বৈদ্যুতিক খুঁটির পরিবর্তন
চলনবিল-অধ্যুষিত মাঠ ও গ্রামগুলোতে বৈদ্যুতিক কাঠের খুঁটি পরিবর্তন করা খুবই জরুরি।
আজ থেকে প্রায় ২৫-২৬ বছর আগে সংযোগ দেওয়া এসব খুঁটি বর্ষার পানিতে দীর্ঘদিন থাকায় এখন এর কার্যক্ষমতা একেবারে নষ্ট হয়ে কোনোরকমে দাঁড়িয়ে আছে। যার ফলে একটু ঝড় বা বাতাস হওয়ার সঙ্গে সঙ্গেই কোনো কোনো খুঁটি মাটিতে পড়ে যায়। এতে, ছেঁড়া তার মাটিতে পড়ে অনেক মানুষের প্রাণহানি ঘটে এবং সংযোগ বিচ্ছিন্ন গ্রামগুলোতে বিদ্যুতের দুর্ভোগের সীমা থাকে না।
এভাবে দেখা যায়, পাঁচ থেকে সাত দিন, এমনকি ১০ থেকে ১২ দিন পর্যন্ত বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। ফলে, এসব গ্রামের মানুষ বিদ্যুতের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়।
সম্প্রতি চলনবিল অঞ্চলের কিছু এলাকায় এই বৈদ্যুতিক খুঁটি পরিবর্তন করা হলেও, অধিকাংশ এলাকায় তা পরিবর্তন করা হয়নি। কিন্তু এই বৈদ্যুতিক কাঠের খুঁটি পরিবর্তন করে, আধুনিক খুঁটি সংযোগ করলে এই দুর্ভোগ আর হবে না।
এমতাবস্থায়, বর্ষার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই চলনবিল অঞ্চলের সব কাঠের
খুঁটি পরিবর্তন করে, আধুনিক খুঁটিতে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার জন্য পল্লী বিদ্যুৎ সমিতিসহ সংশ্লিষ্ট সবার হস্তক্ষেপ কামনা করছি।
দিলরুবা রিজওয়াল
সিংড়া, নাটোর।