কোভিড-১৯–এর আঘাতে অর্থনীতি চুরমার হয়ে যাওয়া, রেকর্ডসংখ্যক বেকারত্ব এবং বিক্ষুব্ধ কৃষকদের দিল্লি ঘেরাওয়ে জনগণের নাভিশ্বাস উঠে গেছে। কিন্তু তাতেও মনে হচ্ছে হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) উন্মাদনায় ভাটা পড়েনি। এবার তারা নতুন এক সংকটের উসকানি দিচ্ছে। সেটি হলো সাংস্কৃতিক লড়াইয়ের উন্মাদনা।
গত নভেম্বরে সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে সেখানকার বিজেপি সরকার একটি নতুন আইন পাস করেছে। রাজ্যটির ক্ষমতাসীন বিজেপি সরকার বলেছে, ‘লাভ জিহাদ’ (বিজেপির ষড়যন্ত্রতত্ত্বের অংশ হিসেবে এ টার্মটি ব্যবহার করা হয়ে থাকে। এর মাধ্যমে বোঝানো হয়, ভারতের মুসলমান পুরুষেরা প্রেমের ছল করে হিন্দু মেয়েদের ধর্মান্তরিত করে বিয়ে করে থাকেন।) মোকাবিলায় এ আইন করা হয়েছে। নতুন এ আইনে বলা হয়েছে, কোনো নারী যদি শুধু বিয়ের লক্ষ্যে ইসলাম ধর্মে দীক্ষিত হন, তাহলে সে বিয়ে আইনের চোখে অবৈধ বলে বিবেচিত হবে।
এ আইনে কোনো নারী বিয়ের পর তাঁর ধর্ম পরিবর্তন করতে চাইলে তাঁকে অনুমতির জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে দরখাস্ত করতে হবে, ম্যাজিস্ট্রেট অনুমতি দিলে তবেই তিনি ধর্মান্তরিত হতে পারবেন। এটি সরাসরি নারী নিপীড়ন ও সাধারণ মানুষের ব্যক্তিগত ও ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ। আইনটি যাঁর মাথা থেকে বের হয়েছে, তিনি হলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী গেরুয়া বসনধারী ধর্মগুরু যোগী আদিত্যনাথ। যিনি ধর্মীয় বিভাজনে উসকানি দেওয়ার জন্য ব্যাপকভাবে পরিচিতি পেয়েছেন।
ভারতীয় সংবিধান নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা ভোগের যে সুযোগ রেখেছিল, তাতে আদিত্যনাথ কুঠারাঘাত করেছেন। চলতি মাসের প্রথম সপ্তাহেই এ আইনে সাতজন মুসলমান ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে তাঁরা দোষী প্রমাণিত হলে তাঁদের ১০ বছরের কারাদণ্ড হবে।
হিন্দু সভ্যতা শুধু সহিষ্ণুতাই শেখায় না, এ সভ্যতা অন্য সভ্যতাকে গ্রহণও করে। কিন্তু বিজেপির নেতৃত্বে এখন ভারতবাসীকে হিন্দুত্ববাদের যে মানে শেখানো হচ্ছে তা ভারতবাসীকে সংকীর্ণমনা করে তুলবে তাতে কোনো সন্দেহ নেই
দীর্ঘ সময় ধরে ভারতের বেশির ভাগ হিন্দু ও মুসলমান তাঁদের সাংস্কৃতিক চর্চার জায়গাটিতে মিলেমিশে ছিলেন। কিন্তু ‘গঙ্গা-যমুনা তেহজাব’ হিসেবে পরিচিত হিন্দু–মুসলমানের ‘সংমিশ্রিত সংস্কৃতি’ এখন হুমকির মুখে পড়েছে। বিজেপি হিন্দু ভোটারদের ভোট নিশ্চিত করতে বেপরোয়াভাবে মুসলিমবিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে। এতে ভারতের মূল প্রাণ সহিষ্ণুতার সংস্কৃতি মারা যাচ্ছে।
এর আগে বিজেপি বাবরি মসজিদ ভেঙে সেখানে রামমন্দির প্রতিষ্ঠার কাজ শুরু করেছে, মুসলমানদের তিন তালাকপ্রথাকে অপরাধ হিসেবে গণ্য করে আইন বানিয়েছে, মুসলিমপ্রধান জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করেছে এবং নাগরিকত্ব সনদ দেখাতে ব্যর্থ হওয়া মুসলমানদের তাড়িয়ে দেওয়াকে সমর্থন করে আইন পাস করেছে। এ সবকিছুরই মূল উদ্দেশ্য মুসলমান নাগরিকদের ওপর সর্বোচ্চ কঠোরতা অবলম্বনের বার্তা দেওয়া। উত্তর প্রদেশের কথিত এ লাভ জিহাদবিরোধী আইন সেই ধারাবাহিকতারই অংশ।
এ লাভ জিহাদবিরোধী উন্মাদনার ঢেউ বিজেপিশাসিত অন্য রাজ্যগুলোতেও পড়তে শুরু করেছে। মধ্যপ্রদেশ ও হরিয়ানার সরকারও ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, তারা উত্তর প্রদেশের আদলে তথাকথিত লাভ জিহাদবিরোধী আইন করবে বলে ঘোষণা দিয়েছে।
মধ্যপ্রদেশের একজন ‘তরুণ নেতা’ আরেক কাঠি সরেস। তিনি সিনেমা ও অন্যান্য ভিডিও কনটেন্ট প্রদর্শনের স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের দুজন নির্বাহীর বিরুদ্ধে মামলা করেছেন। গৌরব তিওয়ারি নামের এই নেতার অভিযোগ, নেটফ্লিক্সে ‘আ সুইটেবল বয়’ নামের একটি ওয়েব সিরিজ মুক্তি দেওয়া হয়েছে, যাতে একটি মন্দিরের বাইরে একজন হিন্দু অভিনেত্রী ও একজন মুসলমান অভিনেতাকে চুমু খেতে দেখা গেছে। তিওয়ারি বলেছেন, এ দৃশ্য ‘লাভ জিহাদ’কে উৎসাহিত করবে, এ কারণে তিনি এ কনটেন্টকে নেটফ্লিক্স থেকে সরাতে বলেছেন। তিওয়ারির অভিযোগকে খারিজ না করে সে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র অভিযোগটি তদন্ত করার নির্দেশ দিয়েছেন।
শুধু মুসলমানবিদ্বেষই নয়, বিজেপির অন্যতম শরিক বজরং দল হুমকি দিয়েছে, বড়দিনে কোনো হিন্দু গির্জায় গিয়ে খ্রিষ্টানদের অনুষ্ঠানে শামিল হলে তাঁকে সাজা পেতে হবে। ভ্যালেন্টাইনস ডে উদ্যাপনেরও তারা ঘোরবিরোধী। কারণ, তারা মনে করে ভালোবাসা দিবস উদ্যাপন হিন্দু সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক।
মজার বিষয় হলো, ভারতের কথিত হিন্দুত্ববাদের ধারক–বাহকেরা ভুলে গেছেন বাইরে থেকে আসা গ্রিক, মুসলিম ও ব্রিটিশদের সংস্কৃতি ভারতীয় সংস্কৃতিকে ঋদ্ধ করেছে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, হিন্দু সভ্যতা শুধু সহিষ্ণুতাই শেখায় না, এ সভ্যতা অন্য সভ্যতাকে গ্রহণও করে। কিন্তু বিজেপির নেতৃত্বে এখন ভারতবাসীকে হিন্দুত্ববাদের যে মানে শেখানো হচ্ছে তা ভারতবাসীকে সংকীর্ণমনা করে তুলবে তাতে কোনো সন্দেহ নেই।
ইংরেজি থেকে অনূদিত স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
শশী থারুর ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও জাতিসংঘের সাবেক সহকারী মহাসচিব