বেকারত্বের অশনিসংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেকারত্ব বাড়ছে এবং আগামী বছরও বাড়বে বলে আশঙ্কা। কিন্তু সরকারের দিক থেকে এ পরিস্থিতি মোকাবিলার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ শ্রমশক্তি জরিপ অনুসারে বার্ষিক বেকারত্ব বৃদ্ধির ২০১০ সালের হার বর্তমানেও বজায় রয়েছে। এ হারে বেকারত্ব বাড়তে থাকলে আগামী বছর বেকার মানুষের সংখ্যা ৩৩ লাখ হতে পারে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ। তবে বেকারত্বের প্রকৃত হার সরকার কমিয়ে দেখায় বলেও অর্থনীতিবিদদের একাংশ এবং বিশ্বব্যাংকের তরফে প্রশ্ন ও বিতর্ক রয়েছে। বিষয়টি গুরুতর এবং এ ব্যাপারে বৃহৎ কর্মপরিকল্পনা থাকা চাই।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের বেকারত্বের হার নিচের দিকে হলেও আত্মসন্তুষ্টির সুযোগ নেই৷ আইএলওর সংজ্ঞা অনুযায়ী সরকারি হিসাবে প্রতিবছর প্রায় ৫ শতাংশ করে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। অর্থনীতির সূচকে বড় ঘটনা না হলেও সংখ্যার দিক থেকে সেটা ব্যাপক—প্রায় ৩৩ লাখ। আইএলওর সংজ্ঞাটি উন্নত অর্থনীতির দেশের জন্য প্রযোজ্য বলে যাঁরা মনে করেন, তাঁদের হিসাবে বেকারত্ব বৃদ্ধির হার ১৪ দশমিক ২ শতাংশ। অন্যদিকে প্রভাবশালী ব্রিটিশ ম্যাগাজিন ইকোনমিস্ট পত্রিকার ইনটেলিজেন্স ইউনিট দেখিয়েছে যে বাংলাদেশে স্নাতকদের ৪৭ শতাংশই বেকার। এ পরিস্থিতি মোটেই সুখবর দিচ্ছে না; বরং কর্মসংস্থান-সংকট যে ক্রমেই ঘনীভূত হচ্ছে, এসব তারই ইঙ্গিত।
বড় জনসংখ্যার এই দেশে যা হতে পারে আশীর্বাদ, তা রাষ্ট্রীয় গাফিলতিতে সমস্যায় পরিণত হচ্ছে। বিরাট জনসংখ্যা মানে বড় জনশক্তি। এই বড় শ্রমশক্তির সুবাদেই বাংলাদেশ সস্তা শ্রমের দেশ। যার সুফল হিসেবে পোশাক খাতসহ শিল্প খাত দাঁড়িয়ে আছে এবং বিদেশে শ্রমশক্তি রপ্তানি চলতে পারছে। এই দুটি খাতের বিকাশে রাষ্ট্রের ভূমিকা থাকলেও সেই ভূমিকা আরও বাড়ানোর সুযোগ রয়েছে। দেশে শিল্পায়ন না বাড়লে বেকারত্ব কমার সুযোগ কম। বিশেষত, জাহাজনির্মাণ, আসবাব ও চামড়াশিল্পে বাংলাদেশের সফল হওয়ার সব সুযোগ থাকা সত্ত্বেও এ খাতে যথেষ্ট বিনিয়োগ হচ্ছে না। বিনিয়োগ আনা এবং তার সদ্ব্যবহারের দায়িত্ব সরকার এড়াতে পারে না। দ্বিতীয়ত, আমাদের শ্রমশক্তিকে উচ্চতর প্রশিক্ষণ দিয়ে বিদেশের শ্রমবাজার সুনিশ্চিতভাবেই বাড়ানো সম্ভব। এ জন্য দরকার উপযুক্ত নীতিমালার অধীনে দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক উদ্যোগ। এর দায়িত্ব সরকারের। বেকারত্বের হার প্রমাণ করছে যে শ্রমঘন শিল্পায়ন এবং শ্রমশক্তির দরকারি ব্যবহারে সরকারের ব্যর্থতা রয়েছে। আর এটা চলতে থাকলে প্রবৃদ্ধিও বাড়বে না, দেশও মধ্য আয়ের অর্থনীতিতে পরিণত হতে বিলম্ব হবে।
ভারতে বেকারত্ব, মুদ্রাস্ফীতি ও দুর্নীতির কারণে অতিষ্ঠ জনগণ বিগত সরকারকে নির্বাচনে শাস্তি দিয়েছে। বেকারত্ব বাড়তে থাকলে তা যে অস্থিরতা সৃষ্টি করবে, তা কারও জন্যই ভালো হবে না। সময় থাকতেই সরকারের কাজে নেমে পড়া প্রয়োজন।