বিদ্যুতের বাড়তি দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাম বাড়ানোর প্রভাব শুধু বাড়িঘরে বিদ্যুৎ ব্যবহারের মাসিক বিল বেড়ে যাওয়া নয়, বাংলাদেশের নিম্নবিত্ত জনগণের জন্য এই বাড়তি বিদ্যুৎ বিল গোনা একটি চাপ বটে। কিন্তু এর প্রভাবে যে প্রায় সব ধরনের পণ্যই কিনতে হবে বেশি দামে, সেই চাপটি জনগণ সামলাবে কীভাবে? এর ফলে উৎপাদন খরচ যেমন বাড়বে, তেমনি যে দোকানে তা বিক্রি হবে, তারাও দাম বাড়াবে।
এটা ঠিক যে বিদ্যুৎ উৎপাদনে যে খরচ হচ্ছে, সরকার তার চেয়ে কম দামে জনগণের কাছে বিক্রি করছে। এই খাতে যে পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে, তা সরকারের জন্য বড় চাপ। কিন্তু এ ধরনের চাপ যাতে সরকারকে দীর্ঘদিন বইতে না হয়, সে জন্য যথাযথ যে কর্মপরিকল্পনা ও নীতি প্রয়োজন, সেটা কোথায়? যথাযথ নীতির অভাব ও দুর্নীতির কারণে বিদ্যুৎ খাতের অবস্থা গত জোট সরকারের শেষ সময়ে শোচনীয় হয়ে পড়েছিল। চাহিদার সঙ্গে উৎপাদনের বিস্তর ফারাক ছিল। এখন পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, কিন্তু যে পদ্ধতিতে এটি সামাল দেওয়া হয়েছে, তা দীর্ঘমেয়াদি কোনো পথ নয়। ফলে বিদ্যুৎ উৎপাদনে বেশি খরচের চাপ সরকার ও জনগণ দুই পক্ষকেই নিতে হচ্ছে।
বিদ্যুৎ উৎপাদন একটি জটিল ও সময়সাপেক্ষ ব্যাপার। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের যে পথ নেওয়া হয়েছিল, সে সময়ে তার হয়তো বিকল্প ছিল না। কিন্তু অসম্ভব ব্যয়বহুল এই বিদ্যুৎ উৎপাদন দীর্ঘমেয়াদি সমাধান হতে পারে না। এটা প্রত্যাশিত ছিল যে এই ব্যবস্থায় স্বল্প মেয়াদে বিদ্যুতের ঘাটতি কিছুটা মেটানো হবে এবং দীর্ঘ মেয়াদে বড় বড় বিদ্যুৎকেন্দ্র নির্মাণ এবং কম মূল্যে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হবে।
কিন্তু দেখা যাচ্ছে, সরকার দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভরতা কমাতে পারছে না এবং সেখান থেকে বাণিজ্যিক ভিত্তিতে বেশি দামে বিদ্যুৎ কিনতে বাধ্য হচ্ছে। বিদ্যুতের দাম বাড়িয়ে এখন সেটা সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে। মাঝে সরকার যথেষ্ট সময় পেয়েছে কিন্তু বড় বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও তেলের পরিবর্তে গ্যাস বা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অগ্রগতি অর্জন করতে পারেনি। এটা করা গেলে বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন পড়ত না। এর পেছনে দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগকারীদের কারসাজি, দুর্নীতি ও ভাগ-বাঁটোয়ারার অভিযোগও রয়েছে।
যথাযথ নীতির অভাবে বিদ্যুৎ উৎপাদনে বহুমুখী জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে অগ্রগতিও খুব সামান্য। আমরা দেখছি যে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার আরও তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের দিকেই এগোচ্ছে। অথচ আমাদের প্রয়োজন
এ ধরনের ব্যয়বহুল এই বিদ্যুৎ উৎপাদনের পরিবর্তে গ্যাস বা কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের দিকে যাওয়া। বিদ্যুৎ নিয়ে সরকারের নানা পরিকল্পনার মধ্যে যে সমস্যা রয়েছে, সেটা দূর করতে না পারলে এই খাত দেশের অর্থনীতির জন্য বড় বোঝা হয়ে দাঁড়াবে।