ভারতীয় সিনেমা ও মুক্তিযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ একটি স্বাধীন দেশ। ১৯৭১ সালে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে ৩০ লাখ রক্তের বিনিময়ে দুই লাখ মা-বোনের ইজ্জতের দামে অর্জিত হয়েছে বাংলাদেশ নামক দেশটির। এর জন্য গোটা জাতিকে চরম মূল্য দিতে হয়েছে, তার মেধাবী সন্তানকে হারাতে হয়েছে, যে জাতির জন্য ৩০ লাখ লোক শহীদ হয়েছেন, দুই লাখ মা-বোন ইজ্জত হারিয়েছেন, খেয়ে না-খেয়ে, বনে-জঙ্গলে থেকে, ডোবা-পুকুরে-ধানখেতে মাথা লুকিয়ে, বিনিদ্রিত রাত যাপন করে যুদ্ধ করেছেন ছেলে-বুড়ো-ছাত্র-শিক্ষক-কৃষক-আনসার-পুলিশ-ব্যবসায়ী-কর্মী-সমর্থক-নেতা, সেটা ভুলিয়ে দিতে চেয়েছে এক ভারতীয় চলচ্চিত্র।
ভারত-পাকিস্তান যুদ্ধের ফলেই জন্ম হয় বাংলাদেশ নামক দুঃখ-দুর্দশাগ্রস্ত একটা জাতির। ৯৩ হাজার সেনাসহ ভারতীয় বাহিনীর কাছে জেনারেল নিয়াজির নেতৃত্বে আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনী। মূলত বাংলাদেশ নিয়েই ভারত-পাকিস্তান যুদ্ধ। যুদ্ধে ভারত জিতে বলেই বাংলাদেশ পৃথিবীর বুকে নাম লেখাল।
সরকারি দল, বিরোধী দল, সাংবাদিক, সম্পাদক, লেখক, অধ্যাপক, শিক্ষক, ছাত্র, স্বাধীনতার পক্ষের সংগঠক, রাজনীতির মঞ্চ দাপানো নেতা, কর্মী, সমর্থক অর্থাৎ যাঁরা দেশপ্রেমিক তাঁরা কীভাবে কথাগুলো হজম করলেন ভাবতে খুব কষ্ট হচ্ছে।
সম্প্রতি ভারতে যশরাজ ফিল্মসের মুক্তি পাওয়া গুন্ডে ছবিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে এভাবেই দেখানো হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের পক্ষশক্তির লেখক-সাংবাদিকেরা কি ভুলে গেছেন মুক্তিযুদ্ধের ইতিহাস? নাকি তাঁরা ছবিটি সম্পর্কে অবগত নন?
আজকালকার আমরা তরুণ-তরুণীরা বাংলাদেশি সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিয়ে ভারতীয় সিনেমার দিকে ঝুঁকছি, তাহলে কি ভারতীয়রা সেটার ফায়দা লুটতে চাচ্ছে? ইতিহাসকে নিজেদের মতো করে বানাতে চাইছে? নাকি বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে তারা আমাদের তরুণ প্রজন্মের মাঝে বিতর্কের বীজ বুনে দিচ্ছে?
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিবেদন, আপনি গণতন্ত্রের অগ্রগামী নেতা। আপনার বাবা দেশের স্বাধীনতাযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। আপনার প্রতি তরুণ প্রজন্মের আস্থা রয়েছে। আপনিই পারেন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির এ ধরনের উদ্যোগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। একদিকে ভারতীয় সিনেমার প্রতি তরুণদের আগ্রহ, আর সেখানে যদি ইতিহাস বিকৃতি হয়, তবে দেশের নতুন প্রজন্ম ইতিহাস সম্পর্কে ভুল শিক্ষা পাবে।
মো. মেহেদী হাসান
উপজেলা মোড়, সৈয়দপুর, নীলফামারী।