দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রায় ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। এরপর ২০১৩ সাল পর্যন্ত আর কোনো প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়নি। ২০১৩ সালের ৯ জানুয়ারি তাঁর কন্যা শেখ হাসিনা প্রায় ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন।
তিন ধাপে দেশের সব এমপিওভুক্ত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থায়ীভাবে নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, অস্থায়ী নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঠদানের অনুমতিপ্রাপ্ত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, এমপিওবহির্ভূত কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়, সরকারি অর্থায়নে প্রতিষ্ঠিত এনজিও প্রাথমিক বিদ্যালয় এবং পাঠদানের জন্য অনুমতির অপেক্ষায় থাকা প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করার ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী ২০১৩ সালের ১ জানুয়ারি থেকে সব এমপিওভুক্ত ১ জুলাই থেকে কিছু এবং যাচাই-বাছাই শেষে অবশিষ্ট প্রাথমিক বিদ্যালয় ২০১৪ সালের জানুয়ারি মাসের মধ্যে জাতীয়করণের কাজ শেষ হওয়ার কথা। কথা অনুযায়ী হয়েছেও তাই। এটা নিঃসন্দেহে সাধুবাদ পাওয়ার মতো।
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা প্রতি মাসে প্রায় পাঁচ হাজার টাকা করে বেতন পেতেন। চাকরি সরকারি হওয়ার পরও তাঁরা প্রায় নয় মাস শুধু তাঁদের মূল বেতনটুকু করে পাচ্ছিলেন। এর পর থেকে তাঁদের আর কোনো বেতনই দেওয়া হচ্ছে না। তাঁদের বেতন আর দেওয়া হবে না, এমনটি নয়। শিক্ষাপ্রতিষ্ঠান এবং ওই প্রতিষ্ঠানের সব শিক্ষককে জাতীয়করণ করে গেজেট প্রকাশিত হয়েছে। এখন বেতন বন্ধ থাকার কোনো কারণই নেই। কর্তৃপক্ষের উদাসীনতা অথবা অবহেলার কারণে জাতীয়করণ হওয়া লক্ষাধিক শিক্ষকের বেতন আটকা পড়ে আছে। বেতন নির্ধারণ করার নীতিমালাও প্রণীত হয়েছে। কয়েকটি পর্যায়ে কীভাবে সেই বেতন প্রদান করা হবে, তা-ও উল্লেখ করা হয়েছে। সবকিছু হওয়ার পরও বেতন বন্ধ রাখাটা শুধু অমানবিকই নয়, রীতিমতো শাস্তিযোগ্য অপরাধ। যদি কোনো যৌক্তিক কারণে বেতন নির্ধারণ করাবিষয়ক জটিলতা থাকত, তাহলে তাঁরা যে মূল বেতনটুকু করে পাচ্ছিলেন, সেটুকু তো বন্ধ করা ঠিক হয়নি।
সামান্য বেতনে যাঁরা প্রাথমিক বিদ্যালয়ের বেসরকারি চাকরি করতেন, তাঁদের কোনো টাকা জমানোর সুযোগ ছিল না। রাষ্ট্রের এই সামান্য বেতনভোগী শিক্ষকদের এক মাস বেতন বন্ধ থাকলে তাঁদের পরিবার চালানো ভীষণ কষ্টকর হয়ে ওঠে। চাকরি জাতীয়করণের আনন্দ এখন তাঁদের বিষাদে রূপ নিয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষকদের কষ্ট দেওয়াটা একবারেই অকারণ।
সরকার সামগ্রিকভাবে প্রাথমিক শিক্ষকদের সমস্যা সমাধানে আন্তরিকতার পরিচয় দিচ্ছে না। অনেক আন্দোলনের মুখে সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি জাতীয়করণ, বেতন বৃদ্ধি এবং পদমর্যাদা বৃদ্ধি করতে হচ্ছে। দুই বছর ধরে প্রাথমিক শিক্ষকদের নানামুখী আন্দোলন চলছে। যাঁরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এর আগে থেকে চাকরি করছেন, তাঁরা তাঁদের বেতন এবং পদমর্যাদা বৃদ্ধির জন্য আন্দোলন করছিলেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করাসহ সহকারী শিক্ষকদের তার থেকে এক ধাপ নিচে উন্নীত করার জন্য আন্দোলন চলছিল। বারবার শোনাও যাচ্ছে যে প্রধান শিক্ষকদের পদমর্যাদা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়েছে। এ কথা ঠিক নয়। প্রধান শিক্ষকদের প্রশিক্ষণসহ ছয় হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করতে হলে মূল বেতন আট হাজার টাকা হতে হবে।
প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধির আগে প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকেরা বেতন পেতেন পাঁচ হাজার ২০০ টাকা এবং প্রশিক্ষণের পর বেতন পেতেন পাঁচ হাজার ৫০০ টাকা মূল বেতনে। বেতন বৃদ্ধির পর প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকের বেতন পাঁচ হাজার ৯০০ টাকা এবং প্রশিক্ষণের পর ছয় হাজার ৪০০ টাকা মূল বেতন। সহকারী শিক্ষকদের আগের বেতন ছিল প্রশিক্ষণবিহীনদের চার হাজার ৭০০ টাকা এবং প্রশিক্ষণের পর চার হাজার ৯০০ টাকা মূল বেতন। বেতন বৃদ্ধির পর প্রশিক্ষণ ছাড়া চার হাজার ৯০০ এবং প্রশিক্ষণের পর পাঁচ হাজার ২০০ টাকা মূল বেতন। দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দিতে হলে মূল বেতন আট হাজার টাকা হওয়ার কথা। প্রধান শিক্ষকদের সঙ্গে সহকারী শিক্ষকদের বেতন পার্থক্য বেশি
হওয়ার কারণে সহকারী শিক্ষকেরা আবার আন্দোলনের কর্মসূচি দিয়েছেন।
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদা মুখে মুখে দ্বিতীয় শ্রেণী না করে কার্যত দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা প্রয়োজন। নতুন করে শিক্ষকদের পদ বিন্যাস করা প্রয়োজন। পদগুলো সহকারী শিক্ষক, সিনিয়র সহকারী শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক করা প্রয়োজন। প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগ না দিয়ে যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে সহকারী শিক্ষকদের পদোন্নতি দিয়ে পর্যায়ক্রমে প্রধান শিক্ষক পদে পদোন্নতি হওয়া প্রয়োজন। এতে করে এক পদে সারা জীবন থাকার যন্ত্রণাও দূর হবে, আবার পদোন্নতি পদ্ধতি থাকার কারণে চাকরি আনন্দময় হয়ে উঠবে। নতুন করে সরকারি হওয়া কম যোগ্যতাসম্পন্ন শিক্ষক যাতে প্রধান শিক্ষক হতে না পারেন, সে বিষয়টি লক্ষ রাখা প্রয়োজন।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা যে সময়-শ্রম-মেধা দিয়ে দেশের জন্য সেবা করেন, তাঁদের সেই সময়-শ্রম-মেধার যথাযথ মূল্যায়ন হওয়া জরুরি। যে লক্ষাধিক শিক্ষকের বেতন বন্ধ আছে এবং শিক্ষকদের বেতন এবং ্পদমর্যাদা নিয়ে যে আন্দোলন হচ্ছে, তার দ্রুত ইতিবাচক সমাধান প্রয়োজন।
তুহিন ওয়াদুদ: শিক্ষক, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
[email protected]