২০১৮ সালের মার্চ মাসেও ৪০ ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে হেঁটেই ১৮০ কিলোমিটার পথ পেছনে ফেলে বলিউডের শহর মুম্বাইয়ে পৌঁছেছিলেন মহারাষ্ট্রের ৫০ হাজার কৃষক। প্রথম আলোতে তার পরপরই আমি লিখেছিলাম, ‘তাঁরা মুম্বাই এলেন, দেখলেন ও জয় করলেন। ১২ মার্চ বিধানসভার বৈঠকের আগেই আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সব দাবি মেনে নিল মহারাষ্ট্র রাজ্য সরকার। শুধু কি দাবি! দাবির সঙ্গে সঙ্গে গণমানুষের মনও যে জিতে নিল লাল মিছিল।’
এ বছর করোনা মহামারির মধ্যেও ভারতে কৃষকদের অসন্তোষ ক্রমান্বয়ে বেড়েই চলছিল। সর্বশেষ ভারতের পার্লামেন্টে পাস হওয়া তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এই কৃষি আইনের প্রতিবাদে আবারও বিক্ষোভ করে আসছিলেন তাঁরা। পাঞ্জাব বা হরিয়ানা রাজ্যের কৃষকদের সঙ্গে সঙ্গে আরও অনেক রাজ্যের কৃষকেরা শামিল হয়েছেন এই লড়াইয়ে। তাঁদের আন্দোলনে মোদির বিজেপি সরকারের লোকজন কর্ণপাত করেননি। বরং তাঁরা বলেছেন, এই আইন পাসের মধ্য দিয়ে কৃষকের জন্যই নতুন দিকের উন্মোচন করবেন তাঁরা। যদিও খোদ বিজেপির অনেক এমপিও কণ্ঠভোটের মাধ্যমে পাস করা এই তিনটি বিলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাঁরা বলছেন, নতুন আইনে কৃষি বাজারের (ভারতে ‘মান্ডি’ নামে পরিচিত) ওপর রাজ্যের একচেটিয়া অধিকার আর থাকবে না। এই নিয়ন্ত্রণ একসময় চলে যাবে বিভিন্ন কোম্পানির হাতে। তাই সময় থাকতেই তাঁরা এই বিল বাতিলের জন্য অবস্থান নিয়েছেন।
এবারের লড়াইয়ের প্রস্তুতি ছিল দীর্ঘ। তাঁরা জানেন, এই সরকার সহজে তাঁদের দাবি মেনে নেবে না। তাই তাঁরা নিয়েছেন ছয় মাস লড়াইয়ের প্রস্তুতি। নিজেদের ফসলের ট্রাক্টর ও ট্রলিতে কয়েক মাসের খাবার নিয়ে, দীর্ঘ পথযাত্রার প্রস্তুতি নিয়ে, এই শীত কিংবা করোনাকে পেছনে ফেলে লড়াইয়ের প্রস্তুতি নিয়েই তাঁরা এগিয়েছেন দিল্লির পথে। কোনোভাবেই তাঁদের নিরস্ত করা যায়নি। তাঁদের এই লড়াইয়ের সঙ্গে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেমন মিছিল হয়েছে, একই সঙ্গে শ্রমিক ইউনিয়নের নেতারাও সংহতি জানিয়ে লড়াই চালানোর কথা বলেছেন। এই লড়াইয়ে যুক্ত হচ্ছেন বলিউডের অনেক তারকাও।
পাস হওয়া এই আইনের একটি ধারায় সরকার চাইলেই সরাসরি কৃষকদের কাছ থেকে ফসল কেনা বন্ধ করে দিতে পারে। কৃষকেরা বলছেন, এই আইনের ফলে আদতে লাভ হবে বড় ব্যবসায়ী আর কোম্পানির। মোদির সরকার বড় বড় করপোরেশনের স্বার্থে কাজ করছে। তাই এর বিরুদ্ধে কৃষকেরা লড়ছেন। এটা তাঁদের বাঁচার লড়াই।
ভারতের মতো আমাদের দেশেও বারবার উচ্চারিত হচ্ছে কৃষকদের বঞ্চনা ও বৈষম্যের কথা। আমাদের দেশেও কৃষকেরা ফসলের ন্যায্য দাম পান না, যদিও উৎপাদনের উপকরণের দাম বাড়ছে ক্রমাগত।
‘তোমরা বাংলাকে ভাগ করেছ, কিন্তু আমাদের সংগ্রামকে ভাগ করতে পারোনি, আমাদের লড়াইকে ভাগ করতে পারোনি’—২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ কৃষক সমিতির ত্রয়োদশ জাতীয় সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে এ কথাগুলোই বলেছিলেন সারা ভারত কিষান সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা। খুলনায় অনুষ্ঠিত সে সমাবেশে তিনি আরও বলেছিলেন, ভারতে বিজেপিশাসিত সরকারের অধীনে একদিকে ধর্মীয় সাম্প্রদায়িকতা বিস্তৃত হয়েছে, অন্যদিকে সংকুচিত হয়েছে কৃষকের অধিকার। ইতিমধ্যে ভারতের ১৯১টি কৃষক সংগঠন একত্র হয়েছে। হাজার হাজার কৃষক ও কৃষক সংগঠকদের সঙ্গে আমিও ওই সম্মেলনস্থলে উপস্থিত ছিলাম। কমরেড হান্নান মোল্লার আত্মবিশ্বাসী উচ্চারণে আর মহারাষ্ট্রের আত্মবিশ্বাসী কৃষকদের লড়াই আমাদের অনুপ্রাণিত করেছিল। আন্তর্জাতিক গণমাধ্যমের মারফত কমরেড হান্নান মোল্লার সেই সাহসী উচ্চারণ আবারও শুনছি। মাথায় আগের মামলার সঙ্গে নতুন মামলা নিয়ে লাখো কৃষককে সঙ্গী করে আবারও লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন তিনি।
ভারতের মতো আমাদের দেশেও বারবার উচ্চারিত হচ্ছে কৃষকদের বঞ্চনা ও বৈষম্যের কথা। আমাদের দেশেও কৃষকেরা ফসলের ন্যায্য দাম পান না, যদিও উৎপাদনের উপকরণের দাম বাড়ছে ক্রমাগত। এই করোনা মহামারিতেও কৃষকের সার্টিফিকেট মামলা প্রত্যাহার করা হয়নি। আমাদের কৃষকদের সার, বীজ সবকিছুই বড় বড় কোম্পানি দখল করেছে। কৃষক সর্বস্বান্ত হতে হতে একদিকে কৃষিকাজ ছেড়ে দিচ্ছেন, আর কৃষি চলে যাচ্ছে বেনিয়াদের হাতে।
এখন আলু চাষের মৌসুম আর আমাদের দেশের কৃষকের হাতে বীজআলু নেই। যেহেতু বাজারে আলুর দাম চড়া, এই সুযোগে সিন্ডিকেট করে বীজআলু মার্কেটে ছেড়ে দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে লুটেরারা। আর কৃষক সময়মতো বীজআলু না পেয়ে উদাস বসে আছেন। ধরনা দিয়েও লাভ হচ্ছে না।
আমাদের পাটকল, চিনিকল একাধারে লোকসান দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, অন্যদিকে সরকার কথায় কথায় কৃষকবান্ধব বলে নিজেদের ঘোষণা করে। ভারতের এই বিশাল কৃষক আন্দোলনের খবর এখনো পর্যন্ত ভারতের গণমাধ্যমগুলো ফলাও করে প্রচার করছে না। আমাদের দেশেও এই বিশালসংখ্যক কৃষকের কথা মূল রাজনৈতিক আলোচনায় উপেক্ষিত।
মহারাষ্ট্রের আন্দোলনের মতো এবারের আন্দোলনেও ভারতের কৃষকেরা বিজয়ী হবেন, সেই আশাই দেখা যাচ্ছে। দেশকাল ভেদে শাসক শ্রেণি যদি নিজেদের স্বার্থে এক হতে পারে, তবে শোষিত মানুষেরও উচিত দেশের সীমা পেরিয়ে নিজেদের মৌলিক দাবিগুলো নিয়ে এক হওয়া। শক্তিশালী কৃষক সংগঠন আর সংগঠক তৈরি করে, জনতার শক্তির ওপর ভরসা রেখেই তীব্র লড়াই ছাড়া আর কোনো বিকল্প আমাদের হাতেও নেই।
লাকী আক্তার বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী সদস্য,
luckyakter1971@gmail. com