বিশ্ববিদ্যালয়ে আরেকটি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুস্তম আলী আকন্দ গত শুক্রবার দুপুরে ওই হলে নিজের কক্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান। কে তাঁকে গুলি করেছে, তা কেউ দেখেনি। কিন্তু বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ অভিযোগ করেছে, রুস্তমকে হত্যা করেছে ইসলামী ছাত্রশিবিরের লোকজন। কিন্তু ছাত্রশিবির এই অভিযোগ নাকচ করে দিয়ে বলেছে, রুস্তম খুন হয়েছেন ছাত্রলীগের অন্তঃকোন্দলের জের ধরে। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে সায়াদ হত্যাকাণ্ডের ব্যাপারেও সেখানকার ছাত্রলীগ ছাত্রশিবিরকে অভিযুক্ত করেছিল। এই পাল্টাপাল্টি দোষারোপের ধারা একটি সাধারণ চর্চার বিষয়ে পরিণত হয়েছে; প্রকৃত সত্য উদ্ঘাটনে এর গুরুত্ব নেই। আসলে প্রয়োজন সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করা এবং তাদের শাস্তি নিশ্চিত করতে আইনের সঠিক প্রয়োগ।

কিন্তু দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আইনের প্রয়োগ নেই বললেই চলে। সেখানে কেউ খুন হলে তার বিচার হয় না। একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে নিজের কক্ষে দিনদুপুরে গুলিবিদ্ধ হচ্ছেন—সুস্থ-স্বাভাবিক কোনো সমাজে এমন পরিস্থিতি কি কল্পনা করা যায়? বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে আগ্নেয়াস্ত্র থাকে কী করে? ছাত্ররা কীভাবে আগ্নেয়াস্ত্র বহন ও ব্যবহার করতে পারেন? বিশ্ববিদ্যালয়গুলো কি অপরাধীদের অভয়ারণ্য? দেশের কোনো আইন কি সেখানে কার্যকর নয়? আমাদের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এ কী অবস্থা আমরা করেছি?

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হত্যার শিকার রুস্তম ১০ এপ্রিল অনুষ্ঠেয় সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের সম্মেলনে সভাপতি পদপ্রার্থী ছিলেন। এ নিয়ে ছাত্রলীগেরই কয়েকজনের সঙ্গে তাঁর মনোমালিন্য সৃষ্টি হয়েছিল বলে খবরে প্রকাশ। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নিহত সায়াদেরও বিশ্ববিদ্যালয়টির মাৎস্যবিজ্ঞান অনুষদের ছাত্র সমিতির নির্বাচনে সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল; ছাত্রলীগেরই আরেক নেতাও সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। দুটি ক্ষেত্রেই দ্বন্দ্বটা স্পষ্ট। কিন্তু এসব অভ্যন্তরীণ দ্বন্দ্বই তাঁদের হত্যার কারণ কি না, তা তদন্তের বিষয়। সব রাজনৈতিক ও সাংগঠনিক বিবেচনার ঊর্ধ্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের বিষয়টিই সবচেয়ে জরুরি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের সেই সদিচ্ছা থাকলে উভয় শিক্ষার্থীর হত্যাকারীদের শনাক্ত এবং গ্রেপ্তার করে আইনানুগ বিচার করা মোটেও কঠিন কিছু নয়।