বেসরকারি বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের তুঘলকি কাণ্ডের আরেক নিদর্শন ১৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পর আরও সাতটির অনুমোদন। আগের ৫৪টি বিশ্ববিদ্যালয় যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে নতুন অনুমোদন কেবল বিড়ম্বনাই সৃষ্টি করবে না, বরং এই সেক্টরকে ঝুঁকির মধ্যে ফেলে দেবে।
অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউজিসি কর্তৃক প্রদত্ত শর্ত পূরণ করতে পারেনি। স্থায়ী ক্যাম্পাসে যেতে পেরেছে হাতে গোনা কয়েকটি। অন্যগুলোর অবস্থা শোচনীয়। শিক্ষার গুণগত মানের দিকে নেই নজর। ইউজিসির তদারকি চোখে পড়ে না। এমনকি ইউজিসি কর্তৃক নিয়োগকৃত প্রতিনিধির কী কাজ তা আজ পর্যন্ত পরিলক্ষিত হয়নি। অপ্রতুল শ্রেণীকক্ষ, শিক্ষকস্বল্পতা, ছাত্রছাত্রীর অপ্রতুলতা, মালিকানা দ্বন্দ্ব ইত্যাদি সমস্যা নিত্যনৈমিত্তিক।
বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় মালিকানা-সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে একাধিক ক্যাম্পাসে চলছে আলাদা আলাদাভাবে। মানা হয় না কোনো নিয়মনীতি। শিক্ষকদের দেওয়া হয় না সময়মতো বেতন। থাকে না কোনো বেতন স্কেল, দেওয়া হয় না কোনো বোনাস বা উৎসব ভাতা। মাসিক বেতন একজন স্কুলশিক্ষকের সমান।
শিক্ষক নিয়োগে মানা হয় না কোনো নিয়মনীতি। ট্রাস্টি বোর্ডের সভা হয় নিয়ম রক্ষার্থে। ইউজিসির কার্যক্রম আছে বলে মনে হয় না। তাদের তদারকি লোকবলের যেমন অভাব আছে, সদিচ্ছারও অভাব। আর সঙ্গে থাকে রাজনৈতিক বিবেচনা। শিক্ষা জাতির মেরুদণ্ড কেবল প্রবাদেই, আমাদের দেশে তা কাজে নেই।
জিল্লুর রহমান
শিক্ষক, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ, ঢাকা।