খুলনার রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও প্রাসঙ্গিক লংমার্চ এবং বিদ্যুৎকেন্দ্র উদ্ভূত ক্ষতিকর রাসায়নিক প্রতিক্রিয়া নিয়ে বর্তমান বাংলাদেশ আন্দোলিত। লংমার্চে গণমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বোঝা গেল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনাটি গণমানুষের স্বার্থবিরোধী। এটি দেশের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যহীনতার অন্যতম মুখ্য কারণ হতে বসেছে। পৃথিবীর সুন্দরতম ম্যানগ্রোভ বন বন্য প্রাণী, বনজ গাছপালা, প্রাকৃতিক সম্পদে ভরপুর। দক্ষিণ-পূর্ব উপকূলীয় এই বনভূমি দেশের অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ, যা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বাঘ, হরিণ, কুমির, সাপ, বানরসহ নানা প্রজাতির পাখির অভয়ারণ্য সুন্দরবন; এ মুহূর্তে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সিদ্ধান্তের কারণে বিলুপ্তির প্রহর গুনছে।
সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্যের শীর্ষে দেখার জন্য যে দেশের মানুষ কিছুদিন আগেও ভোট চেয়েছিল বিশ্বের সর্বত্র, সেই দেশে
আবার এটিকে ধ্বংস করার মতো আত্মঘাতী সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যা রীতিমতো উদ্বেগের। এর আগেও দিনাজপুরের কয়লা উত্তোলন, সুনেত্র গ্যাসক্ষেত্রের গ্যাস উত্তোলন-প্রক্রিয়া, টিপাইমুখের বাঁধ নির্মাণের মতো সিদ্ধান্ত দেশে-বিদেশে সমালোচিত হয়েছিল। আন্দোলনও হয়েছে।
আজকের প্রেক্ষাপটে রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়টি কার্যকরের মাধ্যমে মুনাফা লাভের দিকটির প্রাধান্য বজায় থাকবে, এতে করে দেশের প্রাকৃতিক সম্পদ ধ্বংসই হবে। আশা করি, সদাশয় গণতান্ত্রিক সরকার এ রকম সিদ্ধান্ত থেকে সরে আসবে।
মোহাম্মদ শহীদুল্লাহ
শ্যামগঞ্জ বাজার, ময়মনসিংহ।