বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশে জনসংখ্যার একটি বড় অংশ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। সন্তানদের মুখে দুই মুঠো অন্ন জোগান দেওয়া তাঁদের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। পড়াশোনার ব্যাপারে আগ্রহী হলেও সবার পক্ষে সন্তানদের উপযুক্ত মানে গড়ে তোলা সম্ভব হয় না।
দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা প্রাথমিক পর্যায়ে শিক্ষা গ্রহণ করলেও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে তাদের উপস্থিতি নগণ্য। শিক্ষার এসব ক্ষেত্রে সরকারের আর্থিক সহায়তার কারণে স্বল্পসংখ্যক নাগরিককে শিক্ষিত করে গড়ে তোলা গেলেও বিশ্ববিদ্যালয় পর্যায়ে সবার জন্য শিক্ষাবৃত্তি না থাকার কারণে জাতির বৃহদংশ উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে তেমনিভাবে প্রফেশনাল, ইভনিং ইত্যাদির নাম করেও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তাদের অনুসরণ করে চলেছে, যা অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো জনগণের টাকায় চলে। এখানে বাণিজ্যিক চিন্তাধারা বাদ দেওয়া আবশ্যক।
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাবী শিক্ষার্থীরা অধ্যয়ন করেন। তাঁদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে সহায়তা করা সরকারের নৈতিক দায়িত্ব ও কর্তব্য বিধায় অধ্যয়নের অযৌক্তিক খরচ লাঘব করে সর্বস্তরে শিক্ষাবৃত্তি চালু করে জাতিকে মেধা ও জ্ঞান অর্জন করার সুযোগ প্রদান করলে দেশ এগিয়ে গিয়ে এক শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করা সহজ হবে।
দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানই বাণিজ্যনির্ভরতা থেকে বেরিয়ে এসে জাতির কল্যাণে শিক্ষার সব শাখা-প্রশাখায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এগিয়ে এসে ভূমিকা রাখতে পারে, বিশেষ করে উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র বিশ্ববিদ্যালয়গুলোতে সর্বস্তরের শিক্ষার্থীদের জন্য অনতিবিলম্বে শিক্ষাবৃত্তি চালু করে এ ভূমিকা আরও কার্যকর করতে পারে।
মো. তাজুল ইসলাম খান, গেন্ডারিয়া, ঢাকা।