বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য যা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতবিরোধের কারণগুলো নির্ণয় করে একটি যুক্তিসংগত উপায়ে এই অচলাবস্থা নিরসনের জন্য বিভিন্ন মহল থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এ কথা মাথায় রেখে যে রাজনীতি হচ্ছে সমন্বয় ও আপসের মধ্য দিয়ে সম্ভাব্য এবং সময়োপযোগী উপায় অর্জনের শিল্প। তবে জনস্বার্থই হবে সেই আপসের উদ্দেশ্য। কারণ, জনগণের জন্যই রাষ্ট্র ও সংবিধান।

২. তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তনের পর থেকে তাদের অধীনে এ পর্যন্ত তিনটি সংসদ নির্বাচন হয়েছে যথাক্রমে ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে। আওয়ামী লীগ সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে সংবিধান পরিবর্তনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছে। আর সে কারণেই অচলাবস্থা তৈরি হয়েছে।

৩. পরিবর্তনের পক্ষে আওয়ামী লীগের যুক্তি হচ্ছে  জবাবদিহি নেই, এমন একদল ব্যক্তির কাছে রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তরের সুযোগ পূর্ণাঙ্গ গণতন্ত্রে নেই। গণতান্ত্রিক দেশগুলোতে বিদায়ী সরকারই অন্তর্বর্তী সরকার হিসেবে বহাল থেকে যায়।

* এক-এগারো ধরনের সরকার আর কখনো আসতে পারবে না।

* সরকার শুধু সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়ন করেছে এবং তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তনের আর কোনো সুযোগ নেই।

* নির্বাচন কমিশন পুনর্গঠনের মাধ্যমে আরও শক্তিশালী ও স্বাধীন করা হয়েছে।

* বর্তমান সরকারের আমলে এবং গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকারের হাজার হাজার জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি দেশের পাঁচটি সিটি করপোরেশনে অনুষ্ঠিত নির্বাচনই তার প্রকৃষ্ট উদাহরণ।

৪. তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতির পক্ষে বিএনপির যুক্তি  হচ্ছে সুপ্রিম কোর্টের রায়টি যে পদ্ধতি ও পরিস্থিতিতে দেওয়া হয়েছে, তা বিতর্কিত। প্রধান বিচারপতি অবসরে যাওয়ার আগে প্রথম সংক্ষিপ্ত রায়টি ঘোষণা করেন। এতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আরও অন্তত দুটি মেয়াদে নির্বাচন হতে পারে বলে সুপারিশ করা হয়। কিন্তু পূর্ণাঙ্গ রায়ে এই অংশটি বাদ দেওয়া হয়েছে। অথচ এটি প্রধান বিচারপতি অবসর গ্রহণের পর একজন সাধারণ নাগরিক হিসেবে দিয়েছেন।

* জাতীয় সংসদের একটি বিশেষ কমিটি আদালতের রায়টি পরীক্ষা-নিরীক্ষা করে আরও দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের সুপারিশ করেছিল। কিন্তু এসব সুপারিশ উপেক্ষা করে সংসদে তড়িঘড়ি করে পঞ্চদশ সংশোধনী পাস করা হয়।

* উপজেলা পরিষদের চেয়ারম্যান, একাধিক সিটি করপোরেশনের প্রশাসক, সরকারের মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে অনেকেই নির্বাচিত জনপ্রতিনিধি না হয়েও সরকারি দায়িত্ব পালন করে চলেছেন।

* পাঁচটি সিটি করপোরেশনের মেয়র নির্বাচনের সব কটিতেই বিরোধীদলীয় প্রার্থীদের বিজয় সরকারের নিরপেক্ষতা প্রমাণে যথেষ্ট নয়। ক্ষমতাসীন দলের আচরণে বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে।

৫. স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় নির্বাচনের মধ্যে তুলনার চেষ্টাটা অনেক সময় ভুল পথ দেখায় এবং বাস্তবতা থেকে দূরে নিয়ে যায়। স্থানীয় নির্বাচনের পরিসর অত্যন্ত ছোট এবং সেটি জাতীয় সরকারের মতো এতটা সার্বিক প্রভাব বিস্তার করতে পারে না। স্থানীয় সরকার নির্বাচনে গণমাধ্যম, নির্বাচন পর্যবেক্ষক ও শীর্ষনেতাদের সতর্ক নজরদারি থাকে সংসদ নির্বাচনের তুলনায় বেশি। কারণ, সংসদ নির্বাচনে নির্ধারিত আসন বা নির্বাচনী এলাকার বিস্তার অনেক বেশি। কাজেই নির্বাচনের আকার এবং ভোটারদের অংশগ্রহণ ও মনোযোগ বিবেচনায় এই দুই ধরনের নির্বাচনে বিস্তর পার্থক্য রয়েছে।

৬. নির্বাচনকালীন সরকারপদ্ধতির মতো একটি মৌলিক বিষয়ে সংবিধানে গুরুত্বপূর্ণ সংশোধনী আনার ব্যাপারে আওয়ামী লীগের আগ্রহের বিষয়টি অনেকের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। কারণ, দলটির নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতির বেশ কটি বাস্তবায়িত হয়নি। তা ছাড়া এই সংশোধনীর ব্যাপারে মতৈক্যও ছিল না।

৭. নির্বাচন কমিশন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে জনগণের কাছ থেকে যথেষ্ট আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারেনি। সম্প্রতি এটি নিজ ক্ষমতা কমিয়ে আনার যে উদ্যোগ নিয়েছে, তা অনেক পর্যবেক্ষককে হতাশ করেছে এবং এতে প্রতিষ্ঠানটির প্রচ্ছন্ন দুর্বলতা প্রকাশ হয়ে পড়েছে।

৮. স্মরণ করা যেতে পারে, সর্বশেষ বিএনপি সরকার তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতির অপব্যবহার করে রাজনৈতিক সংকট বাড়িয়ে তুলেছিল। তারা প্রধান বিচারপতির অবসরের বয়সসীমা বাড়িয়ে দিয়েছিল। নিজেদের পছন্দের প্রধান বিচারপতিকে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে পাওয়াটাই ছিল তাদের ওই উদ্যোগের আপাত কারণ। আওয়ামী লীগ ও সমমনা রাজনৈতিক দলগুলো তখন ব্যাপক আন্দোলন করে।

৯. পরিপূর্ণ গণতন্ত্রের বিভিন্ন বৈশিষ্ট্যের একটি হচ্ছে বিশ্বাসযোগ্য নির্বাচন। এটি একটি সরকারকে দেশ শাসনের অনুমোদন ও বৈধতা দেয়। একটি সত্যিকারের গণতান্ত্রিক শাসনব্যবস্থায় গণতান্ত্রিক দলগুলোর ভেতরে গণতন্ত্রের চর্চা অপরিহার্য। কিন্তু আমাদের দেশে এ ধরনের চর্চা আসলে নেই। পরিপূর্ণ গণতান্ত্রিক দেশগুলোতে নির্বাচনে পরাজিত দল তাৎক্ষণিকভাবে ফলাফল মেনে নিয়ে বিজয়ীকে অভিনন্দন জানায়। পরাজিত দলের প্রধান নেতা দলীয় পদ থেকে সরে দাঁড়ান এবং নতুন নেতৃত্বকে সুযোগ করে দেন। কিন্তু বাংলাদেশের প্রধান দুটি দল এক বা একাধিকবার নির্বাচনে পরাজিত হলেও কোনো দলের প্রধান নেতা পরাজয়ের দায় স্বীকার করে পদত্যাগ করেননি। ‘সবকিছু বিজয়ীর পক্ষে’ রাখার বিষয়টি এ দেশে এখন একরকম রীতিতে পরিণত হয়েছে। বিরোধী দলকে এখানে সুযোগই দেওয়া হয় না এবং প্রধানমন্ত্রীর সর্বময় ক্ষমতা একটা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছে গেছে।

১০. এ পর্যন্ত কোনো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও অন্য সদস্যরা নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেননি কিংবা পরবর্তী সরকারের কোনো দায়িত্বেও নিযুক্ত হননি। যদি এই ধারাটাকে সম্মান করা হয় এবং শপথ গ্রহণের আগে কোনো ব্যক্তি রাজনৈতিক দল থেকে পদত্যাগ করেন, তাহলে অধিকাংশ সমস্যাই দূর হয়ে যায়।

১১. পূর্ববর্তী পরিচ্ছেদগুলোর পরিপ্রেক্ষিতে সরকার ও বিরোধী দল থেকে ৫ + ৫ জন সাংসদ এবং প্রধান পদে একজন নির্দলীয় ব্যক্তির (রাজনৈতিক দল বা বিচার বিভাগের কেউ নন) সমন্বয়ে একটি সরকার প্রতিষ্ঠার প্রস্তাব বিবেচনা করে দেখা যেতে পারে। কিন্তু এই ফর্মুলা অকার্যকর হওয়ার আশঙ্কা রয়েছে; কারণ এ ধরনের সরকারের সদস্যরা নিজ নিজ দলীয় স্বার্থের দিকে ঝুঁকে পড়তে পারেন। আর এই অন্তর্বর্তী সরকারের সদস্যরা গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে একটি সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন, এমন সম্ভাবনাও কম। ফলে নির্বাচনের নিরপেক্ষতা ব্যাহত হবে।

১২. সুপ্রিম কোর্টের রায় এবং প্রধান দুই দলের বিপরীতমুখী অবস্থানের পরিপ্রেক্ষিতে আসন্ন সংকট থেকে দেশকে উদ্ধারে নিচের দুটি ফর্মুলার কথা বিবেচনা করা যেতে পারে:

ফর্মুলা-১: নির্বাচনকালে যে সরকার বহাল থাকবে, তাকে আমরা অন্তর্বর্তী সরকার অথবা অন্য কোনো সর্বসম্মত নাম দেব। সংবিধানের ৫৮ অনুচ্ছেদে তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত খণ্ডিত অংশটি প্রয়োজনীয়তা বিবেচনায় পরিবর্তন করে আবার আগের রূপে ফিরিয়ে আনা যেতে পারে। এ ক্ষেত্রে আরও অন্তত দুটি মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখার ব্যাপারে সুপ্রিম কোর্টের সুপারিশ বিবেচনায় নেওয়ার সুযোগ রয়েছে। আর প্রধান দুই দলের অবস্থান এবং জনগণের আকাঙ্ক্ষার বিষয়টিও এ ক্ষেত্রে গুরুত্ব পাবে।

ক) বর্তমান সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বিচার বিভাগের কারও পরিবর্তে অন্য একজন ব্যক্তিকে খুঁজে বের করবে। তিনি ১০ জনের একটি দল গঠন করবেন। এই ১১ জনকেই নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।

খ) রাষ্ট্রপতি নিজে সেই সরকারের প্রধান হবেন না।

গ) অন্তর্বর্তী সরকারের সদস্যদের কেউ দায়িত্বে থাকাকালে নির্বাচিত সরকারের জন্য নির্ধারিত কোনো পদ গ্রহণ করবেন না।

ঘ) তাঁরা যদি কোনো রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত হয়ে থাকেন, তাহলে পদত্যাগ করবেন অন্তর্বর্তী সরকারের সদস্য হিসেবে শপথ নেওয়ার আগেই। পরবর্তীকালে নির্বাচিত সরকারের কোনো পদেও তাঁরা নিযুক্ত হতে পারবেন না। 

ফর্মুলা-২: এটি আসলে ফর্মুলা-১-এরই বর্ধিত রূপ। সংশ্লিষ্ট আইনি সীমাবদ্ধতা দূর করাই এর লক্ষ্য।

যেহেতু অন্তর্বর্তী সরকারের প্রধান ব্যক্তিটি সংসদে সব রাজনৈতিক দলের সম্মতির ভিত্তিতে নির্বাচিত হবেন, তাঁকে বাছাইয়ের কাজটি বর্তমান সংসদ বিলুপ্ত হওয়ার আগেই সম্পন্ন করতে হবে। আর এই সংসদে বিষয়টি অনুমোদন করা নিয়ে কোনো ধরনের অচলাবস্থা তৈরি করা উচিত হবে না। অন্তর্বর্তী সরকারের প্রধান নির্বাচনের ধরনটি হবে একজন রাষ্ট্রপতি যেভাবে নির্বাচিত হন, সে রকম। এতে দেশের নেতৃত্বে অনির্বাচিত ব্যক্তিদের দেখতে অনিচ্ছুক দল ও ব্যক্তির আপত্তির কারণ থাকবে না। রাষ্ট্রপতি, স্পিকার ও সংরক্ষিত নারী আসনের সদস্যদের নির্বাচনের জন্য সংসদ সদস্যদের ভোটাধিকার রয়েছে। একই অধিকার তাঁরা প্রয়োগ করতে পারেন অন্তর্বর্তী সরকারপ্রধান নির্বাচনেও।

১৩. অচলাবস্থা নিরসনের জন্য সংবিধান সংশোধনের বিষয়টি জরুরি। টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রথম ধাপ হচ্ছে বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠান, যার মধ্য দিয়ে দেশবাসী পরিপূর্ণ গণতন্ত্রের পথে দীর্ঘ যাত্রা শুরু করবে। দেশের মানুষ এখন বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতার পরিবর্তন দেখার জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে। আর তাই ১৬ কোটি মানুষকে একটি অনিশ্চয়তাময় ও ভয়ংকর ভবিষ্যতের হাত থেকে উদ্ধারের জন্য অবশ্যই সমঝোতার লক্ষ্যে আলোচনায় বসতে হবে বিবদমান দুই দলকে।

নিবন্ধে দি ঢাকা ফোরামের (www.thedhakaforum.com) দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে

ইংরেজি থেকে অনূদিত

সালেহউদ্দিন আহমেদ: সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক।