রাজধানীর মিরপুরের পল্লবীতে ঘটে যাওয়া বিহারিদের ওপর স্থানীয় লোকদের বর্বরোচিত হামলা কোনোভাবে মেনে নেওয়ার না৷ এই নৃশংস ঘটনা সচেতন মানুষের হৃদয়ে ঘটিয়েছে রক্তক্ষরণ৷ তালাবদ্ধ ঘরে অগ্নিসংযোগ করে নিরীহ নারী-শিশুকে কয়লায় পরিণত করার দৃষ্টান্ত বাঙালি জাতির ছিল না৷
সারা বিশ্বে বাঙালি একটি শািন্তপ্রিয় জাতি হিসেবে পরিচিত ছিল৷ কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে তারা তাদের দানবীয় চরিত্রই প্রকাশ পেয়েছে৷
প্রতিবছর শবে বরাতে পটকা ও আতশবাজি ফোটানো নতুন কিছু নয়৷ এটা যেমন বাঙালিরা করে আবার বিহারিরাও করে৷ আর গোষ্ঠীস্বার্থের কারণে এ ধরনের হামলার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক৷
বিহারিরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানিদের পক্ষ নিয়েছিল, এ কথা সত্য৷ অনেকে পাকিস্তানি সেনাদের অত্যাচার নির্যাতনেও ইন্ধন জুগিয়েছে৷ কিন্তু তাই বলে একটি জনগোষ্ঠীর ওপর সেই দায় চাপানো যায় না৷ যারা ১৯৭১ সালে অপরাধ করেছে, আইনের মাধ্যমে তাদের বিচার হতে পারে৷ কিন্তু কোনোভাবেই তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়ে হত্যা করা যায় না৷
স্বাধীনতার পর থেকে বিহারিরা বিভিন্ন ক্যাম্পে বসবাস করছেন৷ তাদের স্থায়ী বাড়িঘর নেই৷ সরকারই বিভিন্ন ক্যাম্পে তাদের বসবাসের সুযোগ দিয়েছে৷ সেখানে কারোরই এমন কিছু করা উচিত নয়, যাতে তারা আশ্রয়টুকু হারায়৷ তাদের সঙ্গে বাঙালিদের সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক বিভেদ আছে, তাই বলে এহেন নৃশংস ঘটনা অকল্পনীয়৷ মিরপুরের বিহারি বস্তিতে যারা হামলার ঘটনা ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক৷
ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে জন্য সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক থাকার অনুরোধ করছি৷
মো. ইয়ামিন খান
শ্যামলী, ঢাকা৷