আজকাল ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হচ্ছে। সরকারি-বেসরকারি কিংবা ব্যক্তিপর্যায়ে আন্দোলনে রূপ নিয়েছে। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা, মোকাবিলা, পরিবেশদূষণ মোকাবিলা, কাঠজাতীয় সম্পদের প্রয়োজনে কিংবা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার প্রয়োজনে চলছে বৃক্ষরোপণ। তবে এই বৃক্ষরোপণে একটি বিষয় লক্ষণীয় হয়ে উঠেছে, তা হচ্ছে ভিনদেশীয় বৃক্ষরোপণ। বিশেষ করে ইউক্যালিপটাস বৃক্ষ।
এ বৃক্ষ যেভাবে যত্রতত্র তথা রাস্তার পাশে, কৃষিজমির আলে, বাগান করে, বাড়ির পাশে লাগানো হচ্ছে, তা পরিবেশের ক্ষতি বয়ে আনছে নাকি লাভ হচ্ছে, বিষয়টি ভেবে দেখা দরকার। দ্রুত বর্ধনশীল এ বৃক্ষটি সম্পর্কে ধারণা যে—প্রচুর পানি শোষণ করে, উষ্ণতা বাড়াচ্ছে, জমির উর্বরতা কমায়, এর আর্দ্রতা প্রদানে ছায়া নেই, পাখি বসে না ও বাসা বাঁধে না। এ গাছে পাশের ফলদ বৃক্ষের ফলদান ক্ষমতা সংকুচিত করে ইত্যাদি ইত্যাদি। দ্রুত কাঠ পাওয়ার আশায় কিংবা অর্থ পাওয়ার আশায় এমন ক্ষতিকর বৃক্ষরোপণ নিয়ে ব্যাপক গবেষণা করে প্রচারের ব্যবস্থা করা এবং সচেতনতাও বাড়ানো দরকার।
জানা গেছে, ভারতে এই বৃক্ষ নিয়ে গবেষণা করে বৈজ্ঞানিক সম্মেলনে ক্ষতির দিক চিহ্নিত হওয়ায় অনেক ইউক্যালিপটাসের বাগান ধ্বংস করা হয়েছে। তাই এ বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার।
কঙ্কন সরকার, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।