১৫ জুন ছিল (জুন মাসের দ্বিতীয় রোববার) বিশ্ব বাবা দিবস। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সঙ্গে বাংলাদেশেও দিবসটি পালিত হয়েছে।
বাবার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন, বাবাকে ভালোবেসে বিশ্বের সব বাবার প্রতি শ্রদ্ধা জানানোই এ দিবসের মূল লক্ষ্য। কিন্তু আমাদের দেশে বর্তমানে বৃদ্ধ বাবাদের অবস্থা অনেকটাই সঙিন। যৌথ পরিবার ভেঙে একক পরিবারের সংখ্যা বেড়ে যাওয়ায় সন্তানেরা স্বাবলম্বী হয়ে যাওয়ার পর বাবা-মা হয়ে পড়েন সম্পূর্ণ একা। একদিন যে মানুষটি তাঁর কষ্টার্জিত সব উপার্জন দিয়ে স্নেহে-শাসনে পুরো পরিবারটিকে আগলে রাখেন, বার্ধক্যে এসে সেই মানুষটিই হয়ে পড়েন সংসারে অপ্রয়োজনীয়। তাই তাঁদের ন্যুব্জ শরীরে শত কষ্টে, কাঁপা কাঁপা হাতে, কুঞ্চিত চামড়ার ভাঁজে, একাকিত্বের নিকষ কালো অন্ধকারে কোথাও নেই সন্তানদের স্নেহের হাত। সন্তানেরা এখন সব সময় ব্যস্ত নিজেদের ক্যারিয়ার তৈরিতে অথবা ব্যস্ত নিজ সংসারে।
বিত্ত-সম্পদ থাকার পরও বৃদ্ধ বয়সে মা-বাবার প্রতি অবহেলার কাহিনি আমাদের দেশে প্রচুর। ইদানীং বৃদ্ধাশ্রমের মতো প্রতিষ্ঠাগুলো বেড়ে যাওয়ায় এ হার বেড়ে যাচ্ছে দিন দিন।
অথচ আমরা সন্তানেরা ভুলে যাই, আমরাও একদিন বৃদ্ধ হব—আমাদেরও এমন দুঃসময় আসতে পারে।
সাবিনা পারভীন
গোড়ান, ঢাকা।