি ব্র্যান্ডের উপস্থিতি জোরদার হোক৷