পত্রপত্রিকা ও বিভিন্ন উৎস থেকে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হচ্ছে। আর সহকারী প্রাথমিক শিক্ষকের বেতন প্রধান শিক্ষকের তিন ধাপ নিচে অর্থাৎ প্রধান শিক্ষক ১১তম গ্রেডে (৬৪০০/-) এবং সহকারী শিক্ষকের ১৪তম গ্রেডে (৫২০০/-) রাখা হয়েছে। যা শুরুতেই সৃষ্টি করবে ব্যাপক বৈষম্যের।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শ্রেণীকার্য পরিচালনা থেকে শুরু করে নানা আনুষঙ্গিক কাজে ব্যস্ত থাকতে হয় সক্রিয়ভাবে। বিদ্যালয়ের যাবতীয় দায়িত্ব বাস্তবায়নের ভার কখনো কাগজে-কলমে, কখনো অঘোষিতভাবে তাদের ওপর ন্যস্ত থাকে। বিদ্যালয়ে সাংস্কৃতিক, ক্রীড়া, বনভোজন (শিক্ষা সফর) ইত্যাদি নানাবিধ কার্যক্রমে আয়োজনে ও পরিচালনায় সহকারী শিক্ষকদের উপস্থিতি এবং ভূমিকা থাকে প্রশংসনীয়। এ ছাড়া শিশু জরিপ, গণনা, ভোটার তালিকা ইত্যাদি বিভিন্ন মাঠপর্যায়ের কাজে সহকারী শিক্ষকেরা সরাসরি অংশগ্রহণ করেন।
যদি প্রধান শিক্ষক ১১ গ্রেডে এবং সহকারী শিক্ষক ১৪ গ্রেডে করা হয়, তবে কর্মক্ষেত্রে এর বিরূপ প্রভাব পড়তে পারে। এতে সহকারী শিক্ষকদের কর্মস্পৃহাতেও ভাটা পড়তে পারে। কেননা, তারা অনেকটাই হতাশাগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত হবেন। তাই সার্বিক দিক বিবেচনা করে নতুন বেতনকাঠামোতে সহকারী শিক্ষকের বেতন প্রধান শিক্ষকের বেতনের এক ধাপ নিচে রাখা হোক। তা না হলে ভবিষ্যতে প্রধান ও সহকারীর মধ্যে বিরাট আর্থিক পার্থক্যের সৃষ্টি হবে এবং সৃষ্টি হবে সমন্বয়-সংকট।
প্রাথমিকে একটি বিশাল অংশজুড়ে রয়েছেন সহকারী শিক্ষকেরা। তাঁদের অবদান কিংবা ভূমিকা ছোট করে দেখার সুযোগ নেই। বরং সময়ের সঙ্গে প্রয়োজন তাঁদের জীবনযাত্রার মান উন্নত করা। কিন্তু এভাবে যদি বেতন নির্ধারণ করা হয়, তবে তা হতাশার সৃষ্টি করবে প্রতিটি ক্ষেত্রে। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবে।
সঞ্জয় কুমার ভৌমিক
বসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।