ভেজাল ওষুধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবাই জানেন, ঢাকার মিটফোর্ড পাইকারি ওষুধের মার্কেট দেশের মধ্যে সবচেয়ে বড়। সারা দেশের ওষুধের পাইকারি ব্যবসায়ীরা এই মিটফোর্ডের বড় বড় পাইকারি ওষুধের দোকান থেকে ওষুধ কোম্পানির চেয়ে অনেক কম মূল্যে ওষুধ নিয়ে যাচ্ছেন। আর এই পাইকারি ব্যবসার আড়ালে চলছে নকল, ভেজাল ও চোরাইপথে আনা নিষিদ্ধ ওষুধের জমজমাট ব্যবসা। ওষুধ প্রশাসন সব জেনেশুনে চুপ করে আছে। আসলে ওষুধের পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে সারা দেশে ভেজাল, নকল ও নিষিদ্ধ ওষুধ ছড়িয়ে পড়ছে।
বাংলাদেশে পাইকারি ওষুধ বিক্রির কোনো লাইসেন্স দেওয়া হয় না। শুধু খুচরা বিক্রির লাইসেন্স দেওয়া হয়। অথচ ওষুধের পাইকারি ব্যবসায়ীরা খুচরা বিক্রির লাইসেন্সে পাইকারি ওষুধ বিক্রি করছেন, যা ড্রাগস অ্যাক্টে সম্পূর্ণ নিষিদ্ধ। যদি ওষুধের পাইকারি বিক্রি বন্ধ করা যায়, তাহলে পাইকারি বিক্রেতাদের মাধ্যমে ভেজাল, নকল ও নিষিদ্ধ ওষুধের বেআইনি ব্যবসা বন্ধ করা সম্ভব। ওষুধের পাইকারি বিক্রি বন্ধ হলে ওষুধ ব্যবসায়ীরা ওষুধ কোম্পানির কাছ থেকে আসল ওষুধ কিনে ব্যবসা করতে বাধ্য হবে। এ ব্যাপারে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন।
সব ওষুধ কোম্পানি ওষুধের দাম অত্যধিক বাড়ানোর ফলে এবং ভেজাল, নকল ও নিষিদ্ধ ওষুধে বাজার সয়লাব হওয়ার কারণে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। ভেজাল, নকল ও নিষিদ্ধ ওষুধের ভয়াবহ বিস্তার রোধ করতে ওষুধের পাইকারি ব্যবসা বন্ধ করার উদ্যোগ নেওয়া জন্য সরকারের প্রতি অনুরোধ করছি৷
মো. শাহীন আলম, শাহজাদপুর, সিরাজগঞ্জ।