ব্যবসায় সঠিক নেতৃত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন কর্মকাণ্ডে সাফল্য লাভের জন্য নেতৃত্বের গুণাবলির গুরুত্ব অপরিসীম। শনিবার বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত সম্মেলনে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ফজলে হাসান আবেদ, ঊর্ধ্বতন মার্কিন সেনা কর্মকর্তা রিচার্ড অ্যাম্বার, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সমাজে নেতৃত্বদানকারী ব্যক্তিরা দূরদর্শিতা, নীতিনৈতিকতা ও ব্যবসায়িক কর্মকাণ্ডে স্বচ্ছতার ওপর জোর দিয়েছেন। ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটান প্রজ্ঞাবান নেতৃত্ব। বাংলাদেশের বিভিন্ন সফল উদ্যোগের অভিজ্ঞতা থেকেও এ বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যায়।
বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নেতৃত্ব বাস্তবতা বিবেচনায় নিয়ে এবং দূরবর্তী লক্ষ্যে দৃষ্টি রেখে সিদ্ধান্ত নেন। যেমন শিশু-কিশোর শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখা ও ঝরে পড়ার প্রবণতা রোধে ব্র্যাক সফল দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের প্রবর্তিত ‘এক স্কুল, এক শিক্ষক’পদ্ধতি বিরাজমান বাস্তবতায় লাগসই শিক্ষাপদ্ধতি। এটি উন্নয়নশীল অন্যান্য দেশের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত।
একইভাবে বলা যায়, আমাদের দেশে গ্রামীণফোনসহ বিভিন্ন মুঠোফোন কোম্পানির নেতৃত্বের বিচক্ষণতার ফলে আজ বাংলাদেশে কৃষক থেকে শুরু করে দিনমজুর এমনকি ভিখারির হাতেও মুঠোফোন পৌঁছে গেছে। কৃষি ও কৃষকের সাফল্যের পেছনে আধুনিক প্রযুক্তির সহজলভ্যতা একটি বিরাট ভূমিকা পালন করেছে। এ ক্ষেত্রেও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তি-উদ্যোগ বিশেষ ভূমিকা রেখেছে। আজ জমিতে সেচ, জমির ধরন ও ফসলভেদে প্রয়োজনীয় সার দেওয়া থেকে শুরু করে ধানমাড়াই পর্যন্ত সবকিছুতেই যে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে, তার পেছনে রয়েছে উদ্যোক্তাদের দূরদৃষ্টি ও সৃজনশীল নেতৃত্ব।
ব্যবসা-বাণিজ্যে সাফল্যের জন্য নীতিনৈতিকতা অন্যতম পূর্বশর্ত। নরওয়ের অসলোভিত্তিক বিজনেস ফর পিস ফাউন্ডেশন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লতিফুর রহমানকে ‘বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড ২০১২’ প্রদান করেছিল মূলত ব্যবসায় নৈতিকতা ও দায়িত্বশীলতার জন্য। নৈতিকতা ও ব্যবসা পরস্পরবিরোধী নয়, সফল ব্যবসার অভিজ্ঞতা তা বোঝায়।
ব্যবসায় সাফল্যের জন্য উদ্ভাবনী ক্ষমতার ভূমিকা অনস্বীকার্য। এ জন্য চাই গণতান্ত্রিক পরিবেশ। সরকার ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টি করবে এবং সেই পরিবেশ দেশের তরুণদের ব্যক্তি-উদ্যোগের প্রসার ঘটাবে। ফেসবুকের অন্যতম উদ্যোক্তা মার্ক জাকারবার্গ বা মাইক্রোসফটের বিল গেটসের সাফল্যের পেছনে ছিল সৃজনশীলতা, দূরদৃষ্টি, আধুনিক প্রযুক্তির প্রতি আগ্রহ ও এসব গুণাবলি কাজে লাগানোর উপযুক্ত গণতান্ত্রিক পরিবেশ।
ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটানোর জন্য নেতৃত্বের গুণাবলির পাশাপাশি দরকার কর্মীদের সৃজনশীলতা ও উদ্যম বিকাশে উপযুক্ত প্রণোদনা। প্রকৃত সফল ব্যবসায়ী তাঁর প্রতিষ্ঠানের কর্মীদের কাছ থেকে দায়িত্বশীল কাজ পাওয়ার জন্য তাঁদের উপযুক্ত বেতন-ভাতা ও কাজের উন্নত পরিবেশ নিশ্চিত করেন। এ ক্ষেত্রে নেতৃত্বের বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। শ্রমশৃঙ্খলা রক্ষার স্বার্থেও এটা দরকার। কিছু ব্যর্থতা ও ঘাটতি নিয়েও ব্যবসা-বাণিজ্যে দৃষ্টান্ত স্থাপনে বাংলাদেশ এগিয়ে চলেছে। এখানেই বাংলাদেশের ভবিষ্যৎ।