ভারত - এক দেশ, অনেক সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সীমান্তে ভারতীয় কাঁটাতার
বাংলাদেশ সীমান্তে ভারতীয় কাঁটাতার

ভারত একটি অদ্ভুত দেশ। কারণ, এমন সব বৈপরীত্যে ভরপুর একটি দেশ বিশ্বে অন্য কোনোখানে আছে বলে জানা যায় না। যেমন ধরুন—ভাষা। সাংবিধানিকভাবে ভারতের রাষ্ট্রভাষা একটি—হিন্দি। কিন্তু এই ভাষায় কথা বলে সে দেশের ৪১ ভাগ মানুষ। দক্ষিণ ভারতের মানুষ হিন্দি জানে না বললেই চলে। আবার দাপ্তরিক ভাষা হিসেবে প্রচলিত আছে ইংরেজি। আবার রাজ্যগুলো ইচ্ছা করলে তাদের নিজস্ব ভাষাকে দাপ্তরিক ভাষা হিসেবে বহাল রাখতে পারে। সেদিক দিয়ে বিচার করলে এই মুহূর্তে ভারতে ২২টি দাপ্তরিক ভাষা ব্যবহূত হয়। এমনকি পূজা-অর্চনাও বহুধাবিভক্ত। কদিন পর শারদীয় দুর্গোৎসব। যেখানে বাঙালি নেই, সেখানে এই উৎসব অপরিচিত। ভারত একটি ফেডারেল রাষ্ট্র। রাষ্ট্রটি ২৮টি রাজ্য আর ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত। রাজধানী দিল্লির আবার পৃথক সত্তা। তারও একটি সরকার আছে, আছেন মুখ্যমন্ত্রী। সবাই দিল্লিবাসীর সরাসরি ভোটে নির্বাচিত। রাজ্যগুলো বেশ য়ত্তশাসিত। অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা নিজেরাই নিতে পারে, কিন্তু কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার শুধু কেন্দ্রের। এগুলোর মধ্যে আছে পররাষ্ট্র, প্রতিরক্ষা আর অর্থনীতি। একধরনের ফেডারেল শাসনব্যবস্থা চালু ছিল রোমান আর ওসমানীয় সাম্রাজ্যের আমলে। তবে এটির একটি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্র এখন ৫০টি অঙ্গরাজ্যে বিভক্ত। এসব অঙ্গরাজ্যের আবার নিজস্ব পতাকাও আছে। আছে রাজ্যের নিজস্ব পৃথক নাম, নিজস্ব আইনকানুন তো আছেই। এক রাজ্যে মৃত্যুদণ্ড নিষিদ্ধ হলেও অন্য রাজ্যে তা জায়েজ। কিন্তু কেন্দ্র যদি বিদেশনীতি সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে রাজ্যগুলোর তা বিরোধিতা করার কোনো ক্ষমতা নেই। যেমন এখন যদি ওবামা বলেন, ‘সিরিয়ায় সিরিয়ানরা সিরিয়ান মারছে। এখন আমরা সিরিয়ায় গিয়ে কিছু সিরিয়ান মেরে আসি, যাতে কোনো সিরিয়ান আর সিরিয়ান মারতে না পারে।’ তখন কিন্তু টেক্সাসের রাজ্য সরকার বলতে পারবে না, ‘আমাদের ছেলেরা সিরিয়ায় সিরিয়ান মারতে যাবে না।’ কিন্তু ভারতবর্ষের বর্তমান অবস্থা দেখলে মনে হয়, এমন একটি সিদ্ধান্ত সে দেশের একটি রাজ্য সরকার দিতে পারে। তার প্রধান কারণ সম্ভবত, দিল্লির কেন্দ্রীয় সরকার একাধিক রাজ্য সরকারের কাছে নতজানু, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে তো বটেই। এর একটি কারণ হচ্ছে, কেন্দ্রে মনমোহন সিংয়ের সরকার একটি কোয়ালিশন সরকার এবং তার অংশীদার বা তাদের সমর্থন প্রত্যাহার করলে ইউপিএ সরকার বেকায়দায় পড়তে পারে। আর এমনিতে এখন ভারতের মুদ্রামানে ভয়াবহ ধস নামার কারণে কেন্দ্রীয় সরকারের অবস্থা বেশ নাজুক। এ তো গেল রাজ্য সরকার আর কেন্দ্রের মধ্যকার সম্পর্কের কথা। তবে দিল্লিতে আরেকটি অত্যন্ত অদৃশ্য সরকার আছে, সেটি হচ্ছে সাউথ ব্লক। যাঁরা সাউথ ব্লকের সঙ্গে পরিচিত নন, তাঁদের জ্ঞাতার্থে, তা হচ্ছে কেন্দ্রীয় সচিবালয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই অংশে প্রধানমন্ত্রীর দপ্তর তো আছেই, আরও আছে বিদেশ মন্ত্রণালয় আর প্রতিরক্ষা মন্ত্রণালয়। অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রীরা দক্ষিণ অংশে বসেন। দুটির মাঝখানে বেশ চওড়া রাজপথ। রাষ্ট্রপতি ভবনটাও কাছে। ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোর কাছে সাউথ ব্লকে অবস্থিত বিদেশ মন্ত্রণালয় বেশ গুরুত্বপূর্ণ। পাকিস্তানের কাছে সমানভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ও গুরুত্বপূর্ণ। কারণ, সেই দেশভাগের পর থেকে দুই দেশের মধ্যে একটি যুদ্ধাবস্থা বিরাজ করছে। অন্যান্য দেশের কথা জানি না। সার্বিক বিচারে মনে হওয়ার যথেষ্ট কারণ আছে, দিল্লির বিদেশ মন্ত্রক বাংলাদেশকে তাদের ফুটনোট হিসেবে রেখেছে আর পশ্চিমবঙ্গের মমতা দিদি তো এখন দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার জন্য যা যা করার প্রয়োজন, তার কোনো কিছুই করতে পিছপা হচ্ছেন না। স্বল্পদৃষ্টিসম্পন্ন এই মুখ্যমন্ত্রী এই বাস্তবতাটুকু বুঝতে সম্পূর্ণরূপে ব্যর্থ যে বাংলাদেশের বর্তমান সরকার ভারত তথা পশ্চিমবঙ্গ সরকারের সুবিধার জন্য যা যা করার প্রয়োজন, তার চেয়েও কয়েক গুণ বেশি করেছে। আর কিছু না বুঝুক, এই মুখ্যমন্ত্রীর তো এটা বুঝতে পারা উচিত যে শেখ হাসিনার সরকার অন্তত তাঁর দেশে কঠোর হস্তে জঙ্গিবাদ দমন করার পর ভারতের পার্শ্ববর্তী রাজ্যগুলোকে এখন এই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে না। মমতা বা সাউথ ব্লকের আমলারা না বুঝলেও, ভারতের সাধারণ মানুষ ঠিকই বোঝেন যে ভারতের জনগণের অকৃত্রিম বন্ধু বাংলাদেশ। কিছুদিন আগে সিএনএন-আইবিএন টিভি ভারতীয় ভোটারদের ওপর এক জরিপ চালিয়ে বলেছে, তারা বন্ধু হিসেবে বাংলাদেশকে সবচেয়ে বেশি বিশ্বাস করে, আর সবচেয়ে কম করে পাকিস্তানকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, ভারত পাকিস্তানের ব্যাপারে যত সময় ব্যয় করে, বাংলাদেশের ক্ষেত্রে তার এক ভাগও ব্যয় করে না। কারণ, সম্ভবত তারা ধরে নিয়েছে, বাংলাদেশ কখনো তাদের কথার বাইরে যাবে না। তারা এই সত্যটি ভুলে যায় যে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় সব সময় বঙ্গবন্ধু বা শেখ হাসিনার মতো এমন উদার প্রধানমন্ত্রী না-ও থাকতে পারেন। হয়তো তখন যে সরকার আসবে, সে সরকার নিজ দেশের নদীর ওপর অস্থায়ী বাঁধ দিয়ে ভারতের একটি রাজ্যে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য বিশাল বিশাল যন্ত্রপাতি পরিবহনের ব্যবস্থা করবে না। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশকে তো সবার আগে নিজের স্বার্থ দেখতে হবে। এটি অনস্বীকার্য, আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারত সরকার আর তার জনগণ যে অসাধারণ ভূমিকা রেখেছে, তা এই দেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে। তার অর্থ এই নয় যে বাংলাদেশ তার নিজস্ব স্বার্থ ভুলে গিয়ে সব সময় ভারতের স্বার্থ সংরক্ষণ করবে। এটি কোনো সার্বভৌম দেশ করতে পারে না। হয়তো দিল্লির কেন্দ্রীয় সরকার বাংলাদেশের সঙ্গে বিরাজমান অনেক সমস্যারই সমাধান চায়, কিন্তু সরকারের ভেতর যে সরকারগুলো আছে, তার জন্য তা সম্ভব হয় না। ধরা যেতে পারে তিস্তার পানিবণ্টন বা ছিটমহল বিনিময় চুক্তি। ছিটমহল বিনিময় চুক্তি তো বঙ্গবন্ধু আর ইন্দিরা গান্ধী বেঁচে থাকতেই সমাধান হয়ে যাওয়া উচিত ছিল। ১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা চুক্তি হওয়ার পরপরই বাংলাদেশের জাতীয় সংসদ তা অনুমোদন করেছে। কিন্তু এযাবৎ তা করতে ভারত ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায় এককভাবে তো ভারতের অন্য কারও নয়। মনমোহন সিং অঙ্গীকার করেছিলেন, এবার তা হয়ে যাবে। কিন্তু এখন পর্যন্ত তা হলো না। কারণ, বিজেপি আর তৃণমূল তা রাজ্যসভায় উত্থাপন করতে দেয়নি। তৃণমূলের সাফ কথা, জান দেব তো পশ্চিমবঙ্গের এক ইঞ্চি জমিও বেহাত হতে দেব না। মনমোহন সিং বাংলাদেশে সফরে আসার আগে বললেন, এবার পানিবণ্টন চুক্তি হবে। সঙ্গে আসার কথা মমতা বন্দ্যোপাধ্যায়সহ পার্শ্ববর্তী অন্য রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ২৪ ঘণ্টা আগে জানান, চুক্তি স্বাক্ষর হচ্ছে। সবাই এলেন, এলেন না শুধু মমতা। কারণ, তিস্তা চুক্তিতে তাঁর সায় নেই। এই চুক্তি করলে নাকি তাঁর রাজ্যের ক্ষতি হবে। উজানের নদীগুলো থেকে একতরফাভাবে পানি তুলে নেওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। মমতা আন্তর্জাতিক আইনের থোড়াই তোয়াক্কা করেন। চীন বলছে, তারা উজানে ব্রহ্মপুত্র নদে একাধিক বাঁধ দেবে। এতে ভারত-বাংলাদেশ উভয়ই ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। সবচেয়ে বেশি হবে পশ্চিমবঙ্গ। তখন দিদি ও তৃণমূল কী করবে? তখন কি সরকারের ভেতর এই সরকার বিলুপ্ত হয়ে যাবে? আমাদের ১৫ বছর বয়সী শিশু ফেলানী ২০১১ সালের ৭ জানুয়ারি উত্তরবঙ্গে ভোরবেলায় সীমান্তরেখা বরাবর ভারতের দেওয়া কাঁটাতারের বেড়া পার হতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শুধু নিহতই হলো না, তার নিথর দেহটি কাঁটাতারের বেড়ার ওপর কয়েক ঘণ্টা ঝুলে রইল। এই ছবি পরবর্তী সময়ে বিশ্বের প্রায় সব গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এতে নিশ্চয় ভারতের ইমেজ বাড়েনি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশিদের প্রাণ হারানোর ঘটনা নতুন নয়, যদিও প্রতিবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে তাঁদের সব বড় বড় আমলা এমনকি বিএসএফের প্রধান—সবাই অঙ্গীকার করেন যে এরপর আর হবে না। কিন্তু কেউ কারও কথা রাখেন না। কারণ, ওই সরকারের ভেতরে সরকার। এ নিয়ে বাংলাদেশে গলাবাজিও কম হয় না। গলাবাজিতে সবাইকে টেক্কা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এসব হত্যা হয় আওয়ামী লীগ সরকারের নতজানু বিদেশনীতির কারণে। বাস্তবে বিগত চারদলীয় জোট সরকারের আমলে সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন ৪৩৬ জন। ফখরুদ্দীন সরকারের আমলে ১৭৯ জন। বর্তমান সরকারের আমলে ২৪৯ জন। তাই, বিএনপির নেতাদের গলাবাজি করার কোনো কারণ দেখি না। সুষ্ঠু রাজনীতি করলে বরং এর তীব্র প্রতিবাদ করা উচিত। ফেলানীর ক্ষেত্রে মনে হলো, এবার বুঝি ভিন্ন কিছু একটা হবে। কিছুটা দেরিতে হলেও ভারত এই হত্যাকাণ্ডের জন্য বিচার বসাল। যিনি রাইফেলের গুলিতে ফেলানীকে হত্যা করলেন, সেই অমিয় ঘোষকে বিএসএফের আদালতে (সেনাবাহিনীর কোর্ট মার্শালের আদলে) বিচারের মুখোমুখি করা হলো। ফেলানীর বাবা গিয়ে এই আদালতে সাক্ষ্য দিলেন। আদালত ঘাতককে বেকসুর খালাস দিলেন। বলতে দ্বিধা নেই, এটিও হয়তো ওই সরকারের ভেতর আরেকটি সরকারের নির্দেশেই হয়েছে। অনেকেই বলছেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করা উচিত। যতক্ষণ পর্যন্ত এই ছোট সরকারগুলো বাংলাদেশের ব্যাপারে দিল্লির কেন্দ্রীয় সরকারের ওপর খবরদারি করবে, ততক্ষণ মনে হয় না ভারত-বাংলাদেশের অমীমাংসিত সমস্যাগুলোর সমাধান হবে। আর তার জন্য খেসারত দুই দেশকেই দিতে হবে।
আবদুল মান্নান: সাবেক উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।