সরকারি দল যা পারে, তা বিরোধী দল পারবে না কেন? গণতন্ত্রে তো তা-ই হওয়ার কথা। সরকারি দল ঢাকার সব বিলবোর্ড দখল করে নিয়েছিল। বিরোধী দলের ক্ষমতা কম—ঢাকায় না পারুক, বগুড়ায় তো পারবে! বিরোধী দলের নেতা খালেদা জিয়া বগুড়া সফর করবেন, দলের লোকজন তাই সেখানকার বিলবোর্ডগুলো দখলে নিয়েছেন। বিজ্ঞাপন প্রচারের বিলবোর্ডগুলো এখন ঢেকে গেছে খালেদা জিয়া, তারেক রহমান ও প্রয়াত জিয়াউর রহমানের ছবিতে।
দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে ক্ষমতায় আসতে চাইছে যে দলটি, তারা তো দখলের প্রতিযোগিতায় আর মাঠ ছেড়ে দিতে পারে না! ক্ষমতায় এলে তারাও যে বর্তমান সরকারি দলের মতো দখলের কাজটি ভালোভাবেই করতে পারবে, তার প্রমাণ তো জনগণের সামনে রাখতে হবে! বগুড়ায়ও তাই বিলবোর্ড দখল হয়েছে একই কায়দায়।
বগুড়া বিএনপি দাবি করছে, কোম্পানিগুলোর কাছ থেকে অনুমতি নিয়েই বিলবোর্ড ব্যবহার করছে তারা। কিন্তু কোম্পানিগুলো বলছে উল্টো কথা। কোনো রাজনৈতিক দলের কাছে বিলবোর্ড ভাড়া দেওয়া হয়নি বলে তারা জানিয়েছে। সরকারি দল আওয়ামী লীগকে হুবহু অনুসরণ করেছে বিএনপি। ঢাকায় বিলবোর্ড দখলের পর সরকারি দলও একই দাবি করেছিল আর বাস্তবে ঘটেছিল উল্টোটি। বগুড়া পৌরসভার চেয়ারম্যান বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ফলে বিএনপির জন্য সেখানে নিয়মকানুন মানার কোনো বালাই থাকবে না, এটাই তো স্বাভাবিক! খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে বিভিন্ন সড়ক ও সড়কদ্বীপে তোরণ তৈরি হয়েছে। নিয়ম অনুযায়ী এগুলো বানাতে পৌরসভার অনুমতি লাগে, ভাড়াও গুনতে হয়; কিন্তু এসব নিয়ম সেখানকার বিএনপির জন্য অচল।
ঢাকায় সরকারি দল বিলবোর্ড দখল করার পর মুখ খুলেছিলেন বিএনপির অনেক নেতা। সরকারি দলের অনেক নিন্দা-মন্দই করেছিলেন তাঁরা। বিএনপির সেই নেতারা এখন কী বলবেন?