বিষয় জাতীয় পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রার্থী আর প্রতিদ্বন্দ্বিতাবিহীন একটি নির্বাচনে জাতীয় পার্টিকে ধরে রাখার জন্য সরকার ও সরকারি দল যা করছে, তাকে রাজনৈতিক অশ্লীলতা ছাড়া আর কিছু বলা যাচ্ছে না। এটা পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে, যেকোনো উপায়ে দলটিকে নির্বাচনে আনার জন্য মরিয়া হয়ে উঠেছে সরকার। এখানে রাখঢাকা বা চক্ষুলজ্জার বিষয়টিও বিবেচ্য নয়।
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ একজন স্বৈরশাসক হিসেবেই দেশে পরিচিত ও নিন্দিত। সরকার তাঁর নেতৃত্বাধীন দলটিকে নির্বাচনে আনার জন্য হুমকি, চাপ, প্রলোভন বা প্রয়োজনে দল ভাঙা—সব ধরনের কৌশলই যে বিবেচনায় রেখেছে এবং সুবিধামতো তা প্রয়োগ করছে, সেটা স্পষ্ট। ‘অসুস্থ’ হয়ে এরশাদ সিএমএইচে আছেন বলেই আনুষ্ঠানিকভাবে জানা যাচ্ছে। কিন্তু এই আনুষ্ঠানিক ভাষ্য বিশ্বাসযোগ্য হিসেবে বিবেচনা করা যাচ্ছে না। তাই তাঁর অবস্থানকে সিএমএইচে ‘আটক’ হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
এরই মধ্যে দলটির অধিকাংশ প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য মনোনয়নপত্র তুলে নিয়েছেন। কিন্তু রওশন এরশাদের নেতৃত্বে একটি অংশ এখনো নির্বাচনে যাওয়ার পক্ষ নিয়েছে। এ নিয়ে সরকারি দলের সঙ্গে দেনদরবার ও আলাপ-আলোচনার খবর গণমাধ্যমে আসছে। সরকারি দলের নেতারা তাঁকে নির্বাচনে রাখার জন্য গোপনে ও প্রকাশ্যে দৌড়ঝাঁপ করেই যাচ্ছেন।
এটা বুঝতে কষ্ট হওয়ার কথা নয় যে রওশন এরশাদের সঙ্গে সরকারের এই বোঝাপড়ার চেষ্টার বিষয়টি শুধু রাজনৈতিক সমঝোতার জন্য সাধারণ আলোচনা নয়, এখানে দর-কষাকষির সঙ্গে হয়তো দেনা-পাওনা, সুযোগ-সুবিধা ও নানা প্রলোভনের বিষয়টিও রয়েছে। ফলে সরকার ও সরকারি দলের এই উদ্যোগকে অনৈতিক হিসেবেই বিবেচনা করতে হচ্ছে।
প্রধান বিরোধী দল নির্বাচনে আসছে না। এ অবস্থায় যেকোনো উপায়ে জাতীয় পার্টিকে নির্বাচনে রাখতে সরকার যা করে যাচ্ছে, তা খুবই লজ্জাজনক। এরশাদকে সিএমএইচে ‘আটকে’ রেখে যদি রওশন এরশাদকে নির্বাচনে রাখা যায়, তবে দল হিসেবে জাতীয় পার্টি যে বিভক্ত হয়ে পড়বে, সেটা স্পষ্ট। এটাকে সরকারি উদ্যোগে দল ভাঙা হিসেবেই বিবেচনা করতে হবে। এভাবে নির্বাচন করে সরকারি দল আসলে কী অর্জন করতে চাইছে!