ভোলা জেলাকে এক যুগ আগেই পল্লী বিদ্যুতের আওতায় আনা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই আছি। দুই বছর ধরে শুনছি, ভোলার উৎপাদিত গ্যাস দিয়েই পুরো জেলার চাহিদা মিটিয়েও বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযোজন করা হবে। ভোলায় ৩৪ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। কিন্তু জেলা সদরসহ সাতটি উপজেলাই অন্ধকারে থেকে যাচ্ছে। তা হলে আমাদের গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন করে কোথায় দেওয়া হচ্ছে ৩৪ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ?
সম্প্রতি বাণিজ্যমন্ত্রী ভোলা জেলায় গ্যাসভিত্তিক বিদ্যুতের সঞ্চালন লাইন উদ্বোধন করেছেন। উদ্বোধনের প্রায় এক মাস পার হতে চলেছে, বিদ্যুতের দেখা পাচ্ছি না। দৈনিক দু–তিন ঘণ্টা যা বিদ্যুৎ পাই, তাও লো-ভোল্টেজ। এ বিদ্যুৎ নাকি পটুয়াখালী থেকে দেওয়া হয়।
তাহলে আমাদের জিজ্ঞাসা, ৩৪ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ যে উদ্বোধন করা হয়েছে, তা গেল কোথায়? দ্বীপ জেলার ১২ লাখ মানুষের সঙ্গে কেনই বা এ ধরনের লুকোচুরি খেলা হচ্ছে? বিদ্যুৎ বিল দিতে হবে ঠিকমতো, না হলে কর্তন। কবে নাগাদ আমরা বিদ্যুৎ সমস্যা থেকে মুক্তি পাব?
ইমন ও তুহিন হাওলাদার
লালমোহন পৌরসভা, ভোলা।