বিলবোর্ডে ঢাকা আকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। তাই শিশুর শারীরিক ও মানসিক বিকাশের দিকে বিশেষ নজর দেওয়া উচিত। তারাই আগামীর বাংলাদেশকে বিশ্বদরবারে সর্বোচ্চ মর্যাদার আসনে বসাতে পারে। কিন্তু ইট-পাথরের এই শহরে শিশুর মানসিক বিকাশের পথ দিন দিন যেন রুদ্ধ হচ্ছে।
সকালের শুরু থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত বিভিন্ন বিষয়ভিত্তিক প্রাইভেট শিক্ষক, ধর্মীয় শিক্ষক, ড্রয়িং শিক্ষক, গানের শিক্ষক, নাচের শিক্ষক স্কুলের ব্যাগভর্তি বই আর সেগুলোর ক্লাস, পিতামাতার কাছে পড়া এসব দৈনন্দিন রুটিনের চাপে শিশু যেন যন্ত্রে পরিণত হয়েছে। আর কোনো একটি বিষয়ে সামান্য কম নম্বর পেলেও পিতামাতার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। শুরু হয় চাপের ওপর চাপ। শিশুর আর অবসর নেই।
অবসর যদি কিছুটা পায় তা কাটানোর জন্য মুক্ত জায়গাও নেই। কিছু শিশুর কিছু সময়ের জন্য খেলার মাঠ বলতে যা জোটে তাহলো বাড়ির সংকুচিত ব্যালকনি। আর সেখানে গিয়ে শিশু নীল আকাশ দেখবে কিংবা মুক্ত আকাশে বিহঙ্গের ডানা মেলে উড়ে বেড়ানো দেখবে, সে সুযোগটাও কেড়ে নিয়েছে শহরের বিশাল বিশাল বিলবোর্ডগুলো। বড় শহরগুলো যেন বিলবোর্ডের শহরে পরিণত হয়েছে।
বিচিত্র পণ্যের বিজ্ঞাপন, প্রতিষ্ঠানের ব্যানার-ফেস্টুন আর বিলবোর্ডগুলো ঢেকে ফেলেছে শিশুর আকাশ। জেনে রাখা দরকার, শিশুরও অধিকার আছে মুক্ত আকাশ দেখার।
হীরক লিংকন
শিক্ষক, এবিসি কিন্ডারগার্টেন, রাজশাহী।