বিরোধী দলের অবরোধ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি তাদের জোটের পূর্বঘোষিত অনির্দিষ্টকালের অবরোধ আজ থেকে স্থগিত করে একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়েছে। কারণ, নির্বাচন স্থগিত করার জন্যই ছিল তাদের আন্দোলন, যা সহিংস রূপ নেয়। কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পর এখন আর সেই আগের কর্মসূচি অব্যাহত রাখার যুক্তি নেই। যদিও নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু সেটা অন্য বিষয় এবং সে বিষয়ে অন্য রাজনৈতিক কৌশল নিতে হবে। এ জন্য বিগত দিনের আন্দোলনের বস্তুনিষ্ঠ পর্যালোচনা করে ভবিষ্যতের কর্মসূচি নেওয়া উচিত।
কিন্তু মনে রাখতে হবে, আন্দোলনের নামে যেন আবার পেট্রলবোমা, ককটেল ছুড়ে মানুষ মারা, নির্বিচারে গাছ কেটে মহাসড়ক অবরোধ অথবা বাস-ট্রাক-ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো নৃশংস পথ অবলম্বন করা না হয়। বোমা মেরে ভয়ভীতি সৃষ্টি করা যায়, মানুষকে আন্দোলনে সম্পৃক্ত করা যায় না। বিএনপির রাজনীতি সহিংসতার চোরাবালিতে নিমজ্জিত হলে শুধু দলেরই ক্ষতি হবে না, দেশেরও ক্ষতি হবে। কারণ, দায়িত্বশীল বিরোধী দল ছাড়া গণতন্ত্র কার্যকর ভূমিকা রাখতে পারে না।
সংসদে শক্তিশালী বিরোধী দল খুব জরুরি। যে কারণেই হোক, বর্তমানে বিএনপি ও তাদের নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট সংসদে নেই। ফলে সংসদ কার্যত বিরোধী দলশূন্য। এটা গণতন্ত্রের জন্য বিপদ। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি উত্তরণে এযাবৎকালের অনুসৃত হরতাল-অবরোধসর্বস্ব রাজনীতির পরিবর্তনের সময় এসেছে কি না, তা ভেবে দেখতে হবে। এটা যেকোনো দল, যারা যখন বিরোধী দলে থাকবে, তাদের সবার জন্য প্রযোজ্য।
গত প্রায় পাঁচ বছর ধরেই বিরোধী দল থেমে থেমে হরতাল, অবরোধ, ঢাকা অবরোধসহ বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়ায় অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়েছে। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি দারুণভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। আজকের বিরোধী দল কালকের ক্ষমতাসীন দল। তাই যে যা-ই আন্দোলন করবে, দেশ ও দেশের মানুষকে বাঁচিয়ে তা করতে হবে।
অবরোধ-হরতাল ভেঙে পড়ছিল। আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তা স্থগিত করায় মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। এ সিদ্ধান্ত গ্রহণ করে বিএনপি রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছে।