বিদ্যুৎ কবে পাব?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৫ নম্বর ইউনিয়নে ‘পাতাবিলা’ নামক একটি বড় গ্রাম রয়েছে। এই গ্রামে বিদ্যুৎ এসেছে ২০০২ সালে। সে সময় এই গ্রামের পূর্বপাড়ার (খন্দকারপাড়া) ৮ থেকে ১০টি ঘর এর আওতার বাইরে চলে যায়। দীর্ঘ ১২ বছর পেরিয়ে গেল এ বাড়িগুলোতে আজও বিদ্যুতের আলো জ্বলল না। সারা এলাকায় বিদ্যুৎ আছে, কিন্তু খন্দকারপাড়ায় বিদ্যুৎ নেই, দেখতে যেমন খারাপ লাগে, শুনতে আরও বেশি খারাপ লাগে।
বর্তমানে বিদ্যুতের প্রয়োজনীয়তা ভাষায় প্রকাশ করে শেষ করা যায় না। বিদ্যুৎ না থাকায় ছেলেমেয়েদের ঘরে বসে প্রচণ্ড গরমে লেখাপড়া করতে খুব কষ্ট হয়। লাইট-মোবাইল চার্জ দিতে পরের বাড়ি যেতে হয়। এতে অনেক সময় তাদের রাগও আমাদের দেখতে হয়। এভাবে আর কত বছর সামান্য মোবাইলে চার্জ, লাইটে চার্জ ও টেলিভিশন দেখতে গিয়ে মানুষের চোখ গরম দেখব?
সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, বিদ্যুতের জন্য আমার মহল্লার লোকজন খুব কষ্ট পাচ্ছে। তাই যত দ্রুত সম্ভব আমাদের মহল্লায় বিদ্যুতের ব্যবস্থা করে দিলে আমরা চিরকৃতজ্ঞ থাকব। এ ব্যাপারে আপনার সামান্য সুনজর আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে।
এ ছাড়া বর্তমান সরকার তো বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছে। তাই এই সরকারের কাছে সামান্য বিদ্যুতের চাওয়া কি খুব বেশি চাওয়া?
মাসুম বিল্লাহ
কালীগঞ্জ, ঝিনাইদহ।