আমরা সবাই প্রত্যাশা করি একটি সদ্য জন্ম নেওয়া শিশুর শারীরিক গঠন হবে স্বাভাবিক। সেই সঙ্গে ভূমিষ্ঠ শিশুটি ধীরে ধীরে বড় হবে, তার দুরন্তপনায় মুখরিত হবে চারপাশ। কিন্তু অনেক সময় কিছু অনাকাঙ্ক্ষিত কারণে তা আর হয়ে ওঠে না। ভূমিষ্ঠ শিশুর জন্মগত ত্রুটি হিসেবে যে কয়টা সমস্যা দেখা যায়, ক্লাবফুট (মুগুর পা) সমস্যা তার মধ্যে অন্যতম।
সুনির্দিষ্ট কারণ ছাড়াই আমাদের দেশে প্রতি হাজারে একটি বা দুটি শিশু এই সমস্যা নিয়ে জন্মাতে পারে। এই হিসাবে প্রতিবছর প্রায় পাঁচ হাজারেরও অধিক শিশু এ সমস্যা নিয়ে জন্মায়।
শিশুর সাবলীলভাবে হাঁটতে না-পারার কষ্ট শুধু তাকেই কষ্ট দেয় না, স্বজনদেরও তা নীরব যন্ত্রণা দেয়। এই সমস্যায় আক্রান্ত পা ভেতরের দিকে বেঁকে যায় এবং শিশু স্বাভাবিকভাবে পায়ের পাতার ওপর দাঁড়াতে পারে না, যা সময়মতো চিকিৎসা না করালে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও বেশি বেঁকে যায় এবং সে আজীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারে।
শিশুর এ সমস্যা হওয়ার পেছনে সঠিক কারণ এখনো পুরোপুরি জানা যায়নি। ধারণা করা হয়, শিশুর শরীরের কোষের মৌলিক গঠনের কিছু পরিবর্তনের কারণে এমন হতে পারে। এর জন্য শিশুটির মা-বাবাকে দোষারোপ করার কোনো কারণ নেই।
সুমিত বণিক
লায়ন মোখলেছুর রহমান ফাউন্ডেশন, কুমিল্লা।