বিরোধী দলের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘিরে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতি মেনে নেওয়া যায় না। এটা ঠিক যে এই কর্মসূচি ঘিরে হরতালের প্রচলিত পিকেটিংয়ের চেয়ে চোরাগোপ্তা হামলার ঘটনাই বেশি হচ্ছে। কিন্তু পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে বলেই প্রতীয়মান হয়।
হরতালের প্রথম দিন শুরুর আগেই গভীর রাতে বিআরটিসির গাবতলী বাস ডিপোতে পার্ক করা বাসে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। রাস্তায় চলমান গাড়ির ওপর পিকেটারদের চোরাগোপ্তা হামলার বিষয়টি হয়তো সব সময় ঠেকানো যায় না, কিন্তু বাস ডিপোর মধ্যে এ ধরনের ঘটনা ঠেকানোর দায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিতেই হবে। বেশ কিছুদিন ধরেই তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, বিভিন্ন ধরনের নাশকতার চেষ্টা চলছে। বাস ডিপোর ভেতরে ঢুকে আগুন লাগানোর ঘটনা এটা প্রমাণ করে যে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিতে তারা ব্যর্থ হয়েছে।
গত রোববার হরতালের প্রথম দিন সিএমএম আদালতের নথি শাখায় আগুন লাগানোর ঘটনা আরও উদ্বেগজনক। এ ধরনের একটি স্পর্শকাতর জায়গায় ঢুকে দুর্বৃত্তরা যদি আগুন লাগিয়ে পালিয়ে যেতে পারে, তবে বোঝা যায়, সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে, তা নিছক কথার কথাই। বিভিন্ন গণমাধ্যম কার্যালয়, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাসভবনসহ অনেক স্থানেই দুর্বৃত্তরা বোমা ও ককটেল হামলা চালিয়ে পালিয়ে যেতে সক্ষম হচ্ছে। ট্রেনে আগুন দেওয়া বা লাইন উপড়ে ফেলার মতো ঘটনাও ঘটছে। এসব সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত ব্যক্তি ও বোমা হামলাকারীরা যেমন অধিকাংশ ক্ষেত্রে ধরা পড়ছে না, তেমনি এসব বোমা ও ককটেলের উৎস বন্ধ করার ক্ষেত্রেও পুলিশ কার্যকর ভূমিকা রাখতে পারছে না।
বোমা ও ককটেল হামলা বা অগ্নিসংযোগসহ এসব তৎপরতা রোধ এবং জড়িত ব্যক্তিদের আটক করা ও বিচারের মুখোমুখি করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা গ্রহণযোগ্য নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ভূমিকার দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেই নিতে হবে।