বিমানকর্মীর মাস্তানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তা ও কর্মচারীদের দৌরাত্ম্য এমন পর্যায়ে পৌঁছেছে যে তাঁদের হাতে বিমান তো বটেই, সাধারণ যাত্রীরাও নিরাপদ নন৷ গত মঙ্গলবার মালয়েশিয়াগামী নারী যাত্রী তাঁর বোনসহ টিকিট কনফার্ম করতে বিমানের মতিঝিল অফিসে গেলে সংস্থাটির কর্মীরা তাঁকে পিটিয়ে রক্তাক্ত করেন৷ ওই যাত্রী একজন ক্যানসার রোগী এবং মালয়েশিয়ায় চিকিৎসকের সঙ্গে তাঁর অ্যাপয়েন্টমেন্ট ছিল ওই দিনই৷
ওই নারী যাত্রীর কাছে বিমানের কর্মীরা টিকিটপ্রতি ১৪ হাজার টাকা অতিরিক্ত দাবি করলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এর পর এ নিয়ে দুই পক্ষের বাদানুবাদের একপর্যায়ে বিমানের বাণিজ্যিক সহকারী হািফজুর রহমান তাঁর মাথায় লোহার চেয়ার দিয়ে আঘাত করেন৷ নারী যাত্রী বলেছেন, তাঁর কাছ থেকে উৎকোচ দাবি করা হয়েছিল। যদিও বিমানের পক্ষ থেকে উৎকোচ দাবির কথা অস্বীকার করে বলা হয়েছে, কম দামের টিকিট না থাকায় তাঁকে বেশি দামের টিকিট নেওয়ার জন্য বলা হয়।
এ নিয়ে বাদানুবাদ হতে পারে৷ তাই বলে লোহার চেয়ার দিয়ে অাঘাত করে একজন ভদ্রমহিলাকে রক্তাক্ত করা হবে? এই নরকীটেরা কীভাবে জাতীয় বিমান সংস্থায় চাকরি করেন? বিমান কর্তৃপক্ষ বলেছে, তারা ইতিমধ্যে ওই কর্মকর্তাকে গ্রেপ্তার ও সাময়িক বরখাস্ত করেছে৷ এ ক্ষেত্রে সাময়িক বরখাস্ত করা কোনো শাস্তিই নয়। এ ধরনের লোকের জায়গা জাতীয় বিমান সংস্থায় নয়; বরং পাগলা গারদ বা জেলখানাই তঁাদের উপযুক্ত স্থান।
দীর্ঘদিন ধরেই বিমানের একশ্রেণির কর্মকর্তা–কর্মচারী প্রতিষ্ঠানটিতে তাঁদের পৈতৃক সম্পত্তি মনে করে যা খুশি করে বেড়াচ্ছেন। বিমান পরিচালনার জন্য একটি ব্যবস্থাপনা বোর্ডও আছে। তারাই বা কী করছে! গত কয়েক বছরে বিমানের সর্বনাশের জন্য ব্যবস্থাপনা বোর্ড কম দায়ী নয়৷
আমরা ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দায়ী কর্মকর্তাকে স্থায়ীভাবে বরখাস্ত এবং সংস্থাটির কাছে বিমানের যে গচ্ছিত অর্থ আছে, তা দিয়ে ওই যাত্রীর চিকিৎসাব্যয় ও ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এ ধরনের শাস্তি দিতে পারলে ভবিষ্যতে বিমানের কোনো কর্মচারী এই ঔদ্ধত্য দেখানোর সাহস পাবেন না।