বেসরকারি টিভি চ্যানেলে বিটিভির সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিন দুপুরের পর দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিটিভির দুপুরের সংবাদ ঘটা করে সম্প্রচারিত হতে দেখা যায়৷ বিটিভির সংবাদ কেন এসব চ্যানেলে সম্প্রচার করা হয় এবং এর মাধ্যমে বিটিভি, তথা সরকারের কী ধরনের লক্ষ্য এবং তা কতটুকু অর্জিত হয়, তা অনেকেরই বোধগম্য নয়৷ অবশ্য সরকার কর্তৃক বেসরকারি টিভি চ্যানেলগুলোকে লাইসেন্স অনুমতি প্রদানের অন্যতম শর্ত পালন, তথা বাধ্যবাধকতার কারণেই এমনটি করে থাকে বলেই সবার ধারণা৷ এতে অবশ্য লাইসেন্স দানকারী কর্তৃপক্ষের কর্তৃত্বপরায়ণতা ফোটে, সন্দেহ নেই৷ তবে এ ধরনের শর্ত আরোপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চিন্তাচেতনার দীনতারই বহিঃপ্রকাশ বলে বিবেচিত হয়৷ কারণ, শর্ত পূরণের আবশ্যকতার দরুন বেসরকারি চ্যানেলগুলোকে বিটিভির দুপুরের সংবাদ সম্প্রচারে বাধ্য করা গেলেও যাদের উদ্দেশ্য এটি প্রচার করা হয়, অর্থাৎ টিভির দর্শক-শ্রোতাকে ওই সংবাদ শ্রবণ ও দর্শনে বাধ্য করা সম্ভব নয়৷ কেউ যদি বিটিভির সংবাদে বিশেষ আগ্রহী হন, তাহলে তিনি বিটিভির চ্যানেল বা বিটিভি স্যাটেলাইট চ্যানেলে তা অনায়াসে পূরণ করতে পারেন৷
দেশে বেসরকারি টিভি চ্যানেল চালুর পর থেকে তুলনামূলক বিচারে সেগুলোর তুলনায় সংবাদের সামগ্রিক মান ও আকর্ষণে অনেক পিছিয়ে থাকায় বিটিভির সংবাদের প্রতি দর্শক-শ্রোতার আগ্রহ অনেক কম৷ বিটিভির কিছু কিছু বিনোদনমূলক অনুষ্ঠান, শিক্ষামূলক অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠান বেশ ভালো মানের হলেও সংবাদের ক্ষেত্রে বলতে গেলে জন্মলগ্ন থেকেই বিটিভির সংবাদ দর্শক-শ্রোতার প্রত্যাশা পূরণে অনেক পিছিয়ে৷ অথচ বিটিভির এমন মানহীন, অনাকর্ষণীয় সংবাদ দর্শক-শ্রোতাকে জোর করে গেলানোর চেষ্টা হাস্যকর প্রচেষ্টা বলে গণ্য হতে বাধ্য৷ বিশেষ করে বর্তমান স্যাটেলাইট যুগে যখন সারা বিশ্বের সংবাদ প্রতিমুহূর্তে মানুষের হাতের নাগলে, তখন এ ধরনের যেকোনো প্রচেষ্টা বা চিন্তাভাবনা নিতান্তই বেমানান ও বাস্তববিবর্জিত বলেই মনে হয়৷
শাহীদুল আযম
উত্তর টোলারবাগ, মিরপুর, ঢাকা৷