কথায় বলে, বৃক্ষ তোমার নাম কী ফলে পরিচয়। আর মানুষের পরিচিতি ঘটে তার কর্মের দ্বারা। আর বর্তমানে শহরের আনাচকানাচে রাজনৈতিক বিলবোর্ডগুলো রাজনীতিবিদদের পরিচিতি কিংবা অবদান কিংবা ব্যর্থতা ঘোচাতে একমাত্র অবলম্বন বলে মনে হয়। এই বিলবোর্ডগুলোর কারণে একদিকে যেমন শহরের সৌন্দর্যে বিঘ্ন ঘটে, তেমনি অন্যদিকে জায়গার বিস্তৃতি কমে। প্রয়োজন এই বিলবোর্ডপ্রীতি ছেড়ে কর্মপ্রীতির প্রতি মনোযোগ দেওয়া।
আমাদের সমাজে অনেক সাদা মনের মানুষ আছেন, যাঁরা সমাজের জন্য নিঃশব্দে কাজ করে যান। কাজ করে যান মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে। তাঁদের কথা কেউ মনে রাখে না। কেননা, তাঁরা তাঁদের কাজটাকে তুলে ধরতে নিজেকে আড়াল করতে পছন্দ করেন। এমন অনেক সাদা মনের মানুষের ছবি এবং অবদান প্রথম আলোতে মাঝে মাঝে ছাপা হয়। যাঁদের অবদানে সমাজ হয়ে ওঠে আরও সুন্দর। এঁদের এই মানসিকতা গ্রহণযোগ্য ও অনুকরণীয় আগামী প্রজন্মকে সুন্দর একটি পৃথিবী উপহার দিতে।
সঞ্জয় কুমার ভৌমিক
বসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।