বিরোধী দলের নেতার ধরনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৃত ঘটনা হলো, ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ সম্পর্কে বিদেশি কূটনীতিকদের নানা প্রশ্ন রয়েছে৷ প্রশ্ন রয়েছে সরকারের ভূমিকা নিয়েও৷ ​যেহেতু উন্নয়নকাজের একটি ধারাবাহিকতা রয়েছে, সেহেতু উন্নয়ন–সহযোগীরা সরকারের মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে নিয়মিত দেখা–সাক্ষাৎ করেন৷ আর  বিরোধী দলের নেতার সঙ্গে সাক্ষাতের বিষয়টি অনেকটা আনুষ্ঠানিক হলেও তারা সরকারের বাইরের মতই জানতে চাইবেন৷ কিন্তু দশম সংসদে যে বিরোধী দল রয়েছে, তারা একই সঙ্গে সরকারেরও অংশ৷ শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারে জাতীয় পার্টির তিনজন সদস্য ছাড়াও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে কাজ করছেন জাতীয় পার্টির প্রধান হুসেইন মুহম্মদ এরশাদ৷ একই পরিবারে ও দলে একজনকে বিশেষ দূত ও আরেকজনকে বিরোধী দলের নেতা হিসেবে গ্রহণ করার বিষয়টি বিদেশি কূটনীতিকেরা স্বাভাবিকভাবে ​মেনে নিতে পারেননি বলেই প্রতীয়মান হয়৷

​বর্তমান বিরোধী দলের নেতার সঙ্গে ১৯৮৮ সালে গঠিত সংসদে আ স ম রবের ভূমিকার মিল আছে৷ ১৯৮৮ সালের নির্বাচন আওয়ামী লীগ ও বিএনপিসহ অধিকাংশ দল ​বর্জন করেছিল৷ এবার আওয়ামী লীগই ছিল নির্বাচনের আয়োজক৷ 

সংসদে বিরোধী দলের নেতা তাঁর মর্যাদা ফিরে পাক, সেটা আমরাও চাই৷ কিন্তু তার আগে তাঁর দলের অবস্থান পরিষ্কার করতে হবে৷ একই সঙ্গে গাছের খাওয়া ও তলারটা কুড়ানোর নীতি নিয়ে দেশের মানুষকে সত্যমিথ্যা বোঝানো গেলেও বিদেশিদের চোখ ফাঁকি দেওয়া যায় না৷ তদবির করেও মর্যাদা বাড়ানো যায় না৷