বিশৃঙ্খল আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন দল ও সরকারের মধ্যে ক্ষমতা ও দায়িত্বের যে বিভাজন সংসদীয় গণতন্ত্রের বৈশিষ্ট্য, বাংলাদেশে তার বিরাট ঘাটতি রয়েছে। দলীয় প্রধান, সংসদীয় দলপ্রধান এবং প্রধানমন্ত্রিত্ব এক ব্যক্তির হাতে রাখার মতো ক্ষমতার কেন্দ্রীকরণ সংসদীয় গণতন্ত্র অনুশীলনরত দেশগুলোতে বিরল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের জীবনে এটাই দেখিয়েছিলেন যে মন্ত্রিত্ব আর দল চালনা একসঙ্গে চলতে পারে না। আওয়ামী লীগকে বাঁচাতে হলে এই রীতি ফিরিয়ে আনতে হবে।
রাষ্ট্রব্যবস্থায় যেসব কারণে ক্ষমতার পৃথক্করণ স্বীকৃত, সেটা দলের ক্ষেত্রেও প্রযোজ্য। অথচ দেশের দলব্যবস্থায় এর স্বীকৃতি নেই৷ ব্রিটেন ও ভারতের সংসদীয় ব্যবস্থায় একই ব্যক্তি যাতে দলপ্রধান এবং সরকারপ্রধান না হতে পারেন, সে ব্যাপারে অত্যন্ত সতর্কতা রক্ষা করা হয়। বাংলাদেশে সেটি না হওয়ায় সার্বিকভাবে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো যথেষ্ট দুর্বল হয়ে পড়েছে। আজকের অনুশোচনীয় দুর্বিপাক আকস্মিকভাবে সৃষ্টি হয়নি। এটা মানতে হবে যে আমরা দলব্যবস্থার প্রাতিষ্ঠানিকীকরণের দিকে নজর দিইনি।
উপরন্তু দলের অভ্যন্তরীণ গণতন্ত্রচর্চার বিষয়টি দীর্ঘকাল উপেিক্ষত থেকেছে। বৃহস্পতিবার শুদ্ধাচার কৌশল নিয়ে প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণা প্রতিবেদনেও এটি স্পষ্ট৷ দলের সাধারণ সম্পাদককে ধারাবাহিকভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে সরকার ও ক্ষমতাসীন দলের মধ্যে যে সম্পর্ক তৈির করা হয়েছে, তা গণতন্ত্রের জন্য ক্ষতিকর হিসেবেই প্রমাণিত। এক–এগারোর পর অনেকটা চাপে পড়ে রাজনৈতিক দলগুলো নিবন্ধনব্যবস্থায় রাজি হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন এ বিষয়টিকে নিতান্ত কেতাবি অনুশীলন হিসেবে নিলেও রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্রচর্চা নিশ্চিত করা কিংবা আয়-ব্যয়ের হিসাবসহ সার্বিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহি আদায় করতে ব্যর্থ হয়েছে। এমনকি এ বিষয়ে কমিশনের আগ্রহ আছে বলেও মনে হয় না৷
আমরা উদ্বেগের সঙ্গে এর ভয়ানক পরিণতি লক্ষ করে চলেছি। ক্ষমতাসীন দলটির প্রধান প্রতিপক্ষ সংসদীয় ব্যবস্থার বাইরে থাকায় ক্ষমতাসীনদের অগণতান্ত্রিক ও আইনবহির্ভূত আচার-আচরণ জনগণের সামনে তুলে ধরার কেউ নেই। যে কারণে সরকারি দলটির নেতা-কর্মীরা আরও বেপরোয়া হয়ে উঠেছেন এবং নিজেরা খুনোখুনিতে লিপ্ত হচ্ছেন৷
সন্দেহ নেই যে আওয়ামী লীগ বেশ কয়েকটি সাংগঠনিক জেলায় অভ্যন্তরীণ কোন্দলে জেরবার। এলাকায় আধিপত্য বিস্তার ও ভাগ-বাঁটোয়ারা নিয়ে তারা এমনই সমস্যায় পড়েছে যে মনে হচ্ছে দলটির চেইন অব কমান্ড কোথাও কোথাও ভেঙে পড়েছে। জ্যেষ্ঠ নেতাদের কেউ কেউ আশঙ্কা করছেন, দলটি বেসামরিক-সামরিক আমলাতন্ত্রের যূপকাষ্ঠে বলি হতে চলেছে। কারণ, দল ও তার সমষ্টিগত সিদ্ধান্ত সরকার পরিচালনায় প্রবলভাবে অনুপস্থিত।
তাই, নারায়ণগঞ্জ ও ফেনীর নিষ্ঠুর হত্যাকাণ্ডের সঙ্গে দলটির সম্পৃক্ততার অভিযোগ বিচ্ছিন্ন ঘটনা নয়। দুর্নীতিগ্রস্ততা ও অপরাধপ্রবণ রাজনীতি দলটিকে অনেক ক্ষেত্রে ন্যুব্জ করে ফেলেছে। দলটির আত্মসমালোচনা ও শুদ্ধিকরণ দরকার। ৬০টি সাংগঠনিক জেলায় কমবেশি অভ্যন্তরীণ কোন্দল থাকা সেই কঠিন বাস্তবতারই ইঙ্গিত। সম্প্রতি দলটির নেতারা জেলা পর্যায়ে যে নজরদারি বাড়ানোর কথা বলেছেন, সেটি কি নিছকই কথার কথা?