বিলবোর্ড 'সফল' কিন্তু ভোট কি বাড়বে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিলবোর্ড
বিলবোর্ড

জনগণ বা রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময়ে সরকারের কাছে যা বলার তা জানাতে বা কোনো দাবি তুলতে দেয়ালে ‘চিকা’ মেরেছে। এবার উল্টো ঘটনা ঘটল। সরকারই অনেকটা দেয়াললিখন ধরনের বিলবোর্ডের মাধ্যমে তার উন্নয়ন কর্মকাণ্ড জনগণকে জানানোর পথ নিল। কোনো সরকার যখন ক্ষমতায় থাকে, তখন কিছু না কিছু উন্নয়ন কর্মকাণ্ড ঘটে। অব্যাহতভাবে এটা চলতে থাকায় অনেক সময় জনগণের বিবেচনায় তা না-ও থাকতে পারে। জনগণকে তা জানানো বা মনে করিয়ে দেওয়া তাই সরকারের জন্য জরুরি একটি বিষয়। রাজনৈতিক দলগুলোকে যেহেতু একটি নির্দিষ্ট সময় পরপর ভোটের জন্য জনগণের কাছে যেতে হয়, তাই প্রচারণাকে গুরুত্ব না দিয়ে উপায় নেই। উন্নত দেশগুলোতে রাজনৈতিক দলগুলো প্রচার-প্রচারণাকে খুবই গুরুত্বের সঙ্গে নেয়। বর্তমান সরকারি দল আওয়ামী লীগ যে প্রচারণার গুরুত্ব অনুভব করছে, সেটাকে সাধুবাদ জানাতেই হয়। কোনো পণ্যের গুণগান গেয়ে যদি বিজ্ঞাপন দেওয়া যায় এবং এতে যদি পণ্যের বিক্রি বাড়ে, তবে রাজনৈতিক দলগুলোর সাফল্য ও গুণগান গাওয়া যাবে না কেন? রাজনৈতিক দলগুলোরও তো জনগণের ভোট দরকার!
প্রচার-প্রচারণার অনেক মাধ্যম বা টুলসের মধ্যে বিলবোর্ড একটি। আমরা দেখলাম, অন্য সব মাধ্যম বাদ দিয়ে সরকার শুধু বিলবোর্ডকেই বেছে নিয়েছে তার সাফল্য প্রচারের কাজে। তা-ও আবার শহরের প্রায় সব বিলবোর্ড দখলের মাধ্যমে। এই ‘বিলবোর্ড দখল’ নিয়ে আলোচনা বা সমালোচনা অনেক হয়েছে ও হচ্ছে। সে প্রসঙ্গ আপাতত থাক। আমরা যদি ধরে নিই এই বিলবোর্ডগুলো দখল করা হয়নি, যথাযথ ভাড়া পরিশোধ করে এগুলো নেওয়া হয়েছে, সে ক্ষেত্রেও প্রচারণার এই যে কৌশল সরকার নিয়েছে, তা আদৌ কোনো ফল দেবে কি? প্রচার-প্রচারণার কৌশল পরিকল্পনার সঙ্গে জড়িত লোকজন এ ব্যাপারে কী মনে করেন? জনগণের মনেই বা এই বিলবোর্ড নিয়ে প্রতিক্রিয়া কী? গত কয়েক দিনে এ নিয়ে সংশ্লিষ্ট লোকজন ও বেশ কয়েকজন সাধারণ লোকের সঙ্গে আলাপ করে যে ধারণা হলো, তা তুলে ধরাই এই লেখার উদ্দেশ্য।
শুরুতেই বলতে হচ্ছে সরকার বা সরকারি দল কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই এ ধরনের একটি প্রচারণার সিদ্ধান্ত নিয়েছে। প্রচারণার ধরন দেখে এমনটাই মনে করেন প্রচারণাসংশ্লিষ্ট লোকজন। তাঁদের মতে, এ ধরনের প্রচারণায় যাওয়ার আগে সামগ্রিক পরিস্থিতির পর্যালোচনায় যাওয়া উচিত ছিল। যেকোনো প্রচারণায় যাওয়ার আগে একটি গুণগত (কোয়ালিটিটিভ) জরিপ বা গবেষণা অবশ্যকরণীয় বিষয়। এ ধরনের কিছু করা হয়েছে বলে মনে হচ্ছে না। অনেকটা আকস্মিক ও মর্জিমাফিক অবস্থান থেকেই প্রচারণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তাঁরা মনে করেন।
এই প্রচারণা নিয়ে প্রথমেই যে প্রশ্নটি উঠে আসে তা হচ্ছে এই প্রচারণার লক্ষ্য কী? সাধারণভাবে এটা ধারণা করা যায় যে এই প্রচারণায় নামার সিদ্ধান্তের পেছনে সরকার বা সরকারি দলের দুটি বিবেচনা কাজ করেছে। প্রথমত, সরকার হয়তো মনে করেছে তাদের আমলে যেসব উন্নয়নকাজ হয়েছে তা জনগণ জানে না, সুতরাং তা জানানো দরকার। দ্বিতীয়ত, সরকারের উন্নয়ন সম্পর্কে জনগণের হয়তো একধরনের ধারণা আছে কিন্তু জনগণকে তা মনে করিয়ে দেওয়া বা আরও জানানো দরকার। এখন প্রশ্ন হচ্ছে, সরকার কেন মনে করল তারা যে উন্নয়ন করেছে তা জনগণ জানে না, বা জানলেও ভালোভাবে জানে না এবং তা তাদের জানানো উচিত। এটা স্পষ্ট যে সাম্প্রতিক সময়ে পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল সরকার বা সরকারি দলকে এমন ভাবতে বাধ্য করেছে। এই নির্বাচনগুলোর পর প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীদের মুখে এ ধরনের হতাশা প্রকাশ পেয়েছে যে সরকার এত উন্নয়নকাজ করার পরও তাদের প্রার্থীরা নির্বাচনে জিততে পারেনি।
এখানে এটা বলা দরকার যে শুধু নির্বাচনের ফলাফল বিবেচনায় নিয়ে এ ধরনের সিদ্ধান্তে আসা যায় না যে সরকার যেসব উন্নয়ন করেছে, তা জনগণ জানে না। অন্য অনেক কারণেই জনগণ সরকার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। সে কারণগুলো কী, তা বের করার সহজ পথ হচ্ছে পরিস্থিতি পর্যালোচনা জরিপ ও গবেষণা। যেকোনো প্রচারণা শুরুর পূর্বশর্ত হচ্ছে এ ধরনের গবেষণা। হঠাৎ করে শুধু সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারণাকে তাই বিচ্ছিন্ন ও মর্জিমাফিক হিসেবে বিবেচনা না করে উপায় নেই। আর সরকার কী করে নিশ্চিত হলো যে বিলবোর্ডে উন্নয়নকাজের বর্ণনা দিলেই জনগণ তা জানবে এবং কিসের ভিত্তিতে বিলবোর্ডকেই সবচেয়ে কার্যকর মাধ্যম হিসেবে বিবেচনা করল? প্রচার-প্রচারণার অন্য মাধ্যম যেমন টিভি, রেডিও বা পত্রপত্রিকা কেন বিবেচনার বাইরে থাকল?
যেকোনো প্রচারণা কৌশলের ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয় সাধারণভাবে সেগুলো হচ্ছে প্রচারণা যাতে মনোযোগ আকর্ষণ করতে পারে, বিষয়বস্তুকে একই সঙ্গে যৌক্তিক ও আবেগী হতে হবে, যে বার্তা দিতে চায় তা পরিষ্কার হতে হবে, বিষয়টি সর্বগ্রাহ্য হতে হবে অর্থাৎ কী ফল পাওয়া যাবে তা পরিষ্কার থাকতে হবে, বিশ্বাসযোগ্য হতে হবে, প্রচারণার চাওয়া পরিষ্কার হতে হবে ও প্রচারণার মধ্যে ধারাবাহিকতা থাকতে হবে। শুধু বিলবোর্ড দিয়ে প্রচারণার এই সবগুলো দিক কাভার করা কোনোভাবেই সম্ভব নয়। বিলবোর্ডের কিছু সীমাবদ্ধতা রয়েছে, আবার কিছু সুফলও রয়েছে। বিলবোর্ডে বেশি কিছু লেখার সুযোগ কম, চলার পথে এগুলো মানুষের চোখে পড়ে, ফলে পুরো লেখা না-ও পড়া যেতে পারে। তবে দীর্ঘ মেয়াদে বিলবোর্ড থাকলে তা কোনো না কোনো সময় লোকজনের দৃষ্টি আকর্ষণ করার সম্ভাবনা থাকে। তবে এটা শুধু শিক্ষিত ও পড়তে পারা জনগণের জন্য।
আগামী নির্বাচন যদি এই বিলবোর্ডগুলোর লক্ষ্য হয়ে থাকে তবে সরকার নিশ্চয়ই জনগণের উদ্দেশে কিছু সুনির্দিষ্ট বার্তা দিতে চেয়েছে। অর্থাৎ সরকার যে উন্নয়নকাজ করেছে, তা জনগণের কাছে তুলে ধরে আগামী নির্বাচনের জন্য ভোট চাইছে সরকার। জনগণের মধ্যে বিভিন্ন শ্রেণী আছে, আছে নানা পেশার লোকজন। ধনী-গরির, শিক্ষিত-অশিক্ষিত, মধ্যবিত্ত, শহরের অধিবাসী, গ্রামের লোক, মফস্বলের লোক, নারী-পুরুষ বা নানা বয়সী লোকজন। সরকার যদি এই পুরো জনগণকে তার উন্নয়নের কথা জানাতে চায়, তবে প্রচারণার শুধু একটি টুলস অর্থাৎ বিলবোর্ড ব্যবহার কার্যকর কিছু হবে না। এর জন্য কামান, বন্দুক, পিস্তল সবই ব্যবহার করতে হবে এবং তা জলে, স্থলে ও অন্তরিক্ষে একসঙ্গে লড়াইয়ের মতো। এই বিলবোর্ড প্রচারণার ধরন দেখে এটা মনে হওয়া স্বাভাবিক যে মূলত শহরের শিক্ষিত মধ্যবিত্ত জনগণই এর লক্ষ্য। সরকার কি তবে শুধু এই জনগোষ্ঠীকেই টার্গেট করেছে? সরকার কি মনে করছে যে এই জনগোষ্ঠীকে নিজেদের পক্ষে আনতে পারলেই বাকি সব হয়ে যাবে?
প্রচার-প্রচারণার ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনায় নেওয়ার কথা ওপরে উল্লেখ করা হয়েছে সরকারের এই বিলবোর্ডগুলোর ক্ষেত্রে তা আসলে কতটুকু কার্যকর হয়েছে? প্রচারণার মনোযোগের কথা বললে এই বিলবোর্ডগুলো সফল হয়েছে, এই বিলবোর্ড সবার মনোযোগ ও আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। বিষয়বস্তুর দিক থেকে বিবেচনা করলে তা যৌক্তিক অর্থাৎ উন্নয়নের বর্ণনা রয়েছে কিন্তু আবেগের কোনো দিক সৃষ্টি করতে পারেনি। বিলবোর্ড যে বার্তা দিতে চেয়েছে তা পরিষ্কার, সরকারের উন্নয়নকাজের ফিরিস্তি রয়েছে সেখানে। যেসব তথ্য সরকার তুলে ধরছে সেটা তখনই জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে যখন কেউ কোনো ক্ষেত্রে নিজের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সরকারের সাফল্যের দাবিগুলোর মিল খুঁজে পাবে। অনেক ক্ষেত্রে তা না হওয়ার সম্ভাবনাই বেশি। প্রচারণার চাওয়া খুবই পরিষ্কার; উন্নয়ন চাইলে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিন। এই বিলবোর্ডগুলোর সবচেয়ে ত্রুটি সম্ভবত এর ডিজাইন ও লে আউট এবং সাদৃশ্যের অভাব। এ ক্ষেত্রে কোনো ধারাবাহিকতা নেই, সাইজেরও কোনো মিল নেই। কোনো বিলবোর্ডে যেখানে দুই লাইন, কোনোটিতে পাঁচ লাইন বা আরও বেশি। রুচির বিষয়টি আপেক্ষিক, কিন্তু এখানেও বড় সমস্যা রয়েছে।
বিলবোর্ড আলোচনা তুলতে পেরেছে, বিলবোর্ডে যে বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে এবং জনগণের কাছে যা চাওয়া হয়েছে, সেটা পরিষ্কার। কিন্তু এই বিলবোর্ডের মূল লক্ষ্য যদি হয়ে থাকে আগামী নির্বাচনে ভোটারদের আকর্ষণ করা, তবে এই বিলবোর্ড উল্টো ফলই দিতে পারে। এর মূল কারণটি হচ্ছে বিলবোর্ড আলোচনায় এসেছে দখলের কারণে, বিষয়বস্তুর কারণে নয়। দ্বিতীয়ত, এটি একটি বিক্ষিপ্ত ও অপরিকল্পিত প্রচারণা, পরিস্থিতি বিবেচনায় নিয়ে সামগ্রিক কোনো প্রচারণা নয়। প্রচারণার ক্ষেত্রে একটি কথা আছে sporadic communication is not effective. এ ক্ষেত্রে তাই হওয়ার সম্ভাবনাই বেশি।
প্রচার-প্রচারণা পরিকল্পনার সঙ্গে জড়িত একজনকে জিজ্ঞেস করেছিলাম সরকার বা সরকারি দল যদি ঢাকা শহরের সব বিলবোর্ডে এ ধরনের প্রচারণা চালানোর জন্য আপনার কাছে আসত আপনি কী পরামর্শ দিতেন। উনি বললেন, ‘কোনো ক্লায়েন্ট ঢাকা শহর বিলবোর্ড দিয়ে সয়লাব করে দিতে চাইলে আমি তাকে বা তাদের নিবৃত্ত করতাম। আর সরকার চাইলে তো অবশ্যই করতাম, কারণ এ ধরনের কিছু করলে জনমনে সন্দেহ দেখা দেবে। জনগণ ভাবত হঠাৎ সরকারের কী হলো যে তারা নিজেদের সাফল্য জানানোর জন্য এত মরিয়া হয়ে উঠল।’
ঢাকার অধিকাংশ বিলবোর্ড দখল করে অন্য পণ্যের বিজ্ঞাপন বন্ধ করে নিজেদের সাফল্য প্রচারের যে কৌশল সরকার নিয়েছে, তা বিলবোর্ডকে টক অব দ্য টাউনে পরিণত করেছে। সেদিক থেকে এই বিলবোর্ড নিশ্চয়ই ‘সফল’। কিন্তু বিক্ষিপ্ত ও খণ্ডিত এই প্রচারণার আওতা হচ্ছে শহরের লোকজন ও লেখাপড়া জানা জনগোষ্ঠী। এই প্রচারণার মধ্যে যে একটা মরিয়া ও আগ্রাসী ভাব রয়েছে, তা এই জনগোষ্ঠীকে বিরক্তই করবে। আর বাকি জনগোষ্ঠী তো এই প্রচারণার বাইরেই রইল! এই প্রচারণা কি ভোট বাড়াবে না কমাবে?
এ কে এম জাকারিয়া: সাংবাদিক।
[email protected]