আমাদের দেশে সব জায়গাতেই অহরহ ভিক্ষুক দেখা যায়। ভিক্ষাবৃত্তি অত্যন্ত নিম্ন প্রকৃতির একটি কাজ হলেও আয়ের একটি সহজ উপায়। আগে বয়স্ক, অসহায় ও পক্ষাঘাতগ্রস্ত হলে মানুষ ভিক্ষা করত। কিন্তু বর্তমানে শারীরিকভাবে শক্ত-সামর্থ্য একশ্রেণীর ভণ্ড ভিক্ষাবৃত্তিকে তাদের পেশা হিসেবে বেছে নিয়েছে।
অর্থলোভী একশ্রেণীর মানুষ পথশিশুদের ভিক্ষাবৃত্তিতে বাধ্য করছে। এ জন্য তারা অনেক শিশুর অঙ্গহানির মতো অপরাধও করছে। তাদের শেখানো পথ অনুযায়ী এসব শিশু রাস্তাঘাটসহ বিভিন্ন জায়গায় মানুষের গায়ের পোশাক ধরে টানাটানি করে, পা জড়িয়ে ধরে রেখে ভিক্ষা আদায় করে ছাড়ে। বেদে শ্রেণীর একদল নারী ভিক্ষার জন্য এমন বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে যে পথচারীরা বাধ্য হয় টাকা দিতে। টাকা না দিলে বা নির্দিষ্ট পরিমাণের কম দিলে পথচারীদের তারা বিভিন্নভাবে নাজেহাল করে এবং অশালীন ভাষায় গালিগালাজ করে।
আরও একশ্রেণীর ভিক্ষক আছে যারা বাস, ট্রেন, লঞ্চে উঠে তাদের বা তাদের পরিবারের কোনো সদস্যের ভুয়া শারীরিক সমস্যার কথা বলে টাকা আদায় করে যাত্রীদের ঠকায়। এভাবেই মানুষের আবেগের সুযোগে বা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে ভিক্ষুক নামধারী এসব নীরব চাঁদাবাজ অবাধে অর্থ উপার্জন করছে। কাজেই সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ, ভিক্ষক বেশধারী এসব চাঁদাবাজকে যেন কঠোর হস্তে দমন করা হয়।
মাকসুদুল হাসান
দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।