ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোতে সম্প্রতি বিভিন্ন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে সর্বনিম্ন মেরিট স্কোর ১২০ চাওয়া হয়েছে। অন্যদিকে গত বছর এটা ছিল ১১০। গত বছরের তুলনায় সর্বনিম্ন স্কোর কেন ১০ বাড়ানো হলো, তা আমরা বুঝতে পারছি না।
এতে বিপুলসংখ্যক শিক্ষার্থী বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবেন।
গত বছর এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা নিয়ে বেশ ঝামেলা সৃষ্টি হয়েছিল। যার পরিণতিতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী এই মর্মে ঘোষণা দিয়েছিলেন যে সংশ্লিষ্ট ভর্তি পরীক্ষার নিয়মাবলি ভবিষ্যতে অপরিবর্তিত থাকবে। এর পরিপ্রেক্ষিতে গত বছর ও চলতি বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত মোট জিপিএ সর্বনিম্ন ৮ ও জীববিজ্ঞানে সর্বনিম্ন ৩.৫ চাওয়া হয়। এ ছাড়া পরীক্ষার সিলেবাস ও পরীক্ষা গ্রহণের নিয়ম ও উত্তরপত্র মূল্যায়নের পদ্ধতি অপরিবর্তিত রাখা হয়।
এমতাবস্থায় বিপুলসংখ্যক শিক্ষার্থীর আশা-আকাঙ্ক্ষার বিষয় বিবেচনা করে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির জন্য নির্ধারিত সর্বনিম্ন স্কোর ১২০-এর পরিবর্তে গত বছরের মতো ১১০-এ পুনর্নির্ধারণ করা হোক। এটি বিবেচিত হলে অনেক ছাত্রছাত্রী, বিশেষ করে গ্রামাঞ্চলের অনেকে যাঁরা বড় বড় শহরে এসে নামকরা কলেজে পড়তে পারেননি এবং অনেক টাকাপয়সা খরচ করে শহরে থেকে কোচিং করতে পারেননি এবং যাঁদের মেরিট স্কোর শহরের ছাত্রছাত্রীদের তুলনায় কম, তাঁরা ভর্তির সুযোগ পাবেন।
বিষয়টি বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যসচিব, শিক্ষাসচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের পরিচালনা পর্ষদ ও অধ্যক্ষ, বিএমডিসির কর্তৃপক্ষ, বিএমএ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটি কর্তৃপক্ষকে অনুরোধ করছি। এই বিষয়টি সম্পর্কে আমাদের আবেদনের সপক্ষে সমর্থন দেওয়ার জন্য সব রাজনৈতিক দলের নেতা, বিশেষ করে বিরোধীদলীয় নেতাকে অনুরোধ জানাচ্ছি।
আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের এ আবেদন বিবেচনা করবে এবং স্বাস্থ্য অধিদপ্তর অবিলম্বে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে সর্বনিম্ন স্কোর ১২০-এর স্থলে ১১০ পুনর্নির্ধারণ করবে।
মুহিতুল হক
বিসিআইসি কলেজ
মিরপুর, ঢাকা।