বাংলাদেশে অনেক কিছুই নকল হয়, তবে জাতীয় পরিচয়পত্র নকল করার বিষয়টি এতটাই সহজ যে মাত্র ৩০-৩৫ টাকাতেই জালকারীরা এটা বানিয়ে দিতে পারেন! গত শুক্রবার রাতে পুলিশের অভিযানে ৫৩ হাজার ভুয়া জাতীয় পরিচয়পত্র উদ্ধার হয়েছে এবং গ্রেপ্তার হয়েছেন দুজন। জাল পরিচয়পত্র বানানোর কাজ যদি এতই সহজ হয় তবে এ ধরনের মামুলি অভিযান চালিয়ে জাতীয় পরিচয়পত্র জালের দৌরাত্ম্য ঠেকানো যাবে না।
বর্তমানে ব্যাংক হিসাব খোলা বা মোবাইল ফোনের সিম কার্ড কেনা থেকে শুরু করে সরকারের কিছু নির্দিষ্ট সেবা প্রাপ্তির ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, যদি ভুয়া পরিচয়পত্র ব্যবহার করেই এসব কাজ করা যায়, তবে পরিচয়পত্রের ব্যবহার বাধ্যতামূলক করে কী লাভ হলো! এটা পরিষ্কার যে ভুয়া পরিচয়পত্র দিয়ে কাজ চলছে এবং সে কারণেই প্রতারক চক্র এ ধরনের জাল জাতীয় পরিচয়পত্র তৈরি করছে।
প্রথম আলোর প্রতিবেদনে পুলিশের এক কর্মকর্তার যে বক্তব্য প্রকাশিত হয়েছে, তাতে জানা যাচ্ছে যে অপরাধীরা মুঠোফোনের সিম কিনতে এসব ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে থাকে। এর অর্থ দাঁড়াচ্ছে, এ ধরনের ভুয়া পরিচয়পত্র দিলেও যাঁরা সিম বিক্রি করেন, তাঁরা তা যাচাই করে দেখেন না বা করতে পারেন না। ফলে, সিম কেনার সময় পরিচয়পত্র দেওয়ার বিষয়টি অর্থহীন হয়ে পড়েছে।
বিভিন্ন ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করার পাশাপাশি ভুয়া পরিচয়পত্র রোধ করতে হলে যা করতে হবে তা হলো, পরিচয়পত্র যাচাই-বাছাই করার বিষয়টি নিশ্চিত করা। সিম বিক্রেতা বা অন্য যেকোনো কর্তৃপক্ষই হোক, তাদের বাধ্য করতে হবে পরিচয়পত্রটি যথার্থ কি না, সে ব্যাপারে নিশ্চিত হতে। এ ক্ষেত্রে গাফিলতি হলে শাস্তির বিধান নিশ্চিত করতে হবে। অন্যদিকে, সেই কর্তৃপক্ষ যাতে সহজে যাচাই করে দেখতে পারে যে পরিচয়পত্রটি যথার্থ কি না, সেই সুযোগও করে দিতে হবে। কারিগরিভাবে কাজটি কঠিন নয়। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে দ্রুত উদ্যোগ নেবে।