হাঁড়িধোয়া একটি নদীর নাম। নরসিংদী শহরের মধ্য দিয়ে বয়ে গেছে। প্রাতর্ভ্রমণকারীরা বুক ভরে বাতাস নিতে পারত, জেলে খালুই ভরে মাছ ধরতে পারত, কৃষক ফসলের খেতে পানি দিতে পারত, ছোট বাচ্চারা সাঁতার দিতে পারত, একঝাঁক বক উড়ে এসে নদীতীরে সৌন্দর্য ছড়াতে পারত এই হাঁড়িধোয়ায়। সব অসম্ভব হয়ে গেল নদীর কুচকুচে গন্ধযুক্ত কালো পানির কারণে। এ নদীর মাছ কেউ খায় না। জেলে নৌকা নিয়ে নদী পার হয় না। সাপুড়ের দলও এ নদী বাদ দিয়ে ভিন্ন পথ ধরে। দেশের এই রক্তনালি ধীরে ধীরে চোখ বুজতে বসছে। অথচ ঠুলি পড়া জনপ্রতিনিধিরা নির্বিকার। আমরাও তাঁদের কাছে খুব বেশি প্রত্যাশা করি না। কিন্তু করের টাকায় চলা পরিবেশ মন্ত্রণালয়ের কর্তারা কী করছেন? তাঁরা কি এই নদীর মরে যাওয়ার প্রতিবেদন তৈরি করেননি?
আমাদের জোর দাবি, হাঁড়িধোয়ার সীমানা চিহ্নিত করে খনন করা হোক। নদীর পাশে অবস্থিত শিল্প-কারখানার বর্জ্য যথাযথ প্রক্রিয়ায় নিষ্কাশনের ব্যবস্থা করা হোক। কোনো বর্জ্য যেন আর নদীতে ফেলা না হয়। তবেই হয়তো এ নদীর স্বচ্ছ পানির বুকে আবার ঝাঁপ দিতে পারবে শিশুর দল এবং বলা যাবে, নদী বাঁচলেই দেশ বাঁচে।
নাজমুল আলম
সংস্কৃতিকর্মী, নরসিংদী।