বিশ্ববিদ্যালয়ে সেশনজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক অস্থিরতায় ভর্তি পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস ও পরীক্ষাগুলো ঠিকমতো না হওয়ায় স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের এই উদ্বেগ গোটা দেশের শিক্ষাঙ্গন, বিশেষ করে উচ্চশিক্ষার নাজুক পরিস্থিতির কথাই মনে করিয়ে দেয়।
বছর খানেক ধরেই দেশে রাজনৈতিক অস্থিরতা, সংঘাত ও সহিংসতার কারণে শিক্ষাঙ্গন প্রায় নিশ্চল হয়ে পড়ে। ফলে অন্যান্য শ্রেণীর ক্লাস ও পরীক্ষার সঙ্গে স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা হতে পারেনি অনেক বিশ্ববিদ্যালয়ে। গত বছরের আগস্ট মাসে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর ছয় মাসেরও অধিক সময় পার হয়ে গেছে।
উল্লেখ করা প্রয়োজন, দীর্ঘদিনের চেষ্টার পর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট অনেকটা কমিয়ে আনা সম্ভব হয়েছিল। কিন্তু রাজনৈতিক সংঘাত-সংঘর্ষ সবকিছু তছনছ করে দেয়। সেমিস্টার পদ্ধতির পাঠ্যক্রমে কোনো একটি সেশনে জট পড়লে সব সেশনেই তার প্রভাব পড়ে।
যেকোনো রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের প্রথম শিকার হয় শিক্ষাঙ্গন ও শিক্ষার্থীরা। এই অবস্থা থেকে বেরিয়ে আসার স্থায়ী সমাধান হলো শিক্ষাঙ্গনকে রাজনৈতিক কর্মসূচির বাইরে রাখা। কীভাবে সেশনজট থেকে শিক্ষার্থীদের মুক্তি দেওয়া যাবে, সেটি উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদই ঠিক করবে। তবে এ মুহূর্তে স্নাতক সম্মান শ্রেণীর ভর্তির প্রক্রিয়াটি শেষ করা দরকার, যাতে লাখ লাখ শিক্ষার্থীর উদ্বেগ ও অপেক্ষার অবসান হয়। এ ব্যাপারে সমন্বিত পরীক্ষাপদ্ধতির কথাও কর্তৃপক্ষ ভাবতে পারে। তাতে শিক্ষার্থীদের সময় ও অর্থ যেমন সাশ্রয় হবে, তেমনি হয়রানি কমবে।
দ্বিতীয়ত, ক্লাস ও পরীক্ষা না হওয়ায় যে সময়টি বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে, সেটির উত্তরণে তাদের পরিকল্পিতভাবে এগোতে হবে। যেসব বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি দুই দিন, সেসব বিশ্ববিদ্যালয় এক দিন ছুটি কমিয়ে এনে বকেয়া ক্লাস ও পরীক্ষা নিয়ে নেওয়া যেতে পারে। এ ছাড়া শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটির পরিমাণও কমিয়ে ক্লাস-পরীক্ষা হালনাগাদ করা যায়।
পাঠ্যক্রম পরিচালনা তথা পরীক্ষা গ্রহণ এবং ফল প্রকাশের ব্যাপারে বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু স্বাধীন, সেহেতু তারাই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। প্রয়োজনে তারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়েরও সহযোগিতা নিতে পারে।