বিপিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ দেশের ক্রীড়ামোদী দর্শকদের মধ্যে এক নতুন উন্মাদনার সৃষ্টি করেছে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমী দর্শকেরা অত্যন্ত আগ্রহের সঙ্গে অপেক্ষা করে থাকে বিপিএলের খেলা উপভোগ করার জন্য, প্রিয় দলকে সমর্থন দেওয়ার জন্য। কিন্তু অতিসম্প্রতি বাংলাদেশের কিছুসংখ্যক ক্রিকেটারের বিরুদ্ধে বিপিএল টুর্নামেন্টে ম্যাচ পাতানোর এবং স্পট ফিক্সিংয়ের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনা দেশের ক্রীড়ামোদী সাধারণ মানুষকে বিস্মিত, দুঃখিত ও  ক্ষুব্ধ করেছে।

  বাংলাদেশের ক্রিকেটারদের খেলায় সাফল্য অর্জনের জন্য অতীতে বিভিন্ন সময় ফ্ল্যাট, গাড়ি, অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে। এ ছাড়া ক্রিকেটারদের বেতন বৃদ্ধি, বোনাস ইত্যাদি সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। ক্লাবগুলো থেকেও ক্রিকেটাররা বর্তমানে যথেষ্ট আর্থিক সুবিধা পাচ্ছেন। তার পরও লোভের বশবর্তী হয়ে ঘুষ নিয়ে ম্যাচ পাতানো, স্পট ফিক্সিংয়ের মতো জঘন্য অপরাধকর্মে জড়িত হওয়ার বিষয়টি চরম অন্যায়।

কোনো খেলার ভেতরে যখন টাকার অবৈধ লেনদেন ঢুকে পড়ে, তখন সেটি আর খেলা থাকে না। এটি হয়ে পড়ে জুয়া। বিপিএলের নাম করে প্রকারান্তরে জুয়ার আসরের প্রদর্শনী হয়েছিল, তা আর ভবিষ্যতে আমরা দেখতে চাই না। নিরপেক্ষভাবে তদন্ত সম্পূর্ণ শেষ করে ঘটনার সঙ্গে জড়িত সব দোষী ব্যক্তিকে অতি দ্রুত কঠোর শাস্তি প্রদানের ব্যবস্থা করতে হবে।

উজ্জ্বল দাস পোদ্দার

ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা।