বিমানের লোকসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অব্যাহত লোকসানের মুখে থাকা বিমান বাংলাদেশের দুর্দশাগ্রস্ত অবস্থার অবসান ঘটাতে নেতৃত্বে পরিবর্তন আনা জরুরি হয়ে পড়েছে। প্রতিবেশী ভারতের রাষ্ট্রীয় সংস্থা এয়ার ইন্ডিয়ার ভগ্ন স্বাস্থ্য নিয়ে সে দেশের উদ্বিগ্ন সরকার নেতৃত্বের পরিবর্তন ঘটাতে বিলম্ব করেনি। অথচ বাংলাদেশে এটা জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। যে নেতৃত্ব অসফল, তারা টানা পাঁচ বছরের পর আবারও জেঁকে বসেছে।
এয়ার ইন্ডিয়ার পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে ব্যর্থতার অভিযোগে নির্ধারিত সময়ের নয় মাস আগে সরিয়ে দিয়ে বর্তমান চেয়ারম্যানকে নিযুক্ত করা হয়েছে। ভারতের ১২ সদস্যের পর্ষদে অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল যেমন সাধারণ সদস্য আছেন, তেমনি বিশ্ববিদ্যালয় উপাচার্য, অধ্যাপক এবং অভিজ্ঞ ব্যবসায় বিশেষজ্ঞরাও রয়েছেন। সেখানে সরকারি প্রতিনিধি মোটে দুজন। অথচ বাংলাদেশের পর্ষদ আপাদমস্তক অনাবশ্যক আমলাতান্ত্রিক। কারও কারও আন্তরিকতা থাকলেও বিমানের দিকে পুরো মনোযোগ দিতে তারা অপারগ।
নেতৃত্বের পরিবর্তন মানে রাতারাতি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার একমাত্র রক্ষাকবচ নয়। তবে ক্ষমতাসীনেরা এই সত্য অস্বীকার করতে পারে না যে ২০০৯ সালে দায়িত্ব গ্রহণের পর লোকসানের রাশ টানা যেমন সম্ভব হয়নি, তেমনি ব্যবস্থাপনাগত ক্ষেত্রেও ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে। সরকার বিমানবহরে নতুন উড়োজাহাজ যুক্ত করলেও ব্যবস্থাপনায় গতি আনতে পারেনি।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিমান কী করে লাভের মুখ দেখেছিল, আর পরবর্তী টানা পাঁচ বছর কী করে তাকে লোকসানের মুখ দেখতে হচ্ছে, তা নিয়ে সংশ্লিষ্ট মহলের কাছ থেকে সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায় না। এরপর বড় বিনিয়োগ হলো। নতুন নতুন জ্বালানিসাশ্রয়ী বিমান কেনা হলো। অথচ ২০১২-১৩ অর্থবছরে ১৯৩ কোটি টাকার লোকসান চলতি অর্থবছরের ছয় মাস না যেতেই ২০০ কোটি টাকা ছাড়িয়ে গেল। এই ব্যর্থতার দায় অবশ্যই নেতৃত্বকে নিতে হবে।
২০০৮ সালে বোয়িং কোম্পানি মূলত তাদের স্বার্থেই উড়োজাহাজ প্রদানের পাশাপাশি বাংলাদেশকে একটি উত্তম ব্যবসা পরিকল্পনা দিয়েছিল বলে ধারণা করা হয়। কারণ, তারা আশঙ্কা করেছিল, বিমানবহর ঠিকঠাক চালাতে না পারলে হয়তো বাংলাদেশ কিস্তি দিতে পারবে না। তাদের আশঙ্কা অমূলক প্রমাণিত হয়নি। গত পাঁচ বছরে পরিচালনা পর্ষদের অনিয়ম ও দুর্নীতি নিয়েও সুনির্দিষ্ট প্রশ্ন উঠেছে। যদিও সরকার এসব আমলে নেওয়া কিংবা তদন্তের প্রয়োজন বোধ করেনি।
এটা পরিষ্কার যে, এই প্রতিষ্ঠানটিকে দক্ষ ও গতিশীল করার ক্ষেত্রে প্রধান অন্তরায় প্রভাবশালী মহলের অদৃশ্য, অলিখিত ও অবাঞ্ছিত হস্তক্ষেপ। এ ধরনের হস্তক্ষেপ থেকে পর্ষদকে বাঁচাতে পারে কোটারিমুক্ত নতুন নেতৃত্ব। আর ব্যবস্থাপনা পর্ষদকে বাঁচালে বিমানও হয়তো বাঁচবে। এখন দেখার বিষয় সরকার কী করে?