৯ মার্চ প্রথম আলোয় কামরুন্নাহারের চিঠিটি আমার দৃষ্টি আকর্ষণ করেছে। ‘ইব্রাহিমপুর সালাউদ্দিন শিক্ষালয়, ১৩৮১, শেওড়াপাড়া, কাফরুল, ঢাকা’ স্কুলটি ইব্রাহিমপুর, শেওড়াপাড়া ও কাফরুলের মিলনস্থলে অবস্থিত। ১০ শতাংশ জমির ওপর একটি কিন্ডারগার্টেন স্কুল আশির দশকে গড়ে তোলা হয়েছিল। আবাসিক চারটি প্লটবেষ্টিত হওয়ায় হাইস্কুলের প্রয়োজন অনুসারে এটিকে ছয় কাঠার বাইরে সম্প্রসারণের কোনো সুযোগ নেই। শিফট পরিবর্তনের সময় ছাত্রছাত্রীদের আবাসীদের বাড়ির সামনে সংকীর্ণ রাস্তায় অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে হয়। সামনের একমাত্র খালি প্লটটিকে মাঠ হিসেবে ব্যবহার করা শুরু হয়।
স্কুলের লাগোয়া পশ্চিম পাশে প্রায় শত একর সরকারি জমি পতিত অবস্থায় পড়ে আছে। ওই জমি থেকে অন্তত এক বিঘা জমি স্কুলটির জন্য দেওয়া যেতে পারে। অথবা খাসজমিতে সম্প্রসারণের সুবিধা আছে বিধায় স্কুলটি পাশের ওই জমিতে সরিয়ে নিয়ে এমপিওভুক্ত স্কুলের আদলে সম্প্রসারিত করা যায়। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
খায়রুন্নাহার, ইব্রাহিমপুর, ঢাকা।