ভারতের বুর্জোয়া বিপ্লব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি ২০০৯ সালে যখন ভারতের সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি, সে সময় আমি বিরলপ্রজদের দলেই পড়তাম। আমি কোনো পেশাদার রাজনীতিবিদ ছিলাম না। অন্যদিকে, আমার আসনে ও সারা দেশে অন্যান্য আসনে যেসব ব্যক্তি এই নির্বাচনে অংশগ্রহণ করেন, তাঁরা সবাই রাজনীতির প্রতি জীবন উৎসর্গ করা মানুষ।

কোনো রাজনৈতিক পরিবারে আমার জন্ম হয়নি। উত্তরাধিকারসূত্রে আমি কোনো আসন লাভ করিনি, কোনো রাজনৈতিক জায়গিরও আমার ছিল না। আর রাজনীতিতে প্রবেশের সময় আমার কোনো ‘গডফাদার’ও ছিল না। অনেক দিন ধরে আমি ভারতেও ছিলাম না, কর্মজীবনের একটি বড় অংশ জাতিসংঘে কাটিয়েছি। তার পরও, প্রতিপক্ষ ভারতের কমিউনিস্ট পার্টির প্রার্থীকে এক লাখ ভোটের বড় ব্যবধানে আমি পরাজিত করি, আগের দুটি নির্বাচনে আমার আসনে কমিউনিস্ট পার্টির প্রার্থী বিজয়ী হয়েছিলেন।
এই বিজয়ে ভারতের রাজনীতিতে যত্ন করে গড়ে তোলা দুর্গে ফাটল সৃষ্টি করে। দীর্ঘদিন ধরে তা একটি ক্ষুদ্র ও উত্তরাধিকারভিত্তিক বৃত্তে ঘুরপাক খেয়েছে। এখানে একমাত্র ব্যতিক্রম ছিলেন সিনেমার তারারা,তাঁরা তারকাখ্যাতির তোড়ে ভোটে জয়লাভ করেন, রাজনৈতিক কারণে নয়। যে পেশাদারেরা অন্য ক্ষেত্রে নাম কুড়িয়েছেন, তাঁরা সাধারণত এই ঘরে প্রবেশ করতে পারতেন না।

কিন্তু এটা হয়তো শেষ পর্যন্ত বদলে যাচ্ছে। চলমান সাধারণ নির্বাচনে প্রার্থীদের মধ্যে অরাজনৈতিক প্রার্থীদের সংখ্যা আগের যেকোনো নির্বাচনের চেয়ে বেশি। যেমন, নরেন্দ্র নিলেকানি ভারতের তথ্যপ্রযুক্তির রাজধানী বেঙ্গালুরু থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা। এই আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী পাঁচবার বিজয়ী হয়েছেন।

মুম্বাইয়ে, নব্যপ্রতিষ্ঠিত আম আদমি পার্টি মীরা সান্যালকে মনোনয়ন দিয়েছে, তিনি রয়্যাল ব্যাংক অব স্কটল্যান্ডের ভারত শাখার সাবেক পরিচালনা প্রধান। আর চেন্নাইয়ে কংগ্রেস ইলেকট্রনিকস প্রকৌশলী এস ভি রামানিকে মনোনয়ন দিয়েছে।
এর ফলে ভারতীয় রাজনীতি একটি মৌলিক বাঁক পরিবর্তন করেছে। আগে রাজনীতিিবদেরা সাধারণত হয় খুব উঁচু ঘর থেকে আসতেন, না হয় নিম্নবর্গ থেকে আসতেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতাদের ক্ষেত্রে অবশ্য ভিন্ন ব্যাপার, তাঁরাই মূলত ভারতের রাজনৈতিক শ্রেণি গঠন করেছেন (তাঁদের বংশধরেরা সেই ধারা বজায় রেখেছেন)। রাজনীতি ছিল তাঁদের কাছে উন্নয়নের একমাত্র মাধ্যম।

একটি অতি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সমাজে এই পদ্ধতি গ্রহণের প্রয়োজনীয়তা বোধগম্য। বেতনভুক্ত মধ্যবিত্ত শ্রেণি এরূপ রাজনৈতিক ক্যারিয়ারের ঝুঁকি নিতে পারে না। কিন্তু এতে ভারতীয় রাজনীতির মান পড়ে গেছে। এতে শিক্ষিত পেশাদারেরা রাজনীতির আওতার বাইরে চলে গেছেন, অথচ অন্য কোথাও তাঁরাই গণতান্ত্রিক সরকারের ভিত্তি হিসেবে কাজ করেন।

ইউরোপে মধ্যবিত্ত পেশাদারেরাই রাজনৈতিক দলগুলোর কর্মী, সমর্থক বা প্রার্থী হিসেবে ভূমিকা পালন করেন। আর ভারতে এই শ্রেণি তৎপরতার সময় বের করতে নানা রকম হিসাব কষেন। ভারতের শ্রেণিবিভক্ত সমাজের উচ্চ শ্রেণির হাতে যে পরিমাণ টাকা আছে, তাঁদের হাতে তা নেই। আর নিম্ন শ্রেণিতে যে পরিমাণ ভোট আছে, সেখানেও তাঁদের প্রবেশাধিকার নেই। ফলে মধ্যবিত্ত পেশাদারেরা রাজনীতি থেকে একপ্রকার দূরেই থাকেন।

এই ধরনটার কারণে ভারতীয় রাজনীতিতে জনপ্রিয়তাবাদী ধারাও গড়ে উঠেছে। প্রার্থীরাও সমাজের নিম্ন শ্রেণির কাছেই ভোটের জন্য হাত পাতেন। এতে ভারতীয় মধ্যবিত্ত শ্রেণি যে রাজনীতিবিমুখ হবে, তা খুবই স্বাভাবিক। অনেকেই ভারতীয় রাজনীতি থেকে ‘উচ্চ শ্রেণি’র সম্পর্কচ্ছেদের আওয়াজ তুলেছেন।
সে কারণেই চলমান নির্বাচনে মধ্যবিত্তের অংশগ্রহণ খুবই জরুরি। পুরোনো ধরনটাকে উল্টে ফেলা হলে পরিবর্তনটা আসবে ভারতের অর্থনৈতিক রূপান্তরের কারণে। এই রূপান্তরের কারণে বিপুলসংখ্যক মানুষ মধ্যবিত্ত শ্রেণিভুক্ত হতে পেরেছেন। কঠোর পিরশ্রমী পেশাদারেরা আর মাঠের পাশে বসে খেলা দেখতে চান না, তাঁরাও মাঠে নামতে চান। রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে চান। একই সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ভারতের ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণি অচিরেই ভোটের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার মতো শক্তিশালী হয়ে উঠবে।

নিঃসন্দেহে, ভারতের সংসদে ইতিমধ্যে অনেক তরুণ পেশাজীবী আছেন। তাঁরা হয়তো অতীতে রাজনীতিতে অংশগ্রহণ করতেন না। তাঁদের ভালো ডিগ্রি আছে, দেশ সম্পর্কিত লক্ষ্যও পরিষ্কার। তাঁদের আন্তর্জাতিক অভিজ্ঞতাও ভালো, নতুন নতুন ধারণা নিয়ে তাঁরা টগবগ করে ফুটছেন। সেগুলো প্রকাশ করার সক্ষমতাও তাঁদের আছে। কিন্তু রাজনীতির ময়দানে তাঁরা শিশু। ভারতীয় রাজনীতিতে পরিবারতন্ত্র কিছুটা দুর্বল হলেও তা দূরীভূত হতে এখনো বহু কাঠখড় পোড়াতে হবে।

এই উত্তরাধিকার রাজনীতির ধারা চলমান থাকা সত্ত্বেও এসব তরুণ শিক্ষিত ও ভবিষ্যৎমুখী রাজনীতিিবদ ভারতীয় রাজনীতির মান অনেকাংশে তুলেছেন। এই বাঁক পরিবর্তনকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন এই সুশিক্ষিত পেশাদার তরুণেরা। এই ধারা অব্যাহত থাকলে ভারতীয় মধ্যবিত্ত শ্রেণি আরও অধিকহারে রাজনীতিতে তাদের প্রতিনিধিত্ব দেখবে, যঁাদের সঙ্গে তারা একাত্ম বোধ করতে পারে। আগে রাজনীতি ও রাজনীতিিবদদের প্রতি আনুগত্য দেখানোর জন্য তাদের সব সময় অজুহাত খুঁজতে হতো, এখন আর সেটার প্রয়োজন হবে না। সেটাই হবে ভারতীয় রাজনীতির মুক্তি লাভের পথ, একই সঙ্গে তার মোক্ষ লাভও হবে।

স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট, ইংরেজি থেকে অনূদিত
শশী থারুর: ভারতের মানবসম্পদ উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী৷ লেখক ও কলামিস্ট৷