বুয়েট ছাত্রের ফরিয়াদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১-১২ শিক্ষাবর্ষে মেডিকেলসহ কয়েকটি প্রকৌশল ও সাধারণ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও দেশের সবচেয়ে মেধাবীরা অধ্যয়ন করেন জেনে বুয়েটে ভর্তি হই। ক্লাস শুরুর কিছুদিন পরই শুরু হয় কতিপয় অনিয়মের বিরুদ্ধে বুয়েট শিক্ষক সমিতির ডাকে উপাচার্যবিরোধী আন্দোলন। এ কারণে দুই মাসের অধিক সময় বুয়েট বন্ধ থাকে। যদিও আন্দোলনের সময় বুয়েট শিক্ষক সমিতির বিতরণকৃত এক প্রচারপত্রে একাডেমিক প্রোগ্রামের সাময়িক ক্ষতিতে দুঃখ প্রকাশ  করা হয়। বুয়েটে স্বাভাবিক অবস্থা ফিরে এলে এ ক্ষতিপূরণে প্রয়োজনে ছুটির দিনেও ক্লাস নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু পরবর্তী সময়ে এই বিষয়ে পদক্ষেপ দেখা যায়নি।

কয়েক মাস আগে শুরু হয় দেশে রাজনৈতিক অস্থিরতা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজে সাপ্তাহিক ছুটি এক দিন হলেও বুয়েটে সাপ্তাহিক ছুটি দুই দিন, বৃহস্পতি ও শুক্রবার। বুয়েট থেকে কয়েক শ গজ দূরে অবস্থিত ঢাকা মেডিকেল কলেজে হরতালের দিনে ক্লাস-পরীক্ষা চালু থাকে। হরতাল শুরুর পর পরই সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাস নেওয়া শুরু করে অর্থাৎ সপ্তাহে সাত দিনই সেখানে ক্লাস-পরীক্ষা হচ্ছে।

অনেক বিলম্বে বুয়েটের রেজিস্ট্রার এক বিজ্ঞপ্তিতে গত ১৩ এপ্রিল থেকে প্রতি বৃহস্পতিবার বিভাগীয় প্রধানের অনুমতি নিয়ে শিক্ষকেরা অতিরিক্ত ক্লাস নিতে পারবেন বলে জানালেও আমি যে বিভাগে পড়ছি সেখানে গত এক মাসে শুধু এক বৃহস্পতিবার ক্লাস নেওয়া হয়েছে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজসহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সেখানে তৃতীয় টার্মের পরীক্ষা শুরু হতে যাচ্ছে সেখানে বুয়েটে সবেমাত্র প্রথম টার্ম শেষ হয়ে দ্বিতীয় টার্মের ক্লাস চলছে। বুয়েট কর্তৃপক্ষের উদাসীনতায় মনে হচ্ছে একই সেশনে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দু-এক বছর আগে শিক্ষাজীবন শেষ করে কর্মজীবনে প্রবেশ করবেন, বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পাবেন।

তাই বুয়েটকে সেশনজটমুক্ত করে শিক্ষার্থীদের হতাশা দূর করার জন্য সাপ্তাহিক ছুটি এক দিন প্রবর্তন, পরীক্ষার আগে প্রস্তুতিমূলক ছুটিসহ অন্যান্য ছুটি কমানো, ঐতিহ্যবাহী বুয়েটকে বাঁচানোর জন্য কর্তৃপক্ষের ত্বরিত হস্তক্ষেপ কামনা করছি।

নাম প্রকাশে অনিচ্ছুক

যন্ত্রকৌশল বিভাগের জনৈক ছাত্র

বুয়েট, ঢাকা