পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে আজ সোমবার থেকে শুরু হচ্ছে ষোড়শ লোকসভা নির্বাচন। ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষের এ নির্বাচন মোট নয়টি ধাপে অনুষ্ঠিত হয়ে শেষ হবে আগামী ১২ মে। এ নির্বাচনকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা-আগ্রহ শুধু ভারতের জনগণের মধ্যেই নয়, রয়েছে পুরো দক্ষিণ এশিয়ায়। এমনকি পশ্চিমা সংবাদমাধ্যমেও এ নির্বাচন গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে
রয়েছে। নিকট প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জনগণেরও এ নিয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে।
ভারতে এবারের লোকসভা নির্বাচনের প্রচারণাপর্বে কংগ্রেস ও বিজেপির নেতৃত্বাধীন দুই জোটের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারণার রূপ লাভ করেছে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বিজেপির নেতা নরেদ্র মোদি ও কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে। গুজরাট দাঙ্গার সঙ্গে সম্পৃক্ততার কারণে নরেন্দ্র মোদিকে নিয়ে প্রবল বিতর্ক থাকা সত্ত্বেও তাঁর জনপ্রিয়তা রাহুল গান্ধীর জন্য বিরাট চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে। ভারতকে যাঁরা অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে দেখতে চান, নরেদ্র মোদির প্রধানমন্ত্রিত্বের সম্ভাবনায় তাঁরা স্পষ্টতই শঙ্কিত। কেননা, তাঁরা মনে করছেন, মোদি প্রধানমন্ত্রী হলে ভারতীয় রাষ্ট্র ও সমাজে সাম্প্রদায়িক বিভাজন বৃদ্ধি পাবে। সে ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে, বিশেষত পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ওপর কী প্রভাব পড়তে পারে, তা নিয়েও কোনো কোনো মহলে শঙ্কা রয়েছে। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভারতীয় জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যে দল বা জোটই সরকার গঠন করুক আর যে নেতাই প্রধানমন্ত্রী হোন না কেন, তার প্রভাব প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের ওপর পড়া উচিত নয়।
আমরা বাংলাদেশের জনগণ ভারতসহ অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতায় বিশ্বাস করি, যা কোনো দেশের সরকার পরিবর্তনের ওপর নির্ভরশীল নয়। যদিও তিস্তার পানিবণ্টন, সীমান্ত নির্ধারণ ও ছিটমহল বিনিময়ের মতো বিভিন্ন সমস্যা অমীমাংসিত রয়েছে, তবু দুই দেশের সহযোগিতা ও সম্প্রীতির সম্পর্ক ক্রমেই গভীরতর হয়েছে। ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। বিশেষত, দক্ষিণ এশিয়ার পূর্বাংশে আঞ্চলিক শান্তি রক্ষায় উভয় দেশের কার্যকর সহযোগিতা আন্তর্জাতিক ও আঞ্চলিক সন্ত্রাসবাদ দমনে সহায়ক হয়েছে। আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে সুদূরপ্রসারী অবকাঠামো পরিকল্পনা গৃহীত হয়েছে, যা বাস্তবায়িত হলে আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য ব্যাপকভাবে সম্প্রসারিত হবে। আমরা মনে করি, ভারতে এই নির্বাচনের মাধ্যমে যে সরকারই আসুক, বন্ধুত্ব ও সহযোগিতার এই ধারা অব্যাহত থাকবে, তিস্তার পানিবণ্টন চুক্তিসহ অন্যান্য অমীমাংসিত সমস্যার সমাধান হবে।
বিশ্বায়ন-প্রক্রিয়ায় বিশ্বের প্রতিটি দেশ একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত হচ্ছে; দক্ষিণ এশিয়ায় বৃহত্তম অর্থনীতির দেশ ভারতের গণতান্ত্রিক অগ্রযাত্রা, অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন, শান্তি-শৃঙ্খলাসহ সামগ্রিক অবস্থার প্রভাব পুরো অঞ্চলের ওপরই পড়ে। বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সুসম্পর্কের ধারাবাহিকতার পাশাপাশি এ অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার ভিত্তিতে একটি শান্তিময় ও সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার স্বপ্ন আমরা দেখি।