দেশের শিক্ষা কার্যক্রমে বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষক (প্রায় ৯০%) বেসরকারি পর্যায়ের। দেশের শিক্ষা বিস্তারে এ পর্যায়ের শিক্ষক ও প্রতিষ্ঠানের অবদান সন্তোষজনক। কিন্তু সুযোগ-সুবিধা ও বেতনব্যবস্থায় বেসরকারি পর্যায়ের শিক্ষকেরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। একই ধরনের দায়িত্ব পালন করেও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা সরকারি পর্যায়ের তুলনায় অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তফাত হচ্ছে শিক্ষক নিয়োগ-প্রক্রিয়ায় ভিন্ন কাঠামো এবং যার কারণে শিক্ষাব্যবস্থায় পার্থক্য সৃষ্টি করা হয়েছে। এ অবস্থা নিরসনের জন্য বিভিন্ন মহল থেকে জোরালো দাবি থাকলেও এর কোনো কাঠামোগত সমাধান হয়নি। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের নিয়ন্ত্রণে বা অনুরূপ সংস্থার অধীনে সব শিক্ষাপ্রতিষ্ঠানে (বিশ্ববিদ্যালয় বাদে) অভিন্ন পদ্ধতিতে শিক্ষক নিয়োগের দাবি ও প্রয়োজন থাকলেও তার সন্তোষজনক সমাধান গড়ে ওঠেনি। অর্থাৎ, বিভিন্ন মহল ও শিক্ষক সংগঠনের পক্ষ থেকে শিক্ষকদের চাকরি জাতীয়করণের জোরালো দাবি সমাধানের উপায় সরকার গ্রহণ করেননি।
শিক্ষকদের প্রতি মাসে মূল বেতন স্কেলের বেতন-ভাতা দেওয়া হলেও তার কোনো নির্দিষ্ট দিন-তারিখ নির্ধারণ নেই। পূর্ববর্তী মাসের বেতন পেতে পরবর্তী মাসের ১৫-২০ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হয়, যা শিক্ষক পরিবারের চলমান জীবনধারাকে ব্যাহত করে থাকে।
বাস্তবে আরও দেখা যায়, একজন শিক্ষক মূল বেতন স্কেলের মাত্র ২৫ শতাংশ ঈদ উৎসব ভাতা পেয়ে থাকেন, যা হাস্যকর। ২৫ শতাংশ ঈদ উৎসব ভাতা, এটা কেমন সমীকরণ, তা শিক্ষকদের কাছে বোধগম্য নয়। গোটা শিক্ষকতা জীবনে একটি মাত্র ইনক্রিমেন্ট-সুবিধা শিক্ষকসমাজের প্রতি বৈষম্যনীতির বহিঃপ্রকাশ।
পদোন্নতিব্যবস্থায় শিক্ষকদের কোণঠাসা করে রাখা হয়েছে। যদিও অনুপাত কোটার মাধ্যমে স্বল্পসংখ্যক শিক্ষক সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে থাকেন; কিন্তু এ ব্যবস্থায় শিক্ষকসমাজের বড় অংশ পদোন্নতিসুবিধা থেকে বঞ্চিত হয়। অনুপাত কোটা বাতিল করে বিভাগীয় পরীক্ষার মাধ্যমে শিক্ষকদের পদোন্নতির ব্যবস্থা (সহযোগী অধ্যাপক, অধ্যাপক পদে) নেওয়া হলে মেধাবিকাশে শিক্ষকদের উন্নতি ঘটবে।
তবে আট বছর পর টাইম স্কেলের সুবিধা বর্তমানে শিক্ষকেরা ভোগ করছেন। এর সঙ্গে যোগ হয়েছে সামান্য পরিমাণে বাড়ি ও চিকিৎসাভাতা। যোগ হওয়ার পরও বাড়িভাড়া দাঁড়িয়েছে ৫০০ এবং চিকিৎসাভাতা ৩৫০ টাকা, যা একজন শিক্ষক ও তাঁর পরিবারের জন্য কতটুকু ফলপ্রসূ হতে পারে, ভেবে দেখা দরকার।
শিক্ষকের উন্নয়নের মাধ্যমে শিক্ষার উন্নয়ন ঘটে, যার প্রান্তিক ফল হচ্ছে জাতীয় উন্নয়ন। আর জাতীয় উন্নয়নের স্বার্থেই শিক্ষক উন্নয়নের কাঠামোগত কৌশল গ্রহণ করতে হবে।
তাই রাষ্ট্রীয় চালিকাশক্তিতে দায়িত্বরত শাসকেরা শিক্ষকের সর্বজনীন কল্যাণের বিষয়টি চিন্তা করে পূর্ণাঙ্গ ঈদ উৎসব ভাতা চালু, ইনক্রিমেন্ট-সুবিধা প্রদান এবং পদোন্নতির ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণের জন্য বাস্তবভিত্তিক ব্যবস্থা গড়ে তুলবেন—এ প্রত্যাশা দেশের সব শিক্ষকের।
মো. জিয়াউর রহমান
শিমুলবাড়ী বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ
জলঢাকা, নীলফামারী।